২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপস-মিচেলের ব্যাটে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশড আয়ারল্যান্ড

তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতল নিউ জিল্যান্ড।

ফিলিপস-মিচেলের ব্যাটে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশড আয়ারল্যান্ড

ম্যাচ ও সিরিজের সেরা গ্লেন ফিলিপস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 01:44 AM

Updated : 23 Jul 2022, 01:44 AM

গ্লেন ফিলিপস আউট হতে পারতেন শুরুতে। তার ক্যাচ ফেলে দিলেন হ্যারি টেক্টর। জীবন পেয়ে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান উপহার দিলেন আরেকটি ফিফটি। তার সঙ্গে চমৎকার জুটির পথে ড্যারিল মিচেল খেললেন ঝড়ো ইনিংস। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল কিউইরা।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুক্রবার নিউ জিল্যান্ডের জয় ৬ উইকেটে। বেলফাস্টে ১৭৫ রানের লক্ষ্য সফরকারীরা পেরিয়ে যায় ৬ বল বাকি থাকতে।

৪৪ বলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ৫৬ রানের ইনিংসে ম্যাচের সেরা ফিলিপস। ৩২ বলে ৫ চার ও একটি ছক্কায় ৪৮ রান করেন মিচেল। স্রেফ ৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রানের ক্যামিওতে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন জেমস নিশাম।

আয়ারল্যান্ড বড় পুঁজি পেয়েছিল মূলত মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্পারের শেষের তাণ্ডবে। অ্যাডায়ার ১৫ বলে ৪টি ছক্কা ও দুটি চারে করেন অপরাজিত ৩৭ রান। ৮ বলে অপরাজিত ১৯ রান করেন ক্যাম্পার। পরে বোলিংয়ে আশা জাগানিয়া শুরুর পর ছন্দ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিংয়ের ব্যাটে ভালো সূচনা পায় আয়ারল্যান্ড। প্রথম ওভারে তিনি ছক্কা-চার মারেন জ্যাকব ডাফিকে। পরের ওভারে ব্লেয়ার টিকনারকে মারেন টানা দুটি চার।

পঞ্চম ওভারে ৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে অধিনায়ক অ্যান্ডি বালবার্নির বিদায়ে (১০)। তিন নম্বরে নেমে ১৯ বলে ৫ চারে ২৮ রান করেন লর্কান টাকার। স্টার্লিংয়ের ২৯ বলে ৩টি করে চার-ছক্কায় গড়া ৪০ রানের ইনিংস থামে ইশ সোধির বলে ক্যাচ দিয়ে।

এরপর হঠাৎ পথ হারিয়ে বসে আইরিশরা। ১ উইকেটে ৭৯ থেকে তাদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১৬। তবে সপ্তম উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে উপহার দেন ক্যাম্পার ও অ্যাডায়ার। শেষ ৩ ওভারেই আসে ৫০ রান।

নিউ জিল্যান্ডের হয়ে টিকনার ও সোধি নেন ২টি করে উইকেট। আগের ম্যাচে পাঁচ বল করে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া মাইকেল ব্রেওয়েল এদিন বলই হাতে পাননি।

রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় নিউ জিল্যান্ড। দ্বিতীয় ওভারে উইল ইয়াংকে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে বিদায় নেন ফিন অ্যালেন। ঝড়ো ফিফটিতে আগের ম্যাচের নায়ক ড্যান ক্লিভার এবার যেতে পারেননি দুই অঙ্কে।

মার্টিন গাপটিল দুটি ছক্কা ও একটি চার মেরে থামেন ১৯ বলে ২৫ রান করে। তখন অষ্টম ওভারে ৬৬ রানে ৩ উইকেট নেই নিউ জিল্যান্ডের।

ফিলিপসকে ১৩ রানে ফেরানোর সুযোগ হাতছাড়া করেন টেক্টর। জীবন পেয়ে মিচেলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তিনি।

মিচেলের বিদায়ে ৫৩ বলে ৮২ রানের জুটি ভাঙল যখন, ম্যাচ তখন নিউ জিল্যান্ডের মুঠোয়। নিশামকে নিয়ে বাকিটা সারেন ফিলিপস।

সিরিজে ফিলিপস ফিফটি করলেন দুটি। প্রথম ম্যাচে ৫২ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে জয়ের নায়ক ছিলেন তিনিই। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭৪/৬ (স্টার্লিং ৪০, বালবার্নি ১০, টাকার ২৮, টেক্টর ২৩, ডেলানি ২, ডকরেল ১০, ক্যাম্পার ১৯*, অ্যাডায়ার ৩৭*; ডাফি ৪-০-৪৭-১, টিকনার ৪-০-৩৫-২, নিশাম ৪-০-৩১-০, স্যান্টনার ৩-০-২৮-০, সোধি ৪-০-২৭-২, মিচেল ১-০-৬-১)

নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৮০/৪ (গাপটিল ২৫, অ্যালেন ১৪, ক্লিভার ৫, ফিলিপস ৫৬*, মিচেল ৪৮, নিশাম ২৩*; অ্যাডায়ার ৩-০-২২-০, ইয়াং ৪-০-৪৯-১, লিটল ৪-০-৩৩-২, ম্যাককার্থি ২-০-১২-০, ক্যাম্পার ৩-০-৩৬-০, ডকরেল ২-০-১৩-১, ডেলানি ১-০-৯-০)

ফল: নিউ জিল্যান্ড ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জয়ী নিউ জিল্যান্ড

ম্যান অব দা ম্যাচ: গ্লেন ফিলিপস

ম্যান অব দা সিরিজ: গ্লেন ফিলিপস।