২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প‍্যাটারসন-বশের ছোবলে এলোমেলো পাকিস্তান

সেঞ্চুরিয়নে টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১২৯ রানে পিছিয়ে দ. আফ্রিকা।

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 10:45 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

পরপর দুই টেস্টে ক‍্যারিয়ার সেরা বোলিং করলেন ড‍্যান প‍্যাটারসন। অভিষেকে আলো ছড়ালেন কর্বিন বশ। তাদের ছোবলে দুইশ পেরিয়েই থমকে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস। বোলিংয়ে লড়াই করছে পাকিস্তান। তবে সেঞ্চুরিয়ন টেস্টে দলকে লিডের পথে রেখেছেন এইডেন মার্করাম। 

টস হেরে ব‍্যাট করতে নেমে ২১১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৩ উইকেটে ৮২ রানে প্রথম দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। 

৭ উইকেট হাতে নিয়ে স্বাগতিকরা এখনও ১২৯ রানে পিছিয়ে। ৯ চারে ৬৭ বলে ৪৭ রানে ব‍্যাট করছেন ওপেনার মার্করাম। ২৩ বলে ৪ রানে খেলছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

তৃতীয় ওভারে বোল্ড করে টনি ডি জর্জিকে ফেরান খুররম শাহজাদ, ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। দুই চার মেরে শাহজাদের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন রায়ান রিকেলটন। 

২০২১ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নেমে মোহাম্মদ আব্বাস দারুণ এক ডেলিভারিতে ভাঙেন ট্রিস্টান স্টাবসের প্রতিরোধ। এক প্রান্ত আগলে রেখে মার্করাম দ্রুত রান তোলায় দিন শেষে ভালো অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে চার পেসারের দুর্দান্ত বোলিংয়ে ৫৭.৩ ওভারেই পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। 

ব‍্যাটসম‍্যানদের কঠিন পরীক্ষা নিলেও কোনো উইকেট পানননি কাগিসো রাবাদা। তবে সেটাই সহায়ক হয়ে আসে অন‍্য বোলারদের জন‍্য। ৬১ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের সফলতম বোলার প‍্যাটারসন। শ্রীলঙ্কার বিপক্ষে গেবাখায় আগের টেস্টে ৭১ রানে ৫ উইকেট ছিল তার সেরা বোলিং। অভিষেকে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন বশ।  

সুপারস্পোর্ট পার্কে বৃহস্পতিবার সবার পরে বোলিংয়ে আসা বশের হাত ধরেই শিকার শুরু করেন প্রোটিয়া পেসাররা। অভিষেকে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই তিনি নেন শান মাসুদের উইকেট। 

ওয়ানডে সিরিজে দারুণ ভোগানো সাইম আইয়ুবকে টিকতে দেননি প‍্যাটারসন। বাবর আজমকেও দ্রুত বিদায় করেন তিনি। 

ক্রিজে গিয়েই তিনটি চার মারা সাউদ শাকিলকে দ্রুত ফেরান বশ।

৫৬ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান প্রতিরোধ গড়ে কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ানের ব‍্যাটে। আক্রমণে ফেরা প‍্যাটারসনের বলে বাজে শটে কামরানের বিদায়ে ভাঙে তাদের ৮১ রানের জুটি।

ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে এক ছক্কা ও আট চারে কামরান করেন ৫৪ রান। পরের ওভারেই ফেরেন অধিনায়ক রিজওয়ান।

অষ্টম উইকেটে সালমান আগা ও আমের জামালের ৪৭ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে পাকিস্তান। আগ্রাসী ব‍্যাটিং করা জামালকে ফিরিয়ে জুটি ভাঙেন বশ। এরপর বেশি দূর এগোয়নি সফরকারীদের ইনিংস। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৫৭.৩ ওভারে ২১১ (মাসুদ ১৭, সাইম ১৪, বাবর ৪, কামরান ৫৪, শাকিল ১৪, রিজওয়ান ২৭, সালমান ১৮, জামাল ২৮, নাসিম ১১, শাহজাদ ১১, আব্বাস ১০*; রাবাদা ১৪-২-৩৫-০, ইয়ানসেন ১২.৩-১-৪৩-১, প‍্যাটারসন ১৬-৪-৬১-৫, বশ ১৫-৪-৬৩-৪)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২ ওভারে ৮২/৩ (মার্করাম ৪৭*, ডি জর্জি ২, রিকেলটন ৮, স্টাবস ৯, বাভুমা ৪*; শাহজাদ ৮-১-২৮-২, আব্বাস ১০-৩-৩৬-১, নাসিম ৪-০-১০-০)