Published : 06 Jan 2026, 09:58 PM
“খেলাটা এমনিতেই বেশ বিপদে আছে এসব নিয়ে, তার ওপর মুস্তাফিজের সঙ্গে যা হলো…”, বলেই একটু থামলেন মইন আলি। কথা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানে বিশ্ব ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে। সেখানে তিনি নিজ থেকেই টেনে আনলেন মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গ। বিপিএল খেলতে আসা ইংলিশ ক্রিকেটার জানালেন, বাংলাদেশের এই পেসারের জন্য তার খারাপ লাগছে। কাঠগড়ায় তুললেন তিনি ক্রিকেটের নীতি-নির্ধারকদের।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে মইন এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার। মাত্রই সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলে এলেন। বিপিএলে খেলছেন তিনি সিলেট টাইটান্সের হয়ে। দলে যোগ দেওয়ার পর একটি ম্যাচ খেলেছেন সোমবার।
টুর্নামেন্টের বিরতির দিনে তিনি মুখোমুখি হয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারিতে একসঙ্গে চলতে থাকা একগাদা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কথা হচ্ছিল। সেখানেই তিনি টেনে আনলেন আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়ার প্রসঙ্গ।
“আমার মনে হয়, সমাধানটা হবে ফুটবলের মতো, যেখানে বিশ্বকাপ থাকবে, আইসিসি ইভেন্ট, একটি-দুটি বড় (আন্তর্জাতিক) সিরিজ… আর বাকিটুকু শুধুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। মানে লিগগুলোই বেশি থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট কম। তবে খেলাটা এমনিতেই বেশ বিপদে আছে এসব নিয়ে, তার ওপর মুস্তাফিজের সঙ্গে যা হলো…।”
“সত্যি বলতে, কিছু একটা ঠিক নেই এখানে। সবকিছু ঠিকঠাক করতে কিছু একটা করা প্রয়োজন, কারণ ব্যাপারটি শুধু মুস্তাফিজের নয়। পাকিস্তান, বাংলাদেশ, আমরা সবাই জানি নানা ইস্যু চলছে। এভাবে চলতে পারে না। বড় সমস্যা এসব।”
আইপিএলে মুস্তাফিজ খেলেছেন আট মৌসুম। সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক ছিল এবারই। গত বছর অসাধারণ পারফরম্যান্স ছিল তার, যা চলছে এখনও। আইপিএলের নিলামেও পড়ে সেটির প্রতিফলন। নিলামে তুমুল লড়াইয়ের পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু সেই হাতছানি তার মিলিয়ে গেল ক্রিকেটের বাইরের কারণে। মইনের বেশি কষ্ট লাগছে মুস্তাফিজের জন্যই।
“অন্য সবকিছুর চেয়ে মুস্তাফিজের জন্যই আমার খারাপ লাগছে বেশি। এত ভালো একটা চুক্তি পেয়েছিল, এবং তার ক্যারিয়ার ধরলে, এত বছরের কুশলী পারফরম্যান্স ও পথচলা, তার পর এত ভালো কিছু পেল…। অন্য দলেও থাকতে পারত সে, কিন্তু তাকে পেল কেকেআর… আর সত্যি বলতে, যে কারও চেয়ে বেশি ভুগতে হচ্ছে তো তাকেই।”
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে আইসিসির কাছে চিঠিতে বিসিবি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। এখানে বিসিবির অবস্থানকে ভুল বলে মনে করেন না মইন। রাজনীতির কারণে ক্রিকেট সমর্থকেরা বঞ্চিত হচ্ছে, আফসোস তার কণ্ঠে।
“আজকেই পড়লাম বাংলাদেশ (যাচ্ছে না ভারতে)… এটা আসলে… বাংলাদেশকে দায় দিচ্ছি না আমি। তবে যারাই এসব করছে, যারাই এগুলো টেনে আনছে, খুবই ফালতু কাজ হচ্ছে, কারণ ক্রিকেটের ব্যাপারটি ভিন্ন। লোকে ক্রিকেট খেলে এবং ভালোবাসে, বিশেষ করে উপমহাদেশে।”
“লোকে প্রিয় ক্রিকেটারদের দেখতে পছন্দ করে এবং ফিজ (মুস্তাফিজ) যদি কেকেআর দলে খেলত, তাহলে বাংলাদেশের জন্য দারুণ হতো, বাংলাদেশের মানুষের জন্য চমৎকার ব্যাপার হতো। শুধু এখানেই নয়, ওখানকার বাঙালিদের জন্যও দারুণ হতো। এটা তাই দুঃখজনক। স্রেফ বাজে ব্যাপার। অনেক দিন ধরেই এসব হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। কেউ যেন দেখেও দেখছে না, উপেক্ষা করছে। পাকিস্তানের সঙ্গে এসব হচ্ছে… এবং আইসিসি স্রেফ…।”
এটুকু বলে তিনি আবার যোগ করলেন, “আইসিসি কখনোই (আদর্শ) নয়। কিন্তু কেউ কিছু বলে না। সবাই জানে, এটা কে চালায়…।”
বিশ্ব ক্রিকেটের অন্য দুই বড় শক্তি অস্ট্রেলিয়া ও মইনের দেশ ইংল্যান্ডের প্রসঙ্গ এলো। তিনি দায় দিলেন এই দুই দেশকেও।
“তারাও কিছু বলে না। তাদের বলা উচিত। কিন্তু গোটা দুনিয়া এভাবেই চলছে। শুধু ক্রিকেটে নয়, বা রাজনীতিতে নয়, গোটা বিশ্বেই এসব চলছে। সবারই নিজের এজেন্ডা আছে এবং যতদিন তারা ঠিক আছে, অন্য কিছু আর পাত্তা দিচ্ছে না।"