লাইভ: দুই সেঞ্চুরিতে তিনশ ছাড়িয়ে প্রথম দিন শেষ করল দক্ষিণ আফ্রিকা
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশকে হতাশ করে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮১ ওভারে ৩০৭/২
বাংলাদেশের হতাশার দিন
ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে বোলিং পাওয়ার পর নিশ্চয়ই কঠিন চ্যালেঞ্জের অপেক্ষাতেই ছিল বাংলাদেশ। তবে ধারণার চেয়েও একটু বেশি কঠিন সময় গেল নাজমুল হোসেন শান্তর দলের। সারাদিনে তারা উইকেট নিতে পারলেন কেবল দুটি।
প্রথম দিন শেষ করল দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৩০৭ রান নিয়ে। আলোকস্বল্পতায় খেলা হতে পারেনি ৯ ওভার।
সকালে ইনিংস শুরু করতে নেমে দিনশেষে ১৪১ রানে অপরাজিত টনি ডি জর্জি। প্রথম টেস্ট সেঞ্চুরিতে ২১১ বলের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা মেরেছেন ২৭ বছর বয়সী ব্যাটসমান।
অধিনায়ক এইডেন মার্করাম আউট হয়েছেন ৩৩ রানে। তার সঙ্গে ডি জর্জির জুটি ছিল ৬৯ রানের। দ্বিতীয় উইকেটে ২০১ রানের গুটি গড়েন ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। প্রথম টেস্ট সেঞ্চুরির পর ১০৬ রানে বিদায় নেন স্টাবস। ডেডিড বেডিংহ্যাম অপরাজিত ১৮ রানে।
বাংলাদেশের কোনো বোলারই সুবিধা করতে পারেননি সেভাবে। উইকেট দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া হাসান মাহমুদের বলে ডি জর্জিকে ৬ রানে ফেরানোর সুযোগ হাতছাড়া করেন মাহিদুল ইসলাম। অভিষিক্ত এই কিপার পরে তাইজুলের বলে ২৫ রানে স্টাম্পিং করতে পারেননি স্টাবসকে।
সারাদিনে মেডেন এসেছে মোটে পাঁচটি। মেহেদী হাসান মিরাজ রান খরচ করেছেন ওভারপ্রতি সাড়ে চার করে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮১ ওভারে ৩০৭/২ (মার্করাম ৩৩, ডি জর্জি ১৪১*, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ১৮*; হাসান ১৩-০-৪৭-০, নাহিদ ১৩-২-৩৪-০, তাইজুল ৩০-২-১১০-২, মিরাজ ২১-১-৯৫-০, মুমিনুল ৪-০-১৫-০)
দিনের সমাপ্তি
দ্বিতীয় নতুন বলে এক ওভার খেলা শেষ হতেই দিনে খেলাও শেষ! মাঠের আলো কমে আসছিল বেশ কিছুক্ষণ আগেই। ৮১ ওভার শেষে লাইট মিটার দেখে শেষ পর্যন্ত বেলস তুলে নিলেন আম্পায়াররা। ৯ ওভার আগে শেষ হলো দিনের খেলা।
লাইট মিটারের প্রথম দিনের এই মানদণ্ড ধরেই বাকি দিনগুলির আলোর উপযোগীতা নির্ধারিত হবে।
দ্বিতীয় নতুন বল
নতুন আশা নিয়ে দ্বিতীয় নতুন বলের দিকে হাত বাড়াল বাংলাদেশ। ৮০ ওভার শেষ হতেই নতুন বল নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোনো পেসার অবশ্য নয়, নতুন বলে শুরু করলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
টনি ডি জর্জি তখন খেলছেন ১৩৯ রানে, ক্রিজে যাওয়ার পরপরই তাইজুলকে দুটি ছক্কা মেরে ডেভিড বেডিংহ্যাম অপরাজিত ১৭ রানে।
দক্ষিণ আফ্রিকার তিনশ
