বিজয় দিবসে মিরপুরে আবেগ, স্মৃতি আর ক্রিকেটের উদযাপন
বিজয় দিবসে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনজুড়ে ছিল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট রোমাঞ্চের আয়োজন।
মহান বিজয় দিবসে ঢাকার অদূরে জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে শহরের অলিগলি আর দেশজুড়েই লাল-সবুজের আবেশ। সেই উচ্ছ্বাসের স্রোতে শামিল ক্রিকেটাঙ্গনও। ক্রিকেট উৎসবের প্রাণকেন্দ্র মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। আবেগের স্রোত, স্মৃতির ওড়াউড়ি আর প্রজন্মের মিলন মেলায় সকাল থেকে রাত হোম অব ক্রিকেট হয়ে উঠল ক্রিকেটানন্দের চারণভূমি।
বিজয় দিবস মানেই শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশের প্রীতি ম্যাচ। বরাবরের মতোই সেই আয়োজন ছিল এবারও। দুই দলের হয়ে মাঠে নামেন বাংলাদেশের ক্রিকেটের সাবেক তারকারা। পরিচিত সব মুখ, যাদের ব্যাট-বলের সঙ্গে জড়িয়ে ছিল দেশের ক্রিকেটের এগিয়ে চলার অনেক অধ্যায়।
কেউ দীর্ঘদিন পর আবার প্যাড পরেছেন, কেউ বোলিং মার্কে ফিরে পেয়েছেন পুরোনো ছন্দ। প্রতিযোগিতার চেয়ে এখানে বড় ছিল স্মৃতিচারণা, বন্ধুত্ব আর খেলার আনন্দ। গ্যালারিতে থাকা দর্শকেরাও তখন যেন ফিরে গিয়েছিলেন সময়ের পেছনে।
দিন গড়িয়ে সন্ধ্যা নামতেই মাঠের আবহটাই বদলে যায়। ফ্লাডলাইটের আলোয় এবার হাজির বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, জাকের আলি, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের মতো জাতীয় দলের পরিচিত নামগুলো মাঠে নামতেই গ্যালারিতে উৎসবের আমেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ। শহীদ জুয়েল স্ট্যান্ডের গ্যালারির কাছে গিয়ে তিনি দর্শকদের সঙ্গে করমর্দন করেন। লোহার গ্রিলের ফাঁক দিয়ে কেউ কেউ সেই মুহূর্ত ধরে রাখেন মুঠোফোনে।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর আয়োজনে এই প্রথমবার অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’। শুধু আমন্ত্রিত দর্শক নয়, অনলাইনে টিকিট সংগ্রহ করেও ম্যাচ দেখার সুযোগ ছিল। ফলে এটি নিছক একটি প্রদর্শনী ম্যাচে সীমাবদ্ধ থাকেনি, বরং বিজয় দিবসের ছুটিতে ক্রিকেটপ্রেমীদের জন্য হয়ে উঠেছিল বাড়তি এক উৎসব।
মিরপুর ৬০ ফিট এলাকার থেকে এই ম্যাচ দেখতে মাঠে এসেছেন মাহিন ইসলাম। পেশায় কলেজ ছাত্র। ক্রিকেট তার ধ্যান। সকালে কলেজ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন। সেখান থেকেই বিকেলের পরিকল্পনা মিরপুরে এসে খেলা দেখা। হাসিমুখে তিনি বললেন, “সকালে শুনেছি সাবেক ক্রিকেটাররা খেলেছে। ওটাও ভালো লাগার মতো। আর এখন শান্ত, মিরাজদের খেলাটা সরাসরি দেখব এই অনুভূতিটা আলাদা। বিজয় দিবসে এমন একটা ম্যাচ সত্যিই ভালো লাগছে।”
পূর্ব গ্যালারি, গ্র্যান্ডস্ট্যান্ডসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশে মিলিয়ে ছিল প্রায় হাজারখানেক দর্শক। সংখ্যায় হয়তো খুব বেশি নয়, কিন্তু উপস্থিতির উষ্ণতা ছিল চোখে পড়ার মতো। পরিবার, বন্ধু, তরুণ দর্শক সবার মাঝেই ছিল বাড়তি উন্মাদনা।
