সাকিবের জন্য জাতীয় দলের ‘দরজা সবসময় খোলা’
গ্লোবাল সুপার লিগে খেলতে থাকা সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান।
বাংলাদেশ জাতীয় দল খেলছে শ্রীলঙ্কায় আর ব্যাট-বল হাতে সাকিব আল হাসানের ব্যস্ত সময় যাচ্ছে গায়ানায়। এক বছর আগেও এমন কিছু ভাবা ছিল কঠিন। কিন্তু গত অক্টোবর থেকে এটিই এখন বাস্তবতা। তবে অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান।
গত বছর শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি সাকিব। তবে এই সময়ের মধ্যেই সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে টেস্ট সিরিজে খেলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। কিন্তু এরপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গত অক্টোবরে দেশে ফেরার পথেই ছিলেন সাকিব। কিন্তু নিরাপত্তাশঙ্কার কারণে দুবাই থেকে ফিরে যান আপাতত যুক্তরাষ্ট্রে থিতু হওয়া অভিজ্ঞ অলরাউন্ডার।
ওই সময় আবার প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ায় বেশ কয়েক মাস খেলা থেকে দূরে থাকেন সাকিব। পরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ফেরেন ক্রিকেটে। আর এখন তার ব্যস্ততা গ্লোবাল সুপার লিগে (জিএসএল)।
দুবাই ক্যাপিটালসের জার্সিতে উদ্বোধনী ম্যাচে ৩৭ বলে ৫৮ রানের সঙ্গে বোলিংয়ে ১৩ রানে ৪ উইকেট নিয়ে নিজের সেরা সময়ের আভাস দেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার। তবে পরের ম্যাচে দুই বিভাগেই ব্যর্থ হন তিনি।
শ্রীলঙ্কায় জাতীয় দল যখন হতাশ করছে, লম্বা সময় দলের বাইরে থাকা সাকিবকে ফেরানো নিয়ে উঠছে প্রশ্ন। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, পারফরম্যান্স বিবেচনায় দলে সুযোগ পেতে পারেন সাকিব।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের মিডিয়া বিভাগের প্রধানও বললেন, দরজা সবসময়ই খোলা সাকিবের জন্য।
“অবশ্যই যেটা আমরা সবাই জানি যে, ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট সাকিব আল হাসান। এটার কোনো দ্বিতীয় মত কেউ বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন।”
তবে পুরো বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগ ও টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন ইফতেখার।
“এখন এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপরে যে, তারা কী চিন্তা করছে। যেই জিনিসটা এখন হয়েছে... আগে কীভাবে চলেছে জানি না। কিন্তু এখন বর্তমান (বিসিবি) প্রেসিডেন্ট যেটা করেছেন, পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স এবং টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের ওপর দেওয়া হয়েছে। তাদেরও তো নজরে আসছে। সেটা দেখা হবে। অবশ্যই তাদের এটি দেখা উচিত।”
