২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল ‘আবেগে ভেঙে পড়ায়’ নেতৃত্বে বদল, রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

বিপিএলে আট ম্যাচ খেলার পর দুর্বার রাজশাহীর নেতৃত্ব পরিবর্তন, কৌতূহল জাগানিয়া কারণ দেখিয়ে এনামুলকে সরিয়ে অধিনায়ক করা হলো তাসকিনকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

টুর্নামেন্টের মাঝপথে বিপিএল দলের নেতৃত্বে পরিবর্তন আসা নতুন কিছু নয়। তবে পরিবর্তনের পেছনে এবার যে কারণটি তুলে ধরা হলো, তা বেশ কৌতূহল জাগানিয়া। দুর্বার রাজশাহীর নেতৃত্ব হারালেন এনামুল হক, তার বদলে অধিনায়কের দায়িত্ব পেলেন তাসকিন আহমেদ। এই পরিবর্তনের পেছনে দলের ব্যাখ্যা, সবশেষ ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়েছিলেন এনামুল!

চট্টগ্রামে রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে ওই ম্যাচে দারুণ ব্যাটিং করে দলকে জয়ের কাছে নিয়ে যান এনামুল। তবে শেষ সময়ের দাবি মেটাতে পারেননি তিনি। তিন ওভারে যখন দলের প্রয়োজন ৩৬ রান, সেখানে ১২ বল খেলে রাজশাহী অধিনায়ক করেন ১৮ রান। ম্যাচের শেষ বলে সিঙ্গেল নিয়ে বিপিএল ক্যারিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন তিনি। কিন্তু ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে দলের পরাজয়। ২১০ রান তাড়ায় ৭ রানে হারে রাজশাহী। 

সোমবার বিকেলে রাজশাহী সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এনামুলকে। সিদ্ধান্তের পেছনের কারণও ব্যাখ্যা করা হয় দলের পক্ষ থেকে।

“ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

“এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।”

এনামুলের নেতৃত্বে আট ম্যাচ খেলে রাজশাহী জয় পেয়েছে তিনটি।

খুলনার বিপক্ষে ওই ম্যাচে শেষ বলে সেঞ্চুরি পূরণ করার পর উদযাপন করতে দেখা যায়নি এনামুলকে। বরং দল হেরে যাওয়ায় প্রচণ্ড হতাশ দেখা গেছে তাকে। ম্যাচ শেষে তিনি ক্রিজে বসে পড়েন হাঁটু গেড়ে। সতীর্থ ও প্রতিপক্ষের অনেকে তাকে সান্ত্বনা দেন। ম্যাচের পর পুরস্কার বিতরণীর আয়োজনেও তাকে বেশ বিধ্বস্ত দেখা গেছে। 

ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য নেতৃত্বে ছেড়ে দেওয়া কিংবা নেতৃত্ব থেকে মুক্তি দেওয়ার নজির ক্রিকেটে অসংখ্য আছে। তবে সেটির সঙ্গে ‘আবেগে ভেঙে পড়ার’ সম্পর্ক কী, এই প্রশ্ন তোলাই যায়। 

রাজশাহী চলতি আসরে দল হিসেবে দারুণ কিছু না করলেও ব্যাটিংয়ে যেমন সবার ওপরে তাদের এনামুল হক, তেমনি বোলিংয়ে শীর্ষে তাদেরই তাসকিন। নতুন অধিনায়ক নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছে তারা।

“এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।”

সোমবার সন্ধ্যায় চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রাজশাহীর অধিনায়ক হিসেবে তাসকিনের যাত্রা।