ম্যাচ শুরু হতেই চার-ছক্কা-উইকেটে বাড়তি রঙের ছোঁয়া লাগে ক্রিকেট উৎসবে। জিসান আলমের আগ্রাসী শটে বারবার তালিতে মুখর হয়ে ওঠে গ্যালারি। সময়ের সঙ্গে সেই তালির জোয়ার কেবল বাড়তেই থাকে।
নাজমুল হোসেন শান্তর অপরাজেয় দল ২০ ওভারে সংগ্রহ করে ৯ উইকেটে ১৬৬ রান। পারভেজ হোসেন ইমন ৬ বলে শূন্য রানে ফিরলেও আরেক ওপেনার জিসানের ব্যাট থেকে আসে ২২ বলে ৪৪ রান।
মন্থর শুরুর পর শান্ত ফেরেন ২৬ বলে ৩০ রান করে। নুরুল হাসান সোহান ১৭ বল খেলে করতে পারেন ১৪ রান। একটি ছক্কাতেই শেষ শামীম হোসেন (৭ বলে ১০)। কার্যকর ক্যামিও খেলেন জাকের আলি (১৩ বলে ২৩)। শেষ দিকে ৯ বলে ১৭ করে অপরাজিত থাকেন আব্দুল গাফফার সাকলাইন।
অদম্য দলের সেরা বোলার ছিলেন শরিফুল ইসলাম (৩/২৮)। তিন উইকেট নিলেও সাইফ উদ্দিন ছিলেন খরুচে (৩/৪১)। আফিফ হোসেন নেন দুটি উইকেট।
অদম্যের রান তাড়ায় বিধ্বংসী রূপে ছিলেন নাঈম শেখ। ২৭ বলেই ফিফটি ছুঁয়ে ফেলা এই বাঁহাতি শেষ পর্যন্ত থামেন ৪৪ বলে ৭৬ রানে। ইনিংসে চার ১০টি, তিনটি ছক্কা। তাওহিদ হৃদয় করেন ১৭ বলে ২৫, ১১ বলে ১৮ আফিফ।
শেষদিকে সাইফ উদ্দিনের ব্যাট থেকে আসা বাউন্ডারিতে চার বল বাকি থাকতে তিন উইকেটে জিতে উল্লাসে মেতে ওঠে মেহেদী হাসান মিরাজের অদম্য দল।
অপরাজেয় দলের রিপন মন্ডল নেন তিন উইকেট, রকিবুল হাসান দুটি।
প্রীতি ম্যাচ হলেও দুই দলই লড়াইয়ের ঝাঁজ ছড়ানোর চেষ্টা করেছে ম্যাচের আগে। মাঠেও ছিল উত্তেজনার রেশ। তবে সবকিছু ছাপিয়ে ছিল উপভোগের আনন্দ। দর্শকেরাও ম্যাচজুড়ে ছিলেন উত্তাল।
উত্তরা থেকে আসা রুপক ম্যাচটি দেখতে মাঠে ঢুকেছেন একটু ভিন্নভাবে। বন্ধুর কাছ থেকে পাওয়া টিকিটেই তার প্রবেশ। মিরপুর ১০ নম্বরে ব্যক্তিগত একটি কাজে এসেছিলেন। কাজ শেষ করে স্টেডিয়ামের সামনে বন্ধুর সঙ্গে দেখা। কথা বলতে বলতেই হাতে টিকিট, আর তাতেই সিদ্ধান্ত বিজয় দিবসের সন্ধ্যাটা কাটুক ক্রিকেটের সঙ্গে।
রুপক বলছিলেন, “ছুটির দিনে এমন একটা ম্যাচ আয়োজন সত্যিই ভালো উদ্যোগ। জাতীয় দলের খেলোয়াড়দের কাছ থেকে এত কাছ থেকে খেলা দেখার সুযোগ সব সময় হয় না। বিজয় দিবসে ক্রিকেটের এমন আয়োজন বাড়তি আনন্দ দিয়েছে।”
এই ম্যাচের একটা উদ্দেশ্য ছিল কোয়াবের তহবিল সংগ্রহ। বাড়তি পাওনা হিসাবে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের এক মঞ্চে দেখা, দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আর বিজয় দিবসের আবেগ, সব মিলিয়ে শের-ই-বাংলা স্টেডিয়াম হয়ে উঠেছিল উৎসবের এক মঞ্চ।
মাঠে নেমে খেলোয়াড়রা যেমন লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন, গ্যালারিতে থাকা দর্শকরাও তেমনি একই আবেগে যুক্ত হয়েছেন। তাই বিজয় দিবসের এই অল স্টার্স ম্যাচটি স্রেফ ক্রিকেটীয় লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছিল স্মরণীয় এক উদযাপন, যেখানে ক্রিকেটের উচ্ছ্বাস আর বিজয়ের আনন্দ মিশে গেছে একাকার হয়ে।