ট্রিস্টান স্টাবসের সঙ্গে ২০১ রানের বন্ধন ভেঙে যাওয়ার পর ডেভিড বেডিংহ্যামকে নিয়ে জুটি গড়ে তোলার চেষ্টা করছেন টনি ডি জর্জি। ডেভিড বেডিংহ্যামের ছক্কায় দলের রান তিনশ স্পর্শ করেছে ঠিক ৮০ ওভারে
সেঞ্চুরির পর স্টাবসের বিদায়
সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না ট্রিস্টান স্টাবস। তাইজুল ইসলামকে রিভার্স সুইপে চার মারার এক বল পরই বোল্ড হয়ে গেলেন তিনি।
একটু জোরের ওপর শর্ট অব লেংথ বল করেছিলেন তাইজুল। স্টাবস চেষ্টা করেন জায়গা বানিয়ে ড্রাইভ করতে। কিন্তু বল পিচ করে টার্ন না করে সোজা এগোয় স্কিড করে। স্টাবসের জন্য মূল সমস্যাটা হয়ে যায় বল অনেকটা নিচু হওয়ায়। হাঁটুর নিচে থাকা বল ব্যাটের কানায় লেগে বল আঘাত করে স্টাম্পে। হতাশ স্টাবস কিছুক্ষণ তাকিয়ে থাকেন পিচের দিকে।
১৯৮ বলে ১০৬ রান করে বিদায় নিলেন স্টাবস। জুুটি ভাঙল ২০১ রানে।
নতুন ব্যাটসম্যান ডেভিড বেডিংহ্যাম।
জুটির দুইশ
তাইজুল ইসলামের বলে ট্রিস্টান স্টাবসের বাউন্ডারিতে দ্বিতীয় উইকেট জুটির রান পেরিয়ে গেল দুইশ। জুটিতে স্টাবসের অবদান ১০৬, ডি জর্জির ৯০।
দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ দ্বিশতক জুটি এটি দক্ষিণ আফ্রিকার।
এবার স্টাবসের সেঞ্চুরি
৯৯ রানে দাঁড়িয়ে একটু অপেক্ষা। শুরুতে পানি পানের বিরতি। পরে তাইজুলের ওভারে টানা পাঁচ বলে পারলেন না রান নিতে। পরের ওভারে মুমিনুল হকের টানা দুই বলেও রান এলো না। অবশেষে মুুমিনুলের পরের বলটিতেই কাট করে ট্রিস্টান স্টাবস ঘুচিয়ে দিলেন শতরানের সঙ্গে দূরত্ব।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ হয়ে ওঠা ২৪ বছর বয়সী ব্যাটসম্যানের প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।
আগের চার টেস্টে তার ফিফটি ছিল একটি। দ্বিতীয়বার পঞ্চাশ ছুঁয়ে সেটিকে রূপ দিলেন তিন অঙ্কে। ৫ চার ও ৩ ছক্কায় ১৯৪ বলে স্পর্শ করলেন সেঞ্চুরি।
তার সঙ্গী টনি ডি জর্জি তখন খেলছেন ১২০ রানে।
স্টাবস অবশ্য আউট হতে পারতেন ২৫ রানে। কিন্তু তাইজুলের বলে তখন স্টাম্পিং করতে পারেননি মাহিদুল।
দক্ষিণ আফ্রিকার আড়াইশ
টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জুটি যথারীতি এগিয়ে নিচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে। ৬৯.১ ওভারে দলের রান স্পর্শ করেছে আড়াইশ।
আরেকটি সুযোগ
হাসান মাহমুদের শর্ট অব লেংথ বলে পুল করে রানের জন্য ছুটছিলেন টনি ডি জর্জি। কিন্তু পায়ে ক্র্যাম্প করায় যথেষ্ট দ্রুত দৌড়াতে তিনি পারছিলেন না। ফিল্ডারের জন্য সুযোগ ছিল রান আউট করার। কিন্তু সরাসরি থ্রোয়ে স্টাম্পে লাগাতে পারেননি মাহমুদুল হাসান জয়। স্টাম্পের পাশ দিয়ে যখন বল বেরিয়ে যায়, ডি জর্জি তখন ক্রিজ থেকে অনেক দূরে।
তার রান ছিল তখন ১০৭।
জুটির দেড়শ
চা-বিরতির পর এক প্রান্তে নাহিদ রানার পেস ও আরেক প্রান্তে মেহেদী হাসান মিরাজের স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জুটিতে অবশ্য ফাটল ধরেনি। দুজনের জুটি পেরিয়ে গেছে দেড়শ।
