২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসকিনের ‘স্পেশাল’ দিনে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার বিষাদ

অনেক অপেক্ষার পর অবশেষে টেস্টে প্রথমবার ৫ উইকেট নিতে পেরে উচ্ছ্বসিত অভিজ্ঞ এই পেসার, তবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বড় পরাজয়ের কাছাকাছি থাকায় তিনি হতাশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 09:03 AM

Updated : 10 Sep 2026, 12:24 PM

গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের ঘটনা। আফগানদের শেষ ব্যাটসম্যান জাহির খানকে ফিরিয়ে ৫ উইকেটের উদযাপন করে ফেললেন তাসকিন আহমেদ। কিন্তু আম্পায়ার জানালেন, সেটি ছিল ‘নো বল!’ পরে ওই ওভারেই শর্ট বলে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে গেলেন জাহির। ম্যাচেরও সেখানেই সমাপ্তি। তাসকিনের ৫ উইকেট পাওয়া আর হলো না।

তার টেস্ট ক্যারিয়ারের বড় এক অপূর্ণতা ছিল এটি। অবশেষে ১৬তম টেস্টে এসে প্রথমবার ৫ উইকেট নেওয়ার স্বাদ পেলেন তিনি। উপহার দিলেন দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। আক্ষেপ ঘোচানোর তৃপ্তিও পেলেন। তবে দিনশেষে তার সঙ্গী হতাশার অনুভূতিও। দল যে বড় পরাজয়ের মুখে!

ম্যাচের ভাগ্য অবশ্য প্রথম ইনিংস শেষেই অনেকটা নিশ্চিত হয়ে যায়। ১৮১ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ব্যবধান চতুর্থ দিন সকালে কিছুটা কমানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে শেষ জুটিতে আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে দেয় তারা। এরপর বল হাতে ক্যারিবিয়ানদের কাঁপিয়ে দেন তাসকিন।

প্রথম স্পেলে আগ্রাসী বোলিংয়ে দুটি উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় স্পেলে ফিরে ভাঙেন অর্ধশত রানের জুটি। একটু পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রেভসকে বোল্ড করেন দুর্দান্ত ডেলিভারিতে। তৃতীয় স্পেলে এসে ইয়র্কারে শামার জোসেফকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন। পরে আরও একটি উইকেট নিয়ে তিনি শেষ করে দেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 

৬৪ রানে ৬ উইকেট নিয়ে থামেন তিনি। টেস্টে তো বটেই, তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের সেরা বোলিংও এটি।

আগে তিন দফায় ইনিংসে চার উইকেট পর্যন্ত যেতে পেরেছিলেন তিনি। পরের ওই এক উইকেট আর ধরা দিচ্ছিল না। এই বছরের শুরুর দিক তো টেস্ট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্তও নেন তিনি চোটের কারণে তবে ফিরে আসেন গত অগাস্টে পাকিস্তান সফর দিয়ে। 

ফেরার পর তৃতীয় টেস্টেই ধরা দিল আরাধ্য সাফল্য। তাসকিনের উচ্ছ্বাস তাই অনুমেয়ই। 

“অবশ্যই এটা আমার জন্য খুব স্পেশাল। টেস্ট ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট পেলাম। আগেও কয়েকবার সুযোগ ছিল, কিন্তু ৫ উইকেট পূরণ করতে পারিনি। এটি তাই আমার জন্য খুবই স্পেশাল।”

প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম দুটি উইকেট এসেছিল তাসকিনের হাত ধরেই। পরে আর উইকেট পাননি। তবে সেই ইনিংস থেকে শিখে কার্যকরভাবে কাজে লাগিয়েছেন দ্বিতীয় ইনিংসে। 

“প্রথম ইনিংসে আমার মনে হয়, মোটামুটি বোলিং করেছি। প্রথম ইনিংস থেকে যা শিখেছি, তা হলো কোন জায়গায় ও লাইনে বল করতে হবে। দ্বিতীয় ইনিংসে সেটিই ধারাবাহিকভাবে করতে পেরেছি। বুঝতে পেরেছিলাম যে, এখানে লাইন ও লেংথই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিউক বলে।”

টেস্টের প্রথম তিন দিন মিলিয়ে উইকেট পড়েছিল ১৮টি, আর শুধু চতুর্থ দিনই পতন দেখেছে ১৭ উইকেটের। তাসকিন জানালেন মূলত বাতাসের কারণেই বোলারদের পারফরম্যান্সে এমন পরিবর্তন। 

“আমার মনে হয়েছে, আজকে বাতাসের তীব্রতা বেশি ছিল আগের তিন দিনের চেয়ে। সেই বাতাসের কারণে বোলাররা আজকে বাড়তি সুবিধা পেয়েছে। বাতাসের কারণে বাড়তি বাউন্সও মিলেছে কিছু।”

বোলিংয়ের সময় একেকটি উইকেট নিয়ে তাসকিন কখনও নাচলেন, কখনও হাসলেন, কখনও আনন্দের জোয়ারে ভাসলেন যেন। কিন্তু দিন শেষে তার মুখ মলিন। পরাজয় যে দেখতে পাচ্ছে দল!

৩৩৪ রানের লক্ষ্যে ছুটে বাংলাদেশ দিন শেষ করেছে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে। ব্যাটিং নিয়ে সেই হতাশা লুকালেন না তাসকিন। তবে ঘুরে দাঁড়ানোর আশার কথাও শোনালেন যথারীতি। 

“এটা দুর্ভাগ্যজনক। ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। তবে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বোলিংও করেছে। আশা করি, পরেরবার দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব আমরা।”