Published : 26 Apr 2026, 08:16 PM
নিউ জিল্যান্ড দলে নবীন ও অনভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। বাংলাদেশ দলে এমন ক্রিকেটার মোটে দুজন। তবে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখছে না কিউইরা। অধিনায়ক টম ল্যাথাম জানিয়ে রাখলেন, ভিডিও ফুটেজ দেখে প্রতিপক্ষ দলের নবীনদের সম্পর্কে ধারণা নিয়েছেন তারা।
এই সিরিজের বাংলাদেশ দলে একদম নতুন মুখ শুধু আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। নবীনদের আরেকজন রিপন মন্ডল। তবে জাতীয় দলে আগে সুযোগ পেয়েছিলেন এই পেসার। জাতীয় দলের হয়ে এখনও না খেললেও আন্তর্জাতিক ম্যাচে অভিষেক তার হয়ে গেছে। ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে তিনটি ম্যাচ তিনি খেলেছিলেন বাংলাদেশের হয়ে। টেস্ট খেলুড়ে দেশগুলির জাতীয় দল ওই আসরে খেলেনি, তবে ম্যাচগুলি আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে।
দুজনের কারও অবশ্য সিরিজের শুরুতে মাঠে নামা নিশ্চিত নয়।প্রথম ম্যাচে দুজনই একাদশের বাইরে থাকতে পারেন, কিংবা বড়জোর একজনকে দেখা যেতে পারে একাদশে।
তবে সিরিজ শুরুর আগের দিন ল্যাথাম বললেন, প্রস্তুতির সবটুকুই নিয়ে রাখছেন তারা।
“আমরা কয়েকজনের ফুটেজ দেখেছি। জানি যে, এমন কিছু ক্রিকেটার থাকতে পারে, যারা এই সংস্করণে এখনও খেলেনি। যাদের সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না, তখন যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। আমাদের কাছে থাকা ফুটেজ থেকে যত দ্রুত সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করতে হয় এবং একই সঙ্গে মাঠে নেমে করে দেখাতে হয়, যত দ্রুত সম্ভব দলের মধ্যে ছড়িয়ে দিতে হয়।”
“এটা দুই দলের জন্যই বেশ রোমাঞ্চকর যে, আমাদের দলে এমন ক্রিকেটার আছে, যারা খুব বেশি খেলেনি, আবার বাংলাদেশ দলেও এমন ক্রিকেটার আছে, যাদের অভিষেক হয়নি। সব মিলিয়ে রোমাঞ্চকর সিরিজ অপেক্ষায়।”
আইপিএল ও পিএসএলে ব্যস্ত ক্রিকেটারদের ছাড়াই এই সফরের দল গড়েছে নিউ জিল্যান্ড। শীর্ষ ১৬-১৭ ক্রিকেটারকে তারা পাচ্ছে না। ল্যাথাম নিজেই এই সংস্করণে সুযোগ পান কেবল শীর্ষ ক্রিকেটারদের অনেকে না থাকলে। তবে ঘরোয়া ক্রিকেটে পারফরমারদের অনেকে আছেন দলে। তাদের ওপর ভরসার কমতি নেই অধিনায়কের।
“আমাদের দলে এমন খেলোয়াড় আছে যাদের অভিজ্ঞতা হয়তো কিছুটা কম, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাদের অনেক অভিজ্ঞতা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অভিজ্ঞতা সীমিত হলেও, এটা গুরুত্বপূর্ণ যে তারা ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতার ওপর নির্ভর করার চেষ্টা করবে। এছাড়াও আমাদের দলে এমন কয়েকজন আছে, যারা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছে, কিছু মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে এবং এই পথচলায় অনেক মানসম্পন্ন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গেও খেলেছে।”
“সবাই এই সংস্করণ ভালোবাসে। এটা অবশ্যই দ্রুতগতির, মজাদার এবং প্রচুর বিনোদনে ভরপুর। ছেলেরা সবাই আসন্ন এই সিরিজের জন্য সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছে।”