২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হান্নান সরকারের স্মৃতি ফিরিয়ে কলিন্সের পাশে স্টার্ক

আরও একবার টেস্টের প্রথম বলে উইকেটের স্বাদ পেলেন অস্ট্রেলিয়ান পেসার স্টার্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 05:19 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

ম্যাচের প্রথম বলের জন্য দৌড় শুরু করলেন বোলার মিচেল স্টার্ক। গ্যালারিতে তখন দর্শকদের তুমুল করতালি। বাঁহাতি পেসারের ফুল লেংথ বল লেগ স্টাম্পে পড়ে সুইং করে আঘাত হানল ইয়াশাসভি জয়সওয়ালের প্যাডে। এলবিডব্লিউয়ের জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। গর্জে উঠলেন স্টার্ক। আরও একবার, টেস্টের প্রথম বলে উইকেটের স্বাদ।  

অ্যাডিলেইডে শুক্রবার দিন-রানের টেস্টের প্রথম বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয়সওয়ালকে ফেরান স্টার্ক। এই নিয়ে তিনবার টেস্টের প্রথম বলে উইকেট পেলেন অস্ট্রেলিয়ান পেসার। টেস্ট ইতিহাসে এই নজির তার চেয়ে বেশিবার নেই আর কারও।

স্টার্কের সৌজন্যে ফিরে এলো দুই দশকের পুরোনো স্মৃতি। তার মতো তিনবার এই স্বাদ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার পেদ্রো কলিন্সও। কলিন্সের এই কীর্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন বাংলাদেশের একজনও। তিনবারই যে তার শিকার ছিলেন সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে জাতীয় নির্বাচক হান্নান সরকার!

২০০২ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্টের প্রথম বলে হান্নানকে বোল্ড করে দেন কলিন্স। দুই বছর পর ক্যারিবিয়ান সফরে সেন্ট লুসিয়ায় আবার টেস্টের প্রথম বলে হান্নান ফেরেন কলিন্সের বলে এলবিডব্লিউ হয়ে। ওই সিরিজে পরের টেস্টে জ্যামাইকাতেও ম্যাচের প্রথম বলে একইভাবে আউট হন হান্নান, বোলার যথারীতি কলিন্স।

হান্নানের চেয়ে বেশিবার টেস্টের প্রথম বলে আউট হননি আর কেউ। কিছুটা অবাক করা ব্যাপার হলো, তিনবার এই তেতো স্বাদ পেয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কারও।

এই দুজন ছাড়া একবারের বেশি এমন অভিজ্ঞতা হয়নি আর কোনো ব্যাটসম্যানের। 

স্টার্ক টেস্টের প্রথম বলে উইকেটের স্বাদ প্রথমবার পান ২০১৬ সালে, গল টেস্টে তার বলে ক্যাচ দিয়ে ফেরেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ কারুনারাত্নে।

২০২১ সালে অ্যাশেজের ব্রিজবেন টেস্টের প্রথম বলে স্টার্ক ইয়র্কারে বোল্ড করে দেন ররি বার্নসকে।

এবারের আগে টেস্টের প্রথম বলে উইকেটের সবশেষ নজর ছিল সেটিই।

টেস্টের প্রথম বলে উইকেট দুইবার করে আছে চার জনের- রিচার্ড হ্যাডলি, জিওফ আর্নল্ড, কাপিল দেব ও সুরাঙ্গা লাকমাল। একবার করে আছে অনেকের।

বাংলাদেশের হয়ে এই স্বাদ পেয়েছেন কেবল একজনই। ২০০৭ সালে চট্টগ্রাম টেস্টের প্রথম বলে ভারতের ওয়াসিম জাফরকে বোল্ড করে দেন মাশরাফি বিন মুর্তজা। 

অ্যাডিলেইডে প্রথম বলে উইকেটের পর স্টার্ক ফিরিয়ে দেন ভারতের আরও পাঁচ ব্যাটসম্যানকে। ভারতকে ১৮০ রানে গুটিয়ে দিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৮ রানে ৬ উইকেট নেন ৩৪ বছর বয়সী পেসার।

তার আগের সেরা বোলিং ছিল ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৫০ রানে ৬ উইকেট।

ভারতের বিপক্ষে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। আর ৯১ টেস্টের ক্যারিয়ারে পেলেন ১৫ বার। 

দিন-রাতের টেস্টে এই স্বাদ পেলেন তিনি চারবার, আর কোনো বোলারের দুবারের বেশি নেই।