২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ৭০ বছর পর ভারত

নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি পেল ভারত।

অস্ট্রেলিয়ার ৭০ বছর পর ভারত
দুই ইনিংসেই সেঞ্চুরির স্বাদ পান রিশাভ পান্ত (ডানে), দ্বিতীয় ইনিংসে শতক করেন লোকেশ রাহুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 11:08 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

রিশাভ পান্ত ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করে ব্যক্তিগত অর্জনেই সমৃদ্ধ হলেন না শুধু, তার মাইলফলক ছোঁয়ার মধ্য দিয়ে দলীয় কীর্তিও হলো একটি। নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে বিরল এক স্বাদ পেয়ে ভারত ফেরাল অস্ট্রেলিয়ার সাত দশকের পুরোনো স্মৃতি। 

ইংল্যান্ডের বিপক্ষে চলমান হেডিংলি টেস্টে পান্তের দুটি সেঞ্চুরি ছাড়াও তিন অঙ্কের স্বাদ পেয়েছেন ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল ও লোকেশ রাহুল।

এক টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের পাঁচ সেঞ্চুরি এটিই প্রথম। টেস্ট ইতিহাসে এমন নজির দেখা গেল এই নিয়ে ছয়বার। আগের পাঁচবার করেছে ভিন্ন চার দল, একমাত্র দল হিসেবে দুবার এই নজির আছে পাকিস্তানের। 

তবে ‘অ্যাওয়ে’ টেস্টে ভারতের আগে এই কীর্তি গড়তে পেরেছে কেবল অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসেও ম্যাচে পাঁচ সেঞ্চুরির নজির তাদেরই প্রথম।

১৯৫৫ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন এক ইনিংসেই। নিল হার্ভে করেছিলেন ডাবল সেঞ্চুরি। কলিন ম্যাকডোনাল্ড, কিথ মিলার, রন আর্চার ও রিচি বেনো করেছিলেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ইনিংস ব্যবধানে।

দ্বিতীয়বার এই নজির দেখা যায় ২০০১ সালে পাকিস্তান-বাংলাদেশ মুলতান টেস্টে। পাকিস্তানের একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেন সাঈদ আনোয়ার, তাওফিক উমার, ইনজামাল-উল-হাক, মোহাম্মদ ইউসুফ ও আব্দুল রাজ্জাক।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে পাঁচ সেঞ্চুরির কীর্তি পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া নেই আর কোনো দলের।

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে এই স্বাদ পান অ্যালেস্টার কুক, পল কলিংউড, ইয়ান বেল ও ম্যাট প্রিয়র, দ্বিতীয় ইনিংসে কেভিন পিটারসেন।

২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে শ্রীলঙ্কার হয়ে জোড়া সেঞ্চুরি করেন কুমার সাঙ্গাকারা। এছাড়া প্রথম ইনিংসে লাহিরু থিরিমান্নে ও দিনেশ চান্দিমাল এবং দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের ছোঁয়া পান তিলাকারাত্নে দিলশান।

ওই ম্যাচে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন করেন সেঞ্চুরি। 

এক টেস্টে (দুই দল মিলিয়ে) সর্বোচ্চ আট সেঞ্চুরির দ্বিতীয় নজির সেটি। ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও সেঞ্চুরি হয়েছিল আটটি। 

ভারতের আগে সবশেষ, ২০১৪ সালে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পাঁচ সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। আজহার আলি ও মিসবাহ-উল-হাক করেছিলেন জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইউনিস খান। 

ওই সময়ে সংযুক্ত আরব আমিরাত ছিল পাকিস্তানের ‘হোম ভেন্যু।’

ভারত এর আগে এক টেস্টে সর্বোচ চারটি করে সেঞ্চুরি পেয়েছিল চার দফায়। প্রথমবার ২০০৭ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তাদের প্রথম চার ব্যাটসম্যান দিনেশ কার্তিক, ওয়াসিম জাফার, রাহুল দ্রাবিড় ও সাচিন টেন্ডুলকার। 

এছাড়া ২০০৯ সালে আহমেদাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১০ সালে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চারটি করে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা।  

রাহুল-পান্তের সেঞ্চুরির পর ভারতের ব্যাটিং ধস, শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

জোড়া সেঞ্চুরিতে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে পান্ত যেখানে দ্বিতীয়