২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসের বিরতিতে কী করবেন শান্ত-মুশফিক-মুমিনুলরা

বাংলাদেশের পরের টেস্ট সিরিজ আগামী মার্চের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে, এই লম্বা বিরতিতে নিজেদের তৈরি রাখার কঠিন চ্যালেঞ্জ দেশের টেস্ট ক্রিকেটারদের সামনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 08:36 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশ জিতেছে প্রত্যাশিতভাবেই। পরের টেস্ট সিরিজ পাকিস্তানের বিপক্ষে। সমস্যা হলো, সিরিজটি চার মাস পর! এই সিরিজে মোমেন্টাম তখন মিলিয়ে যাবে। অনেক কিছুই বদলে যাবে। টেস্ট ক্রিকেটের সুরই হারিয়ে যাবে। টেস্ট ক্রিকেটাররাও যাতে নিজেদের হারিয়ে না ফেলেন, সেজন্য কিছু ভাবনার কথা জানালেন নাজমুল হোসেন শান্ত। বোর্ডের কাছে কিছু চাওয়াও আছে বাংলাদেশ অধিনায়কের।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের ক্রিকেট ঢুকে যাবে টি-টোয়েন্টির স্রোতে। এই সিরিজের পর হওয়ার কথা বিপিএল। এরপর ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সময়ে বাংলাদেশের আর কোনো টেস্ট বা ওয়ানডে নেই।

বাংলাদেশের পরের টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে। ওই সিরিজের আরেকটি টেস্ট হতে পারে সিলেটে।

শান্ত নিজে এখন টি-টোয়েন্টি দলের বাইরে। মুশফিকুর রহিম রঙিন পোশাকে আর খেলেন না। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, পেস বোলারদের বেশ কজন, সবাই এই লম্ব সময়ে থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তারা বিপিএলে খেললেও সেটির সঙ্গে টেস্ট ক্রিকেটের সম্পর্ক নেই।

বড় পরিসরের ক্রিকেটের সঙ্গে তাই দীর্ঘ একটা দূরত্ব তৈরি হবে। টেস্ট মেজাজে মরচে পড়ার শঙ্কাও তাই থাকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে সেই শঙ্কা ফুটে উঠল শান্তর কণ্ঠেও। নিজেদের তৈরি রাখতে সম্ভাব্য কিছু পথও দেখালেন বাংলাদেশ অধিনায়ক। 

“খুবই কঠিন এটা। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে কিছু করার নাই। যেটা আমরা সবসময় করে থাকি বা আমি অধিনায়ক হিসেবে যে জিনিসটা করতে চাই, যোগাযোগ যেন সবার সঙ্গে ভালো থাকে, ব্যক্তিগত যে অনুশীলন সেশনগুলো আমাদের হয়, ওইগুলো যেন কার্যকরভাবে আমরা করতে পারি।”

“যদি পাকিস্তান সিরিজের আগে চার দিনের ম্যাচ খেলার সুযোগ আসে, এটা হলে তো আরও খুবই ভালো হবে। আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কি না, বিশেষ করে সামনে যদি বিপিএল হয়। তবে আমার মনে হয় যে অনুশীলন সেশনগুলো থাকবে সেগুলো যেন পারপাজফুলি করতে পারি আমরা। আমাদের কিছু চ্যালেঞ্জ থাকবে। প্রত্যেকটা ক্রিকেটার নিজেদের মধ্যে যোগাযোগ যেন ঠিকমতো রাখে, কার কোন জায়গায় ঘাটতি আছে, কার কোন জায়গায় উন্নতির প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ক্রিকেটাররা আলোচনা করতে থাকি, তাহলে মনে হয় যে একটু তুলনামূলকভাবে চ্যালেঞ্জটা কম থাকবে।”

বাংলাদেশের জাতীয় ক্রিকেটারদের অনেকেই অনেক সময় ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন না। অনেক সময় অবশ্য বিশ্রাম বা ওয়ার্কলোড সামলানোর ব্যাপারও থাকে। তবে সুযোগ থাকলেও না খেলার নজির কম নেই।

শান্তর চাওয়া, এমন সুযোগ এলে টেস্ট ক্রিকেটারদের কেউ যেন তা হাতছাড়া না করেন। 

“মুমিনুল ভাই, সাদমান বা মুশি ভাই, উনারা যখনই সুযোগ পান, কমবেশি কিন্তু ম্যাচ খেলেন (ঘরোয়া ক্রিকেটে)। আমি আশা করব, আশেপাশে যারা আরও তরুণ ক্রিকেটার আছে, তারাও যেন ম্যাচ খেলার সুযোগ পেলে ম্যাচটা খেলে। আমাদের খেয়াল রাখতে হয়, বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে ওয়ার্কলোড, অনেক কিছু থাকে যেগুলো ফিজিও ট্রেনাররা ম্যানেজ করে। তবে অধিনায়ক হিসেবে আমি সবসময় আশা করি যে সবাই যেন (ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে) ম্যাচ খেলে এবং ম্যাচ খেললে ওই অভ্যাসগুলো তৈরি হয় লম্বা সময় ব্যাটিং করা বা লম্বা সময় বল করা।”

লম্বা ফাঁকা সময়টায় টেস্ট ক্রিকেটারদের প্রস্তুতির ক্ষেত্রে বোর্ডের কাছেও কিছু চাওয়া আছে অধিনায়কের। 

“ক্রিকেট বোর্ডের কাছ থেকে আশা এতটুকুই থাকবে, অনুশীলন সুবিধাগুলো যেন ভালো হয়, পারপাজফুলি আমরা পাই, চ্যালেঞ্জ যেরকম থাকবে ম্যাচে, ওই অনুযায়ী যেন পাই। আশা তো থাকবে, এত লম্বা বিরতির মধ্যে বাইরের কোনো একটা দলের সঙ্গে সিরিজ খেলা, চারদিনের ম্যাচ বা দেশের মধ্যেই একটা টুর্নামেন্ট খেলা, বিসিএল বা এই ধরনের কোনো টুর্নামেন্ট খেলা। এই ধরনের যদি আমরা ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে সবাই খেলার মধ্যে থাকলে একটু সহজ হয়। এটাই আমি আশা করব।”