ব্যাটিংয়ে সন্তুষ্ট মিরাজ দায় দিলেন বোলারদের
ব্যাটিং স্বর্গে ২৯৪ রানের পুঁজি যথেষ্ট কি না, এই প্রশ্ন উঠলেও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক আঙুল তুলছেন বোলারদের পারফরম্যান্সের দিকে।
‘টসের সময় আপনি বলেছিলেন, ২৮০ এখানে ভালো স্কোর। আপনারা ২৯৪ করেছেন, এই রানে কি সন্তুষ্ট ছিলেন?’, সঞ্চালক স্যামুয়েল বাদ্রি যখন এই প্রশ্ন করছিলেন, মেহেদী হাসান মিরাজের মুখে খেলে গেল আলতো হাসি। এই ধরনের প্রশ্ন তিনি হয়তো আশা করেছিলেন। তবে বাংলাদেশ অধিনায়ক অটল রইলেন টসের সময়ের সেই ভাবনাতেই। দলের পরাজয়ের জন্য তিনি আঙুল তুললেন বোলিং পারফরম্যান্সের দিকে।
সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রোববার বাংলাদেশ ২৯৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় পাঁচ উইকেটে। শেরফেইন রাদারফোর্ডের দুর্দান্ত আগ্রাসী সেঞ্চুরিতে রান তাড়ায় ক্যারিবিয়ানরা জিতে যায় ১৪ বল বাকি রেখে।
এই মাঠে এই ম্যাচের আগে ২৬৫ রানের বেশি তাড়া করে জয়ের নজির ছিল না। তবে এই ধরনের পরিসংখ্যান প্রায়ই খুব বিভ্রান্তিকর। উইকেটের আচরণ কো সবসময় একরকম থাকে না। এবারের ম্যাচের উইকেট ছিল নিখাদ ব্যাটিং স্বর্গ। তাই আরও বেশি রান বাংলাদেশের প্রয়োজন ছিল কি না, এই আলোচনা হলো ধারাভাষ্যকক্ষে। ইয়ান বিশপ বললেন, অন্তত তিনশ ছাড়ানো উচিত ছিল মিরাজদের।
গোটা ম্যাচে ১৫৫টি ‘ডটবল’ খেলেছে বাংলাদেশ। অধিনায়ক মিরাজ নিজে চারে নেমে ৭৪ রান করতে খেলে ফেলেছেন ১০১ বল। শেষ দিকে মাহমুদউল্লাহ ও জাকের আলিও আরেকটু সক্রিয় হয়ে আরেকটু চালিয়ে খেলতে পারতেন। তাহলে ৩২০-৩৩০ হতে পারত স্কোর।
তবে ম্যাচ শেষে মিরাজ বললেন, ব্যাটিংয়ের সমস্যা তিনি দেখছেন না।
“হ্যাঁ, আমরা সন্তুষ্টই ছিলাম। এই ধরনের উইকেটে ২৯৫ খুব ভালো স্কোর। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে শেই হোপ ও রাদারফোর্ড, ভালো জুটি গড়েছে তারা। মাঝের সময়টায় আমরা উইকেট নিতে পারিনি। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।”
শুরুতে বাংলাদেশ ভালোই চেপে ধরেছিল ওয়েস্ট ইন্ডিজকে। ২৭ ওভারে দুই উইকেট হারায় তারা। রানরেটেও ছিল মলিন। পরে শেই হোপ ও শেরফেইন রাদারফোর্ডের জুটির সময়টায় কার্যকর বোলিং হয়নি বলে মনে করেন মিরাজ।
“শুরুটা খুব ভালো করেছিলাম আমরা, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন ও তানজিম ভালো বল করেছে। কিন্তু মাঝে ওভারগুলোয় আমরা উইকেট বের করতে পারিনি। তবে এই ধরনের উইকেটে এমন কিছু হতেই পারে। উইকেট খুব ভালো এবং অবশ্যই ওদেরকে কৃতিত্ব দিতেই হবে।”
বরাবরের মতোই ভুল থেকে শেখার প্রতয় জানিয়ে পরের ম্যাচে ভালো কিছুর আশাবাদ শোনালেন মিরাজ।
“অনেক কিছুই শিখতে পারি আমরা। আজকে বেশ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করায় মনোযোগ দিতে হবে আমাদের। এখনও দুই ম্যাচ বাকি আছে। জয়ের জন্য পরিকল্পনা করতে হবে আমাদের। আমি এখনও মনে করি, আমাদের ভালো সুযোগ আছে।”
