অস্ট্রেলিয়ায় ১১৪ রানেই শেষ ছয় টেস্ট ক্রিকেটারের বাংলাদেশ ‘এ’
একগাদা টেস্ট ক্রিকেটার নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং মুখ থুবড়ে পড়ল প্রথম দিনেই, ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ২৭ রান পেসার এনামুল হকের।
বাংলাদেশের হয়ে ১৮ টেস্ট খেলেছেন মাহমুদুল হাসান জয়। কিছুদিন আগেও ছিলেন টেস্ট দলের নিয়মিত পছন্দ। ইয়াসির আলি চৌধুরি ও শাহাদাত হোসেনরা খেলেছেন ৬টি করে টেস্ট। নাঈম হাসানের মূল কাজ অফ স্পিন হলেও ব্যাটের হাত মন্দ নয়। টেস্ট খেলেছেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনও। সব মিলিয়ে বাংলাদেশ ‘এ’ দলের একাদশে টেস্ট ক্রিকেটার ছয় জন। সেই দলের ব্যাটিং মুখ থুবড়ে পড়ল প্রথম দিনেই।
অস্ট্রেলিয়া সফরে ডারউইনে চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ব্যাট করতে পারেনি ৩৫ ওভারও। ইনিংস গুটিয়ে গেছে ১১৪ রানেই।
তাদের দুর্ভোগের শেষ নয় সেখানেই। সাউথ অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৫ উইকেটে ২০৪ রানে।
প্রথম দিনেই অস্ট্রেলিয়ানরা এগিয়ে গেছে ৯০ রানে।
বাংলাদেশের বিপর্যয়ের শুরু দিনের শুরু থেকে। ম্যাচের দ্বিতীয় ওভারেই ইফতেখার হোসেন ইফতিকে (০) ফেরান ওয়েস অ্যাগার। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলা পেসার দুর্দান্ত প্রথম স্পেলে শিকার করেন আরও দুটি উইকেট। জয় ফেরেন ১৩ রানে। ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়া অমিত হাসান করতে পারেন কেবল ২ রান।
২৩ রানে ৩ উইকেট হারানো দলের হয়ে লড়াইয়ের চেষ্টা করেন শাহাদাত ও মাহিদুল। খুব দীর্ঘ হয়নি তাদের প্রচেষ্টা। ৩০ রানের জুটির পর দুইজন ফেরেন টানা দুই ওভারে। ৪৩ বলে ২৫ করতে পারেন শাহাদাত, ৩১ বলে ৯ মাহিদুল।
এরপর ইয়াসির আলি, নাঈম হাসান, হাসান মুরাদ ও হাসান মাহমুদ ফেরেন অল্প সময়ের মধ্যে। ১৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান হয়ে যায় ৯ উইকেটে ৬৬।
৯ নম্বরে নামা রকিবুল হাসান ও ১১ নম্বরে নামা এনামুল হক লড়াই করে দলকে তিন অঙ্কে নিয়ে যান। শেষ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন দুজন, ইনিংসের যা সর্বোচ্চ।
২২ রান করে আউট হয়ে যান রকিবুল, ২৭ বলে ২৭ রানে অপরাজিত রয়ে যান এনামুল।
সাউথ অস্ট্রেলিয়ার ওয়েস অ্যাগার ছাড়াও তিনটি করে উইকেট নেন পেসার হেনরি থর্নটন ও বাঁহাতি স্পিনার জের্সিস ওয়াদিয়া।
ব্যাটিংয়ে নেমে সাউথ অস্ট্রেলিয়ার শুরুটাও খুব ভালো হয়নি। প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা ২৮ রানে। এর মধ্যে আছে অধিনায়ক ন্যাথান ম্যাকসুয়েনির উইকেটও। অস্ট্রেলিয়ার হয়ে তিন টেস্ট খেলা ব্যাটসম্যান ফেরেন ৮ রান করেই।
গত শেফিল্ড শিল্ডে চার সেঞ্চুরিতে ৭৫০ রান করা জেইক লিম্যান শুরু করেছিলেন দুটি চার মেরে। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ ড্যারেন লিম্যানের ছেলেকে ১১ রানেই ফেরান হাসান মাহমুদ।
তবে বাংলাদেশের মতো ভেঙে পড়েনি সাউথ অস্ট্রেলিয়ার ইনিংস। পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন জেসন স্যাঙ্ঘা ও জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
স্বভাবজাত আগ্রাসী ব্যাটিংয়ে ৪৭ বলে ৫২ রান করে নাঈম হাসানকে ফিরতি ক্যাচ দেন ফ্রেজার-ম্যাকগার্ক। স্যাঙ্ঘা ও হ্যারি নিলসেন দিন শেষ করেন ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে।
গত শেফিল্ড শিল্ডে সাতশর বেশি রান করার পর গত মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা স্যাঙ্ঘা দিন শেষে অপরাজিত ১০৮ বলে ৮৩ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৩৪.৫ ওভারে ১১৪ (জয় ১৩, ইফতেখার ০, অমিত ২, শাহাদাত ২৫, মাহিদুল ৯, ইয়াসির ১, নাঈম ২, মুরাদ ০, রকিবুল ২২, হাসান ০, এনামুল ২৭*, বাকিংহ্যাম ৮-০-৪৪-০, অ্যাগার ৬-১-১০-৩, থর্নটন ৮-১-২৭-৩, জ্যাকবস ৫-১-১২-১, ওয়াদিয়া ৭.৫-২-১৫-৩)।
সাউথ অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৮ ওভারে ২০৪/৫ (ম্যাকলনার্নি ৫, হান্ট ১৪, ম্যাকসুয়েনি ৮, স্যাঙ্ঘা ৮৩*, লিমান ১১, ফ্রেজার-ম্যাকগার্ক ৫২, নিলসেন ২৮*; হাসান ১১-২-৪৪-১, মুশফিক ৭-২-৩০-১, এনামুল ৬-০-৩১-১, মুরাদ ১০-০-৪৪-১, নাঈম ১১-১-৪০-১, জয় ৩-০-১৪-০)।
