২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ছক্কায় রাজার বিধ্বংসী ১৩৩, জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড ২০ ওভারে ৩৪৪

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 07:07 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ম্যাচের প্রথম দুই বলে রান নেই কোনো। তখনও কে জানত, বাকি সময়ে কী ঝড়টাই না বয়ে যাবে গাম্বিয়ার বোলারদের ওপর দিয়ে! টাডিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেট যেটির শুরু করে দিলেন, সেটিকে পূর্ণতা দিলেন পরের ব্যাটসম্যানরা। রান উৎসবে একগাদা রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। 

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে জিম্বাবুয়ের রানের জোয়ার চলছেই। নাইরোবিতে বুধবার গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে তারা। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই।

রেকর্ড গড়ার পথে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৪৩ বলে ১৫ ছক্কা ও ৭ চারে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ঝড়ো ফিফটি করেন তিন জন।

গত বছরের সেপ্টেম্বরে চীনের হাংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩১৪ রান করেছিল নেপাল। স্বীকৃত কিংবা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল সেটিই। তাদের ছাড়িয়ে এবার নতুন চূড়ায় উঠল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ইনিংসে এদিন ছক্কা হয়েছে মোট ২৭টি। এটিও স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ২৬ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।

ছক্কা ও চার মিলিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ৫৭ বাউন্ডারিও রেকর্ড। কিছুদিন আগে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৪৭ বাউন্ডারি ছিল আগের রেকর্ড।

রাজার ১৫ ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। আর তার ৩৩ বলে সেঞ্চুরি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে ৩৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন। পরে জুনে তাকে ছাড়িয়ে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন এস্তোনিয়ার সাহিল চৌহান। ওই ইনিংসে সর্বোচ্চ ১৮ ছক্কার কীর্তিও গড়েন তিনি।

চলতি বাছাইয়ে প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে করে ৫ উইকেটে ২৮৬ রান। তখন পর্যন্ত টি-টোয়েন্টিতে যা ছিল তাদের সর্বোচ্চ সংগ্রহ। পরের ম্যাচে মোজাম্বিককে ৫৬ রানে গুটিয়ে তারা ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় পাঁচ ওভারেই।

তৃতীয় ম্যাচে রুয়ান্ডার বিপক্ষে ২৪০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় ৯১ রানে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেদিন ১৮ রানে ৫ উইকেট নেন রাজা। পরের ম্যাচে তিনি ঝড় তুললেন ব্যাট হাতে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বেনেট ও মারুমানির ব্যাটে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে তারা করে ১ উইকেটে ১০৩ রান। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। গত মাসে এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় প্রথম ৬ ওভারে অস্ট্রেলিয়ার ১১৩ রান সর্বোচ্চ।

মারুমানি ফিফটি করেন স্রেফ ১৩ বলে। জিম্বাবুয়ের হয়ে দ্রুততম ও সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি এটি। 

৯ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৬২ রান করে ষষ্ঠ ওভারে বিদায় নেন মারুমানি।  

তিনে নেমে ৫ বলে ১২ রান করে ফেরেন ডিওন মায়ার্স। বেনেট ২৬ বলে ৭ চার ও এক ছক্কায় করেন ৫০ রান। পাঁচে নেমে ১১ বলে ২৫ রান করেন রায়ান বার্ল। 

চারে নামা রাজার পঞ্চাশ ছুঁতে লাগে ২০ বল। পরের ১৩ বলে তিনি পূর্ণ করেন শতক।

এই সংস্করণে জিম্বাবুয়ের প্রথম সেঞ্চুরিয়ান হলেন রাজা। কদিন আগে রুয়ান্ডার বিপক্ষে ডিওন মায়ার্সের ৯৬ ছিল আগের সর্বোচ্চ।

ছয় নম্বরে নেমে ১৭ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৫৩ রানে অপরাজিত রয়ে যান ক্লাইভ মাডান্ডে। পঞ্চম উইকেটে তিনি ও রাজা মিলে ১৪১ রানের জুটি গড়েন কেবল ৪০ বলে।

সবচেয়ে বেশি ঝড় বয়ে যায় গাম্বিয়ার পেসার মুসা জোবারতেহর ওপর দিয়ে। ৪ ওভারে তিনি দেন ৯৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং এটি।

বিব্রতকর এই রেকর্ড থেকে তিনি মুক্তি দিয়েছেন শ্রীলঙ্কার কাসুন রাজিথাকে। ২০১৯ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজিথা ৪ ওভারে দিয়েছিলেন ৭৫ রান। 

বিশাল লক্ষ্য তাড়ায় স্রেফ ৫৪ রানে গুটিয়ে যায় গাম্বিয়া। জিম্বাবুয়ে পায় ২৯০ রানের জয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় জয় এটি। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ২৭৩ রানে জয় ছিল আগের রেকর্ড। 

কোহলি-সুরিয়াকুমারদের ছাড়িয়ে রাজার রেকর্ড