১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি

জাহানারা অভিযোগ তোলার দুই দিন পর তিন সদস্যের তদন্ত কমিটি চূড়ান্ত করেছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

জাহানারা আলম অভিযোগ তোলার দুই দিন পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের যে অভিযোগগুলো তুলেছেন নারী ক্রিকেটে বাংলাদেশের সফলতম পেসার, তা খতিয়ে দেখবে এই কমিটি।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার শুক্লা বাংলাদেশ উইমেন’স স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্টও।

জাহানারা অভিযোগগুলো করেছেন ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে। নিউ জিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ চলার সময় নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন এই পেসার। একইরকম অভিযোগ করেছেন তিনি নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে, একসময় যিনি ছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানের ব্যক্তিগত সহকারী। 

এছাড়া টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কজনের বিরুদ্ধেও অভিযোগ আছে জাহানারার। এসব নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফা জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে সাময়িক সমাধান করেছেন বলে অভিযোগ করেন সাবেক এই অধিনায়ক। পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ৩২ বছর বয়সী পেসার। 

গত বৃহস্পতিবার জাহানার অভিযোগ করার পর মধ্যরাতে বিসিবি জানিয়েছিল, তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যারা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে সেদিন বা পরদিনও কমিটি গঠন করা হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার আইসিসি সভা থেকে দেশে ফেরার পর রাতে জানানো হয় কমিটির সদস্যদের নাম।

জাহানারা বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম পেসার তিনিই। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। ৩২ বছর বয়সী পেসারকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে গত ডিসেম্বরে। এখন তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করছেন। 

জাহানারা দাবি করেন, আরও অনেক ক্রিকেটার নানাভাবে এসবের শিকার হলেও বিভিন্ন শঙ্কায় মুখ খোলেন না। প্রথম বিভাগের একজন ক্রিকেটারের যৌন হেনস্তার শিকার হওয়ার কথাও তিনি উল্লেখ করেন।