২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলে ছক্কায় ডাবল সেঞ্চুরি

লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই দ্বিশতকের স্বাদ পেলেন আমান রাও।

শেষ বলে ছক্কায় ডাবল সেঞ্চুরি
আমান রাও। ছবি: রাজস্থান রয়্যালস এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 07:03 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ইনিংসের শেষ বল, ১৯৪ রানে খেলছেন আমান রাও। অভিজ্ঞ আকাশ দিপকে ছক্কায় ওড়ালেন তিনি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই উপহার দিলেন চমৎকার এক ডাবল সেঞ্চুরি।

ভিজায় হাজারে ট্রফিতে মঙ্গলবার বেঙ্গলের বিপক্ষে ঠিক ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন আমান। হায়দরাবাদ ওপেনারের ১৫৪ বলের ইনিংসটি গড়া ১৩ ছক্কা ও ১২ চারে।

ভারতের এই ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় আমানের ইনিংসটি হায়দরাবাদের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২০২০-২১ মৌসুমে ত্রিপুরার বিপক্ষে তিলাক ভার্মার অপরাজিত ১৫৬ ছিল আগের সর্বোচ্চ।

ভিজায় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা নবম ব্যাটসম্যান আমান। এই টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি নারায়ান জাগাদিসানের। ২০২২-২৩ মৌসুমে আরুনাচল প্রদেশের বিপক্ষে তামিল নাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রান করেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও যা রেকর্ড।

বেঙ্গলের বোলিং আক্রমণে আছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি, আকাশ দিপ, মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ। এমন বোলিংয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ বেশ ভালোভাবেই দিলেন ২১ বছর বয়সী আমান।

চলতি ভিজায় হাজারে ট্রফি দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে পথচলা শুরু হয় আমানের। বারোদার বিপক্ষে অভিষেক ম্যাচে করেন ৩৯ রান। পরে চান্ডিগাড়ের বিপক্ষে করতে পারেন কেবল ১৩ রান। এবার উপহার দিলেন তিনি দ্বিশতক।

আমানের চমৎকার ইনিংস ও রাহুল সিংয়ের ফিফটিতে ৫ উইকেটে ৩৫২ রান করে হায়দরাবাদ। পরে বেঙ্গলকে ২৪৫ রানে গুটিয়ে ১০৭ রানের জয় তুলে নেয় তারা।

যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে জন্ম আমানের। তবে ভারতীয় পাসপোর্ট আছে তার। সেই সুবাদেই দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন আমান।

পেশাদার ক্রিকেটে তার পথচলা শুরু ২০২৪-২৫ মৌসুমের সৈয়দ মুশতাক আলি ট্রফি দিয়ে। অভিষেক ম্যাচেই মিজোরামের বিপক্ষে রান তাড়ায় ৩ ছক্কা ও ৭ চারে ৪২ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কিন্তু ওই আসরে আর ম্যাচ খেলার সুযোগ পাননি।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের গত আসরে ১৬৪ স্ট্রাইক রেটে মোট ২৩৪ রান করেন আমান। মুম্বাইয়ের বিপক্ষে ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। ১৩২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শার্দুল ঠাকুরের করা প্রথম ওভারেই ২৪ রান নেন ডানহাতি ব্যাটসম্যান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলে দুই ফিফটিতে ৩০১ রান করেছেন আমান ১৬২.৭০ স্ট্রাইক রেটে।

আইপিএলের এবারের নিলাম থেকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে আমানকে দলে নেয় রাজস্থান রয়্যালস।