তামিমকে পেলে দল উপকৃত হতো, বললেন প্রধান নির্বাচক
তামিম ইকবালকে বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র উল্লেখ করে গাজী আশরাফ হোসেন বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজাতে গিয়ে তার অভাব অনুভব করেছেন নির্বাচকরা।
তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই হতাশ করেছে জাতীয় নির্বাচকদের। তাদের সেই হতাশা আরও বেড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড তৈরি করার সময়। তামিমের মতো একজনের অভাব অনুভব করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোববার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘোষণা করা হয়েছে ১৫ জনের দল। এর আগে সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানালে নিশ্চিতভাবেই এই দলে থাকতেন তিনি। নির্বাচকরা তো বটেই, তামিমকে ফেরাতে অধিনায়ক শান্তও নিজ থেকে চেষ্টা করেছেন। তবে নির্বাচক ও অধিনায়কের কোনো চেষ্টা কাজে লাগেনি। নিজের ভাবনায় অটল থেকে ৩৯১ ম্যাচের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন তামিম।
দীর্ঘ ক্যারিয়ারে ৪টি ওয়ানডে বিশ্বকাপ ও ৬টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তামিম। ২০১৭ সালে খেলেছেন ক্যারিয়ারের একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গোটা ক্যারিয়ারের মতো ওই টুর্নামেন্টেও দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তামিম।
ইংল্যান্ডে ওই আসরে চার ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৯৩ রান করেছিলেন বাঁহাতি ওপেনার।
এছাড়া চলতি বিপিএলেও খুব খারাপ ফর্মে নেই তামিম। ফরচুন বরিশালের জার্সিতে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ৪০.২৫ গড়, ১৫১.৮৮ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৬১ রান। এর আগে এনসিএল টি-টোয়েন্টিতে চার ম্যাচে ৬৩.৩৩ গড় ও ১৫০.৭৯ স্ট্রাইক রেটে ১৯১ রান করেছিলেন চট্টগ্রামের ওপেনার।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ বললেন, দল গঠনের সময় তামিমকে মনে পড়েছে তাদের।
“তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে যদি বড় টুর্নামেন্টে আমরা পেতাম, তাহলে দল অনেক উপকৃত হতো। কোনো সন্দেহ নেই। মাঠে তার উপস্থিতি... তার ব্যাট কথা বলছে, তিনি ভালো ছন্দে ছিলেন। আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল, তিনি হয়তো এই টুর্নামেন্ট খেলবেন।”
“এটা (অবসর) তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। বাংলাদেশ ক্রিকেটের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে। তিনি দলে থাকলে আমার মনে হয় দল অনেক উপকৃত হতো। বিশেষ করে টপ-অর্ডার অনেক উপকৃত হতো।”
