তাইজুলের নামের পাশে ৪০০ উইকেট দেখছেন সাকিব
যার রেকর্ড ভেঙে সবার ওপরে উঠে গেছেন তাইজুল ইসলাম, সেই সাকিব আল হাসান নতুন সীমানা ছুঁতে অনুপ্রাণিত করলেন এই স্পিনারকে।
রেকর্ড গড়ার পর সামাজিক মাধ্যমে সতীর্থদের কয়েকজনের অভিনন্দন পেয়েছেন তাইজুল ইসলাম। তবে সবচেয়ে কাঙ্ক্ষিত অভিনন্দন বার্তাটি পেলেন তিনি সম্ভবত সাকিব আল হাসানের কাছ থেকে। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলেই নয়, তাইজুল তো টপকে গেছেন তাকেই! রেকর্ডে পেছনে পড়ে যাওয়া সেই সাকিব নতুন সীমানা ছুঁতে অনুপ্রাণিত করছেন এই স্পিনারকে।
সাকিবের চেয়ে ৯ উইকেট পেছনে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু করেছিলেন তাইজুল। সিলেটে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে তিনি একটু এগিয়ে যান রেকর্ডের দিকে। মিরপুরে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে স্পর্শ করেন সাকিবকে। দ্বিতীয় ইনিংসে শনিবার প্রথম উইকেট নিয়েই নিজেকে তুলে নেন সবার ওপরে।
বাংলাদেশ সময় শনিবার রাতে সামাজিক মাধ্যমকে তাকে শুভেচ্ছা জানান সাকিব।
“অভিনন্দন তাইজুল। ক্যারিয়ারের শেষ নাগাদ তোমাকে ৪০০ উইকেট পেতে দেখছি আমি। শুভ কামনা।”
মিরপুর টেস্টের পঞ্চম দিনে আর একটি উইকেট পেলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেট হবে তাইজুলের। বয়স তার এখন ৩৩। সামনের দুই বছরে বেশ কিছু টেস্ট ম্যাচও খেলবে বাংলাদেশ। সাকিবের চাওয়াকে পূর্ণতা দেওয়ার সামর্থ্য খুব ভালোভাবেই আছে তার।
ক্যারিয়ারের বেশিভাগ সময়ই পাদপ্রদীপের আড়ালে থেকে নিজের কাজটা করে গেছেন তাইজুল। দিনের পর দিন নিজের সঙ্গে তার সেই লড়াই, দলের জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা, এসবই ফুটে উঠল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শুভেচ্ছা বার্তায়।
“টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ায় অভিনন্দন তাইজুল ভাই। কী ঐতিহাসিক এক অর্জন!”
“আপনি সবসময় চেষ্টা করেছেন দলের জন্য নিজের সেরাটা দিতে, সবসময় আপনার ভূমিকা পালন করেছেন নিখুঁতভাবে এবং নীরবে সব দায়িত্ব পালন করেছেন সততা দিয়ে ও জাত চিনিয়ে। আপনাকে নিয়ে আমি কী যে গর্বিত, ভাই! আমাদের প্রেরণা জুগিয়ে যাবেন।”
এই টেস্টেই ইতিহাস গড়া মুশফিকুর রহিমের আশা, আরও অনেক উইকেটে নিজেকে রাঙাবেন তাইজুল।
“বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট… অভিনন্দন তাইজুল! ইনশাল্লাহ, আরও অনেক আসবে।”
তাইজুলের এই অর্জনে শুভেচ্ছা জানান লিটন কুমার দাসও, “বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ায় অভিনন্দন টিজে।”
