পান্ত-রাহুল-সিরাজদের বিপক্ষে ৪১৭ রান তাড়ায় জিতে বাভুমাদের রেকর্ড
ধ্রুব জুরেলের জোড়া সেঞ্চুরির ম্যাচ হেরে গেল ভারত ‘এ’ দল, ভেঙে গেল তাদের মাস দেড়েক আগের রেকর্ড।
প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই ছাড়ালেন পঞ্চাশ। তাদের কেউ যদিও সেঞ্চুরির দেখা পাননি। তবে এই ইনিংসগুলোই দলকে এনে দিল রেকর্ড গড়া জয়।
বেঙ্গালুরুতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৪১৭ রানের লক্ষ্য তাড়ায় ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।
‘এ’ দলগুলোর ম্যাচে সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। মাস দেড়েক আগেও চারশ রান তাড়ায় জয় ছিল না কারো। গত সেপ্টেম্বরের শেষ দিকে এই নজির গড়ে ভারত ‘এ’ দল। লাক্ষ্নৌতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৪১২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে হারিয়ে দেয় তারা অস্ট্রেলিয়া ‘এ’ দলকে। সেই রেকর্ড ভেঙে এবার নতুন চূড়ায় উঠল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।
২০১৬ সালের পর থেকে ভারতের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি, দেশটিতে সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এর চেয়ে বেশি রান তাড়ায় জয় আছে পাঁচটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট সিরিজের দলে থাকা রিশাভ পান্ত, লোকেশ রাহুল, সাই সুদার্শান, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, মোহাম্মদ সিরাজ, কুলদিপ ইয়াদাভ, আকাশ দিপ এই ম্যাচে খেলেছেন ‘এ’ দলের হয়ে। তাদের মধ্যে ম্যাচে সবচেয়ে উজ্জ্বল জুরেল। দুই ইনিংসেই তিনি করেছেন অপরাজিত সেঞ্চুরি (১৩২ ও ১২৭)। দ্বিতীয় ইনিংসে ৫৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন পান্ত।
দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা এই ম্যাচে প্রথম ইনিংসে প্রথম বলে আউট হওয়ার পর, দ্বিতীয়টিতে করেছেন ১০১ বলে ৫৯। টেস্ট দলের আরেক ব্যাটসম্যান জুবাইর হামজা দ্বিতীয় ইনিংসে করেছেন ৮৮ বলে ৭৭।
বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স গ্রাউন্ডে বড় লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ২৫ রান নিয়ে রোববার চতুর্থ ও শেষ দিনের ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ১৫৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন জর্ডান হারমান (৯১) ও লেসেহো সেনোকওয়ানে (৭৭)। ফিফটি করেন পরের দুই ব্যাটসম্যান হামজা ও বাভুমাও।
যখন পঞ্চম উইকেট হারায় সফরকারীরা, তখন তাদের প্রয়োজন ছিল ৭০ বলে ৬৫ রান। কিপার-ব্যাটসম্যান কনর এস্তেরহুইজেনের ৫৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে তিন ওভার বাকি থাকতেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় তারা।
দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
আগামী শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।
