র্যাঙ্কিংয়ে নিগারের ১৫ ধাপ উন্নতি, জাহানারার ৪
ব্যাটারদের তালিকায় এগিয়েছেন লতা মণ্ডল ও রিতু মনিও।
নিউ জিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে দল করেছে অসহায় আত্মসমর্পণ। তবে নিজেদের কাজটা ভালোই করেছেন নিগার সুলতানা ও জাহানারা আলম। তাতে আইসিসির এই সংস্করণের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুইজনই।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার মঙ্গলবার প্রকাশিত মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদে ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার। আর বোলারদের তালিকায় ৪ ধাপ অগ্রগতি হয়েছে পেসার জাহানারার।
ওয়েলিংটনে গত রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে মোটে ১৮০ রান করতে পারে সফরকারীরা। ১১৪ বল আগেই এই রান পেরিয়ে যায় স্বাগতিকরা।
বাংলাদেশের ওই পুঁজি গড়ার পথে এক প্রান্ত আগলে রেখে ৭৩ রানের ইনিংস খেলেন নিগার। ১৩৩ বলের ইনিংসে ১ ছক্কার সঙ্গে চারটি চার হাঁকিয়েছিলেন এই কিপার-ব্যাটার। যার সুবাদে র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়ে এখন তিনি ৪৬তম স্থানে।
ইনিংস শুরু করতে নেমে ২৯ রান করা শারমিন আক্তার সুপ্তা এক ধাপ এগিয়ে আছেন ৬০ নম্বরে। ২২ রান করে লতা মণ্ডল এগিয়েছেন ৪ ধাপ, অবস্থান ৬৮তম। এছাড়া ১৫ রান করা রিতু মনি ৫ ধাপ উপরে ওঠে আছেন ৮৯ নম্বরে।
অবনতি হয়েছে ফারজানা হকের। ৪ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমে যাওয়া এই ব্যাটার বাংলাদেশের সেরা অবস্থানে। এক ধাপ করে নিচে নেমে গেছেন রুমানা আহমেদ (৩৯তম), সালমা খাতুন (৬৪তম) ও শারমিন সুলতানা (যৌথভাবে ৮৭তম)। ৮ ধাপ পিছিয়ে মুর্শিদা খাতুন এখন ৯৩তম স্থানে।
নিউ জিল্যান্ডের দুটি উইকেটই জাহানারার শিকার। দারুণ বোলিংয়ে ৮ ওভারে ৩২ রান দিয়ে তিনি এখন বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ২৭ নম্বরে।
এই তালিকায় বাংলাদেশের সেরা অবস্থান সালমার, এক ধাপ পিছিয়ে তিনি যৌথভাবে ১৯তম স্থানে। এক ধাপ করে পিছিয়েছেন রুমানা আহমেদ (২৫তম) ও খাদিজা তুল কুবরাও (৪৭তম)।
রিতু দুই ধাপ পিছিয়ে যৌথভাবে ৮৩ নম্বরে। আগের মতোই ৩০তম স্থানে নাহিদা আক্তার ও ৯৯ নম্বরে ফাহিমা খাতুন।
ওয়ানডের ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। বোলারদের মধ্যে সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে চূড়ায় অস্ট্রেলিয়া এলিস পেরি।
