১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলে চোখ রেখে দক্ষিণ আফ্রিকা সফরে নাঈম শেখ

জাতীয় দল থেকে ছিটকে পড়া ওপেনার এই সফরে ভালো করে আবার ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 08:35 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

বিমানবন্দরে যাওয়ার জন্য টিম বাসে ওঠার আগে হাসি মুখে ছবির জন্য পোজ দিলেন মোহাম্মদ নাঈম শেখ। গন্তব্য দক্ষিণ আফ্রিকা। যাচ্ছেন যেভাবে, ফিরতেও চান তিনি সেভাবেই মুখে হাসি নিয়ে। সেই ফেরা মানে স্রেফ দেশে ফেরা নয়, জাতীয় দলে ফেরার দাবি জানিয়ে। 

নাঈমের ক্যারিয়ারের গল্পই বলা যায় এটিকে। যখন জাতীয় দলে থাকেন, জায়গা টিকিয়ে রাখার লড়াই চলে। এখন চলছে তার ফেরার লড়াই। লম্বা প্রস্তুতির পর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেই দলেরই অংশ বাঁহাতি এই ব্যাটসম্যান।

দুই বছর পর গত বছর জাতীয় দলে ফিরে জায়গা ধরে রাখতে পারেননি তিনি। বাদ পড়েছেন একটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলে। প্রায় সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট খেলেছেন একটি, ওয়ানডে ৯টি। টি-টোয়েন্টিতে অবশ্য তাকে ‘অভিজ্ঞ’ কাতারেই রাখা যায়। খেলেছেন ৩৮ ম্যাচ। কিছু ঝলক দেখালেও কোনো সংস্করণে নিয়মিত পারফর্ম করতে পারেননি। 

ঘরোয়া ক্রিকেটে নাঈম বরাবরই সফল। ঘরোয়াতে রানের জোয়ার বইয়ে দিয়েই জাতীয় দলে ফিরেছিলেন। বাদ পড়ার পর গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৫২.৩৩ গড়ে করেছেন ৪৭১ রান। 

দেশ ছাড়ার আগে মিরপুরে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২৬ বছর বয়সী ব্যাটসম্যান শোনালেন তার লক্ষ্য।

“এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই জায়গায় ভালো করে অবশ্যই জাতীয় দলের ফেরার লক্ষ্য থাকবে।”

ফেরার জন্য কতটা ভালো পারফর্ম করতে চান, সেটা অবশ্য খোলাসা করতে চাইলেন না নাঈম। তবে দলের ভাবনাই তার আছে বেশি গুরুত্বপূর্ণ। 

“ব্যক্তিগত লক্ষ্যটা এখন খোলাসা করতে চাচ্ছি না। নিজের মতো করে পরিকল্পনা করছি। দলকে জেতানোই সবচেয়ে বড় লক্ষ্য।” 

নিজের খেলার ধরন নিয়েও কথা বলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

“ওখানে প্রথমে (দক্ষিণ আফ্রিকায়) দুইটি চার দিনের ম্যাচ এবং তারপর ওয়ানডে ম্যাচ আছে। চেষ্টা থাকবে পরিস্থিতি অনুযায়ী খেলার। যেভাবে এতদিন প্রস্তুতি নিয়েছি, ওটা যেন ঠিকভাবে মেলে ধরতে পারি, এটাই লক্ষ্য থাকবে।”

আগামী নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে জাতীয় দল। বাংলাদেশ ইমার্জিং দল সেখানে সফর করছে। এখন সেখানে যাচ্ছে ‘এ’ দল। জাতীয় দল ও আশপাশে থাকা বেশিরভাগ ক্রিকেটারের ওখানকার কন্ডিশনের ধারণা পাচ্ছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিকও দক্ষিণ আফ্রিকাই।

নাঈমের ভাবনার সীমানায় অবশ্য বিশ্বকাপ এখনই নেই। 

“সত্যি বলতে, এত লম্বা চিন্তা করছি না। শুধু এই সিরিজটা খেলতে যাচ্ছি। উপভোগ করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি এবং জিততে পারি, এই সিরিজটাতেই মনোযোগ আছে।”

সফরে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নাঈম শেখ।

“যেহেতু ওখানে একটা দল ইতোমধ্যে খেলছে, আমরা বেশিরভাগ ম্যাচ যেসব মাঠে খেলব, ওসব জায়গাতে খেলা হচ্ছে। ওই জায়গা থেকে ভালো একটা অভিজ্ঞতা পাচ্ছি, যেহেতু লাইভ খেলা দেখা যাচ্ছে। ভালো একটা ধারণা পাচ্ছি উইকেটের আচরণ কেমন থাকবে।

দলের কিছু খেলোয়াড় ওখানে (দক্ষিণ আফ্রিকায়) আছে, আর কিছু খেলোয়াড় যারা এখানে। সবাই একসাথে ভালো বন্ডিং করার চেষ্টা করছি। ওখানে গিয়ে পুরো দল একসঙ্গে পেলে, ভালো করার আশা করছি।”

এই সফরের জন্য আপাতত প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেটিতে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাকের আলি, মুশফিক হাসান, তাওহিদ হৃদয়সহ কয়েকজনের ভিসা এখনও হয়নি। ভিসা পেলে পরের ম্যাচে তাদেরকে দেখা যাবে। 

প্রিটোরিয়ায় প্রথম চারদিনের ম্যাচ শুরু আগামী রোববার। পরের ম্যাচ পচেফস্ট্রুমে ৩০ অগাস্ট থেকে। একদিনের ম্যাচের সিরিজের তিন ম্যাচ ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে। 

প্রথম চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকি।