আফগান নারীদের ‘মিডওয়াইফ ও নার্সিং কোর্স’ বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান রাশিদের
আফগানিস্তানের তারকা লেগ স্পিনারের মতে, নারীদের স্বাস্থ্যসেবায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত।
আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর সেখানে নারী ও মেয়ে শিশুদের মানবাধিকার পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। নতুন করে তারা নিষেধাজ্ঞা দিয়েছে নারীদের ‘মিডওয়াইফ ও নার্সিং’ প্রশিক্ষণের ওপর। যা একদমই পছন্দ হয়নি রাশিদ খানের। আফগান ক্রিকেটের এই পোস্টারবয় সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জোর দাবি জানিয়েছে।
সম্প্রতি দেশটিতে নারীদের ওই প্রশিক্ষণ কোর্সে ভর্তি এবং ক্লাস কার্যক্রম নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এতে হাজার হাজার নারী শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে গেছে। অথচ দেশটিতে মেডিকেল ও প্যারামেডিক্যাল কর্মীর ঘাটতি খবর শোনা যাচ্ছে।
নারী শিক্ষা ও কর্মসংস্থানের ওপর আগে থেকেই কঠোর তালেবানরা। এর আগে ২০২১ সালে ক্ষমতায় আসার পর মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করে দেয় তারা।
এরপর তালেবান সরকার জানিয়েছিল, পাঠ্যক্রম ‘ইসলামিককরণ’ সম্পন্ন হলে নারীদের শিক্ষার সুযোগ পুনরায় দেওয়া হবে। কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তারা।
আফগানিস্তানের মানুষদের দুঃখ-দুর্দশা নিয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় রাশিদকে। তালেবান সরকারের নতুন এই সিদ্ধান্ত নিয়েও চুপ থাকতে পারলেন না তিনি। ইসলামী আইন পুরুষ ও নারী উভয়ের শিক্ষা অর্জনের ওপরই গুরুত্ব দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই কথা জানান বিশ্ব ক্রিকেটের তারকা এই লেগ স্পিনার।
“গভীর দুঃখ ও হতাশার সঙ্গে আফগানিস্তানের বোন ও মায়েদের জন্য শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিতে দৃষ্টিপাত করছি। এই সিদ্ধান্ত কেবল তাদের ভবিষ্যৎকেই নয়, আমাদের সমাজের কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করেছে…দেশের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা খাতে পেশাদারদের ভীষণ প্রয়োজন।”
“নারী চিকিৎসক এবং নার্সদের তীব্র ঘাটতি উদ্বেগজনক। কারণ এটি সরাসরি নারীদের স্বাস্থ্যসেবা এবং মর্যাদাকে প্রভাবিত করে… আমি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আন্তরিকভাবে আবেদন করছি, যাতে আফগান মেয়েরা তাদের শিক্ষার অধিকার পুনরায় পায় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। সবার জন্য শিক্ষা প্রদান কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের বিশ্বাস ও মূল্যবোধের একটি নৈতিক দায়িত্ব।”
নারীদের ওপর তালেবান সরকারের কঠোর নীতির প্রভাব পড়েছে দেশটির ক্রিকেটেও। তারা ক্ষমতার আসার পর বন্ধ হয়ে যায় নারী ক্রিকেট। নারী ও মেয়ে শিশুদের মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানের পুরুষ দলের সঙ্গে তিন দফায় খেলা বাতিল করেছে অস্ট্রেলিয়ার ছেলেদের দল।
