২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোলারের নিচে বল পড়ে পিচে গর্ত, ম্যাচ পরিত্যক্ত

উইমেন’স বিগ ব্যাশে ইনিংস বিরতির সময় অদ্ভুত এই কাণ্ডে পরিত্যক্ত হয়ে গেছে একটি ম্যাচ।

রোলারের নিচে বল পড়ে পিচে গর্ত, ম্যাচ পরিত্যক্ত
পিচের মাঝে সেই গর্ত। ছবি: ফক্স ক্রিকেট এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

অদ্ভুত সব কাণ্ডে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কত উদাহরণই না আছে ক্রিকেটে। এবার যেটা হলো, তা বিরলই বটে। ইনিংস বিরতির সময় ভারী রোলারের নিচে বল চাপা পড়ে পিচে গর্ত তৈরি হওয়ায় পণ্ড হয়ে গেছে উইমেন’স বিগ ব্যাশের একটি ম্যাচ।

অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেন্সের শুক্রবারের ম্যাচের ঘটনা এটি। অ্যাডিলেইডের কারেন রোল্টন ওভালে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে স্ট্রাইকার্স করে ৪ উইকেটে ১৬৭ রান। 

প্রতিযোগিতাটির নিয়ম অনুযায়ী, ইনিংস বিরতির সময় পিচে রোলার করা হচ্ছিল, ঠিক তখনই কাছাকাছি ফিল্ডিংয়ের ওয়ার্ম-আপ থেকে আসা একটি বল রোলারের নিচে ঢুকে পড়ে। ভারী রোলারের চাপে বলের আকৃতির একটি গর্ত তৈরি হয় পিচের মাঝে।

পিচের কন্ডিশন উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। আম্পায়ারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি মেনে নেন দুই দলের অধিনায়ক।