২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি কি আউট ছিলেন? স্মিথ বললেন, ‘১০০ ভাগ আউট’

মেলবোর্ন টেস্টে ইয়াসাসভি জয়সওয়ালের আউট নিয়ে বিতর্কের রেশ শেষ না হতেই এবার সিডনি টেস্টের প্রথম দিনে আলোচনার জন্ম দিল ভিরাট কোহলির বেঁচে যাওয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 11:45 AM

Updated : 26 Aug 2026, 11:16 AM

মেলবোর্ন টেস্টে ইয়াসাসভি জয়সওয়ালের ক্যাচ নিয়ে বিতর্কের রেশ শেষ হয়নি এখনও। নতুন আলোচনার খোরাক হয়ে এলো এবার ভিরাট কোহলির ক্যাচ। বলা ভালো, ক্যাচ আউট না হওয়া। সিডনি টেস্টের প্রথম সেশনের ওই ঘটনা উত্তাপ ছড়াল যথেষ্টই। স্টিভেন স্মিথ তো নিশ্চিত, কোহলি আউট ছিলেন।

টেস্টের অষ্টম ওভারের ঘটনা সেটি। স্কট বোল্যান্ড তখন মাত্রই বিদায় করলেন জয়সওয়ালকে। ভারতের রান ২ উইকেটে ১৭। নতুন ব্যাটসম্যান কোহলির প্রথম বলটিই লাগল ব্যাটের কানায়। বল গেল দ্বিতীয় স্লিপের দিকে। সেখানে স্টিভেন স্মিথ দারুণ রিফ্লেক্সে ডান দিকে ঝাঁপিয়ে বল এক হাতে মুঠোয় জমানোর চেষ্টা করলেন। 

শেষ মুহূর্তে বল মুঠোয় নিতে না পারলেও তিনি তুলে দিলেন ওপরে। কাছেই গালিতে থাকা মার্নাস লাবুশেন অনায়াসেই নিলেন ক্যাচ। কোহলিকে প্রথম বলেই বিদায় করে বাঁধনহারা উদযাপনে মেতে উঠলেন অস্ট্রেলিয়ানরা। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ও মাইকেল গফ সিদ্ধান্ত ছেড়ে দেন টিভি আম্পায়ারের ওপর।

টিভি আম্পায়ার জোয়েল উইলসন কয়েকবার রিপ্লে দেখে রায় দেন, স্মিথের হাত থেকে বল ওপরে ওঠার আগে স্পর্শ করেছে মাটিতে। রক্ষা পান কোহলি। টিভি আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত না হয়ে মাঠেই মাথা নাড়াতে দেখা যায় স্মিথকে।

পরে লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, তার কোনো সংশয়ই নেই ক্যাচের বৈধতা নিয়ে।

“১০০ ভাগ (ক্যাচ ছিল)… অস্বীকার করার কোনো উপায় নেই… ১০০ ভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমরাও সামনে তাকাচ্ছি।”

আইসিসির রেকর্ড টানা পাঁচবারের সেরা আম্পায়ার, সাবেক আম্পায়ার্স ম্যানেজার ও এমসিসির ক্রিকেট আইন বিষয়ক সাব-কমিটির সদস্য সাইমন টফেল চ্যানেল সেভেনে তার মতামত জানান এই সিদ্ধান্ত নিয়ে। 

“টিভি আম্পায়ার এখানে দুটি ব্যাপার দেখছেন। একটি হলো, ফিল্ডারের আঙুল ছিল বলের নিচে। এখানে তিনি সন্তুষ্ট। তবে তিনি (আম্পায়ার) বিশ্বাস করেন, যে ছবিগুলো তিনি দেখেছেন, তাতে তার কাছে পরিষ্কার মনে হয়েছে যে, বল মাটি স্পর্শ করেছে। এখানেই মূল চ্যালেঞ্জ, স্লো-মো দিয়ে ধীরগতিতে দেখলে। সত্যিকারের গতিতে দেখলে মনে হয়, এটা ঠিক আছে (ক্যাচ হয়েছে)। তবে তৃতীয় আম্পায়ার এখানে কী করেছেন, তা নিশ্চিতভাবেই বুঝতে পারছি আমি। তিনি বিশ্বাস করেন, বল মাটিতে স্পর্শ করতে দেখেছেন তিনি এবং সেভাবেই সিদ্ধান্ত দিয়েছেন।”

“এমনিতেই ন্যায্য ক্যাচের ক্ষেত্রে আইসিসির প্রটোকল অনুযায়ী, বলের নিচে আঙুল থাকলেই সেটাকে যথেষ্ট বলে ধরে নেওয়া হয়। তবে এখানে সমস্যা হলো, এখন আর মাঠের আম্পায়ারদের সফট সিগন্যাল নেওয়ার নিয়ম নেই। এখন ব্যাপারটি পুরোপুরি টেলিভিশন আম্পায়ারের ওপর।”

ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের মতামতও ছিল দুই রকম। অ্যালান বোর্ডার, মার্ক ওয়াহ, মাইকেল ভনদের মতে, এটি আউট ছিল। ইরফান পাঠান, মার্ক নিকোলাসদের মতে আবার টিভি আম্পায়ার ঠিক সিদ্ধান্তই দিয়েছেন।

কোহলি অবশ্য সুযোগটি কাজে লাগাতে পারেননি। ৬৯ বল খেলে বাউন্ডারি মারতে পারেননি একটিও। বোল্যান্ডের বলেই আউট হয়েছেন ১৭ রান করে।