টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শার্মা
সাদা পোশাকে আর দেখা যাবে না ৩৮ বছর বয়সী ব্যাটসম্যানকে, নতুন অধিনায়কের নেতৃত্বে সামনের ইংল্যান্ড সফরে যাবে ভারত।
টেস্ট ক্যাপের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রোহিত শার্মা। সেখানে জ্বলজ্বল করছে তার টেস্ট ক্যাপ নাম্বার। সেই ছবির সঙ্গে আছে কয়েক লাইনের একটি বার্তা। ছোট্ট সেই বার্তায় ভারতের ২৮০তম টেস্ট ক্রিকেটার জানিয়ে দিলেন, এই সংস্করণে আর খেলবেন না তিনি।
আইপিএল চলার সময়ই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত। নতুন অধিনায়কের নেতৃত্বে আগামী মাসের ইংল্যান্ড সফরে যাবে ভারত।
খুব বড় কোনো চমক অবশ্য নয় তার বিদায়ের ঘোষণা। তার ফর্ম ও দলে জায়গা নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। চলতি মৌসুমে টানা তিন সিরিজে বাজে পারফরম্যান্সের পথ ধরে এলো এই সিদ্ধান্ত।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে তার দুঃসময়ের শুরু। পরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ ও অস্ট্রেলিয়া সফরেও বের হতে পারেননি সেই আঁধার থেকে। সবশেষ ১৫ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি।
ফর্ম নিয়ে তুমুল সমালোচনার পর গত জানুয়ারিতে সিডনি টেস্ট থেকে তিনি সরে দাঁড়ান নিজেই। তখন এটিও পরিষ্কার করে দিয়েছিলেন, এই সরে দাঁড়ানো মানে অবসর নয়। তবে ভারতীয় ক্রিকেটের সামনের গতিপথ ও তার ভাবনায় নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। ৩৮ বছর বয়সী ব্যাটসম্যানের আর ফেরা হলো না। অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্টই তাই হয়ে থাকল তার শেষ টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর দীর্ঘদিন রোহিতের পরিচয় ছিল সীমিত ওভারের বিশেষজ্ঞ। রঙিন পোশাকে অভিষেকের প্রায় সাড়ে ছয় বছর পর সাদা পোশাকে শুরু হয় তার বিচরণ। ততদিনে তিনি সাদা বলের ক্রিকেটে তারকা হয়ে গেছেন। টেস্ট ক্যারিয়ারের শুরুটাও তার ছিল দুর্দান্ত। অভিষেক টেস্টে খেলেন ১৭৭ রানের ইনিংস, পরের টেস্টেও করেন সেঞ্চুরি। তখন খেলতেন মিডল অর্ডারে। রান-সেঞ্চুরি কিছু করলেও ছিলেন কিছুটা অধারাবাহিক।
২০১৯ সালে তার টেস্ট ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হয় ওপেনিংয়ে। প্রথমবার ওপেন করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে খেলেন ১৭৬ ও ১২৭ রানের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ছক্কা মারেন ১৩টি, এক টেস্টে যা সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড। পরের টেস্টে পেয়ে যান প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ। তার টেস্ট ক্যারিয়ারের সফল অধ্যায়টুকু ইনিংস শুরু করতে নেমেই।
একসময় যাকে মনে করা হয়েছিল টেস্ট ক্রিকেটের অনুপযুক্ত, সেই রোহিত ২০২২ সালে পেয়ে যান ভারতের টেস্ট দলের নেতৃত্ব। তার অধিনায়কত্বে ২০২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে ভারত। তবে ব্যাটসম্যান আর অধিনায়ক হিসেবে শেষটা তার সুখকর হলো না।
সব মিলিয়ে ৬৭ টেস্ট খেলে থামল রোহিতের ১১ বছরের টেস্ট ক্যারিয়ার। ২০১৩ সালে এই সংস্করণে পা রেখে রান করেছেন ৪ হাজার ৩০১। তার ব্যাটিং গড় ৪০.৫৭, স্ট্রাইক রেট ৫৭.০৫। নামের পাশে ১২ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ১৮টি।
তার অধিনায়কত্বে ২৪ টেস্ট খেলে ১২টিতে জিতেছে ভারত, ৯টিতে হেরেছে, ড্র করেছে ৩টি।
রোহিতের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ভারত। ওই ফাইনালের পরপরই এই সংস্করণকে বিদায় বলে দেওয়া ভারতের তারকা ওপেনার এবার ইতি টানলেন টেস্ট ক্যারিয়ারের। অবশ্য ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন তিনি।
“সবাইকে জানাতে চাই যে, টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। বছরের পর বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।”
আগামী মসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। হেডিংলিতে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২০ জুন। তাই দ্রুত সময়ের মধ্যে টেস্টের নতুন অধিনায়ক খুঁজতে হবে ভারতকে।
এতদিন রোহিতের ডেপুটি ছিলেন জাসপ্রিত বুমরাহ। এখন পর্যন্ত ভারতকে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার দুটি সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে, যেখানে একটিতে জিতেছিল ভারত।
নেতৃত্বের দৌড়ে কিছুটা এগিয়ে থাকলেও বুমরাহকে দায়িত্বটি দেওয়া নিয়ে ভাবতে হবে ভারতকে। কারণ চোটের সঙ্গে প্রায়ই লড়াই করতে হয় তারকা এই পেসারকে। বোর্ডার-গাভাস্কার সিরিজের সবশেষ টেস্টে রোহিত নিজেকে সরিয়ে নেওয়ায় নেতৃত্বভার পান বুমরাহ। কিন্তু তিনিও চোট পেয়ে ম্যাচের মাঝপথে ছিটকে যান। পরে বাকি অংশে অধিনায়কত্ব করেন সাবেক অধিনায়ক ভিরাট কোহলি।
পিঠের নিচের দিকের ওই চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয় বুমরাহকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। যেখানে তাকে ছাড়াই শিরোপা ঘরে তোলে ভারত।
চলতি আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচেও বুমরাহকে পায়নি তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। চোট কাটিয়ে ফিরে এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন তিনি।
