১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাণিজ‍্যিক ফ্লাইটে দেশে ফিরছেন ক‍্যারিবিয়ান ক্রিকেটাররা

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভারত থেকে দেশে ফেরার দিনক্ষণ এখনও অনিশ্চিত।

বাণিজ‍্যিক ফ্লাইটে দেশে ফিরছেন ক‍্যারিবিয়ান ক্রিকেটাররা
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 12:04 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

আইসিসির একের পর এক চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়ার পর ভারত থেকে নিজেদের উদ‍্যোগে ক্রিকেটারদের দেশে ফেরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার দিনক্ষণ এখনও অনিশ্চিত। 

বাণিজ‍্যিক ফ্লাইটে ক্রিকেটাদের দেশে ফেরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গত ১ মার্চ আসর থেকে বিদায় নেওয়ার পর ভারতে আটকে আছে ক‍্যারিবিয়ানরা। 

সিআইডব্লিউ এক বিবৃতিতে বলেছে, দলের কেউ কেউ এরই মধ‍্যে দেশের পথে রওনা হয়েছে। মঙ্গলবার বা বুধবার বাকিদেরও ফেরানোর ব‍্যবস্থা করা হয়েছে।

গত ৪ মার্চ থেকে ভারতে আটকে আছে দক্ষিণ আফ্রিকা দল। তারা কবে এবং কীভাবে ফিরতে পারবে তা এখনও অনিশ্চিত। আইসিসির চার্টার করা ফ্লাইটে তাদের সরাসরি জোহানেসবার্গে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথে জ্বালানি নেওয়ার অনুমতি না পাওয়ায় তাদের সেই ফ্লাইট বাতিল হয়ে গেছে। 

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে বিমান যোগাযোগ ব্যাহত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও, ভারতে আটকে ছিল তিনটি দল। এ নিয়ে বেশ কয়েক দফায় হতাশা প্রকাশ করেন ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামি।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তাদের আগে চলে গেছে ইংল্যান্ড দল। এনিয়ে আইসিসির বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তোলেন দুই প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক ও ডেভিড মিলার।

বিবৃতিতে সিডব্লিউআই বলেছে, আইসিসি চার্টার করা ফ্লাইট নিয়ে অনিশ্চিয়তার মধ‍্যে আর বসে থাকতে চায় না তারা। আইসিসিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে তারা দলের সবাইকে বাণিজ‍্যিক ফ্লাইটে ফিরিয়ে আনতে চায়।