২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের পরের ম্যাচেই একাদশের বাইরে সাকিব

অভিজ্ঞ এই অলরাউন্ডার ছাড়াও আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আরও দুইজন।

অভিষেকের পরের ম্যাচেই একাদশের বাইরে সাকিব
সাকিব আল হাসান। ছবি: এমআই এমিরেটস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে অভিষেকের পরের ম্যাচেই একাদশে জায়গা হারালেন সাকিব আল হাসান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়া খেলছে এমআই এমিরেটস।

গত রোববার শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ থেকে আরও বাদ পড়েছেন দুইজন-আফগানিস্তানের পেসার নাভিন-উল-হাক ও ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। একাদশে এসেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান ও পেসার ফাজালহাক ফারুকি এবং ইংলিশ অভিজ্ঞ পেসার ক্রিস ওকস।

প্রতিযোগিতাটিতে নিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি সাকিব। শারজাহর বিপক্ষে ২ চারে ১২ বলে ১৬ রান করার পর উঠে যান তিনি। তাতে সুদীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো রিটায়ার্ড আউটের স্বাদ পান ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

পরে বল হাতেও দলে কার্যকর ভূমিকা রাখতে পারেননি সাকিব। ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

ম্যাচটিতে ৮ উইকেটে ১৮৫ রান করে ৪ রানের জয় তুলে নেয় এমআই এমিরেটস। আসরে দুই ম্যাচে যা তাদের প্রথম জয়।