২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টানা ১৫ শূন্যতেও বাদ পড়বে না’, আভিশেককে প্রতিশ্রুতি সুরিয়াকুমারের

অধিনায়কের ওই বার্তা বদলে দিয়েছিল ভারতের বিস্ফোরক ওপেনার আভিশেক শার্মার ভাবনার জগত।

‘টানা ১৫ শূন্যতেও বাদ পড়বে না’, আভিশেককে প্রতিশ্রুতি সুরিয়াকুমারের
সুরিয়াকুমার ইয়াদাভের (বাঁয়ে) সঙ্গে আভিশেক শার্মা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ভারতের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করার পর ব্যর্থতার জালে আটকে যান আভিশেক শার্মা। কঠিন সেই সময়ে তার কাঁধে আস্থার হাত রাখেন সুরিয়াকুমার ইয়াদাভ। ভারতীয় ওপেনার জানালেন, টানা অনেক ম্যাচে শূন্যতে আউট হলেও তাকে খেলানোর প্রতিশ্রুতি দিয়ে তার আত্মবিশ্বাস হারাতে দেননি অধিনায়ক সুরিয়াকুমার।

২০২৪ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখেন আভিশেক। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি। পরেরটিতেই ঘুরে দাঁড়িয়ে উপহার দেন খুনে সেঞ্চুরি। ৮ ছক্কা ও ৭ চারে ৪৭ বলে করেন ঠিক ১০০ রান।

এরপর জেঁকে বসে ব্যর্থতা। পরের সাত ইনিংসের একটিতেও ২০ রান স্পর্শ করতে পারেননি আভিশেক। বাংলাদেশ সিরিজে যখন টানা তিন ম্যাচে ১৬, ১৫ ও ৪ রান করেন, তখনই তার পাশে দাঁড়ান সুরিয়াকুমার। অধিনায়কের কথায় নিজেকে আরও মেলে ধরার তাগিদ অনুভব করেন বাঁহাতি ব্যাটসম্যান।

ব্যর্থতায় বলয় ভেঙে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ফিফটি করে ছন্দে ফেরার আভাস দেন আভিশেক। পরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে খেলেন ১৩ ছক্কা ও ৭ চারে ৫৪ বলে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংস; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ।

এবারের এশিয়া কাপেও ব্যাট হাতে রানের স্রোত বইয়ে দেন আভিশেক। ভারতের অপরাজিত থেকে শিরোপা জয়ের পথে রাখেন বড় অবদান। সাত ইনিংসে টানা তিন ফিফটিতে ৩১৪ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন তিনি।

এশিয়া কাপের পর ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে সুরিয়াকুমারের ভূমিকা প্রসঙ্গে আভিশেক জানান অধিনায়কের সেই বার্তার কথা।

“ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রথম দিকে বাংলাদেশের বিপক্ষে তিন-চারটি ইনিংসে আমি দ্রুত আউট হয়ে গিয়েছিলাম। তখন তিনি (সুরিয়াকুমার) আমাকে বলেছিলেন, ‘তুমি আমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে, ১৫ ইনিংসে শূন্যতে ফিরলেও পরের ম্যাচে তুমি খেলবে। এটা আমি তোমাকে লিখিত দিতে পারি।’ তাকে আমি পাল্টা জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনি নিশ্চিত?’”

“অধিনায়কের ওই কথা (আমার জন্য) ছিল অনেক বড় ব্যাপার। তিনি বলেছিল ‘যতবারই (শূন্যতে) আউট হও, তুমি খেলবে।’ একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে, যদি ভালো করতে চাই এবং নিজেকে চেনাতে চাই, তাহলে আমাকে ভিন্ন কিছু করতে হবে।”

ভারতের হয়ে এখন পর্যন্ত ২৪ টি-টোয়েন্টি খেলে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৪৯ রান করেছেন আভিশেক। তার ব্যাটিং গড় ৩৬.৯১, স্ট্রাইক রেট ১৯৬.০৭।