২৫৯ বলে এসেছে জুটির দেড়শ। তাতে স্টাবসের অবদান ৭৭, ডি জর্জির ৭০।
দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চতুর্থ দেড়শ রানের জুটি । তবে বাংলাদেশের মাঠে দ্বিতীয় উইকেটে তাদের প্রথম দেড়শ রানের জুটি এটিই।
বাংলাদেশের হতাশার সেশন
প্রথম সেশনে একটি উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ধরা দিল না একটিও। টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জুটি দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিলেন দুইশর ওপারে।
চা বিরতির সময় দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২০৫।
প্রথম সেশনে ২৮ ওভারে রান এসেছিল ১০৫। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে উঠল ৯৬ রান।
প্রথম টেস্ট সেঞ্চুরিতে ডি জর্জি খেলছেন ১০১ রান করে। ৬৫ রানে অপরাজিত স্টাবস। প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি আছে দুজনেরই।
দুজনের জুটির রান ১৩৬।
দুজনই অবশ্য জীবন পেয়েছেন। সকালে ৬ রানে টনি ডি জর্জির ক্যাচ নিতে পারেননি মাহিদুল ইসলাম। অভিষিক্ত এই কিপার পরে ২৫ রানে স্টাম্পিং করতে পারেননি স্টাবসকে।
ব্যাটিং বান্ধব ও কিছুটা মন্থর উইকেটে খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশের বোলাররা। তাইজুল ইসলাম একটি উইকেট নেওয়ার পাশাপাশি কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তব মেহেদী হাসান মিরাজ বেশ খরুচে। ১৩ ওভারে কোনো মেডেন তিনি নিতে পারেননি, রান দিয়েছেন ওভারপ্রতি প্রায় পাঁচ করে।
চা বিরতির একটু আগে অনিয়মিত বোলার মুমিনুল হককে আক্রমণে এনে জুটি ভাঙার চেষ্টা করা হলেও সফল হয়নি তা।
ডি জর্জির শতরানের উল্লাস
যে শট ইনিংসজুড়ে দুর্দান্ত খেলেছেন টনি ডি জর্জি, সেই সুইপ শটেই তিনি ছুঁলেন শতরান। মেহেদী হাসান মিরাজকে সুইপে চার মেরে ৯৬ থেকে পৌঁছে গেলেন সেঞ্চুরিতে।
অষ্টম টেস্ট খেলতে নামা ওপেনারের প্রথম সেঞ্চুরি এটি। তার ব্যতিক্রমী উদযাপনেই ফুটে উঠছিল, কতটা কাঙ্ক্ষিত ছিল তার এই মাইলফলক। চেলসির ইংলিশ উইঙ্গার কোল পালমারে গোল উদযাপনের মতো অনেকটা ছিল তার এই উদযাপন।
১৪৬ বল খেলে ৮ চার ও ২ ছক্কায় এলো তার এই শতরান।
আরেকটি রিভিউয়ের অপচয়
উইকেট নেওয়ার মরিয়া চেষ্টায় আরও একটি রিভিউ হারাল বাংলাদেশ। তাইজুল ইসলাম ডেলিভারি করেছিলেন একটু জোরের ওপর। স্কিড করা সেই ডেলিভারিতে কাট করার চেষ্টায়সফল হননি ট্রিস্টান স্টাবস। কট বিহাইন্ডেরে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বোলারের শরীরী ভাষায় মনে হচ্ছিল, তিনি নিশ্চিত যে, বল ব্যাটের কানা ছুঁয়েছে। রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু রিভিউয়ে দেখা যায়, বল লাগেনি ব্যাটে।
তিন রিভিউয়ের দুটি বাংলাদেশ হারিয়ে ফেলল ৫০ ওভারের মধ্যে।
স্টাবসের ফিফটি
মেহেদী হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ট্রিস্টান স্টাবস পা রাখলেন পঞ্চাশে। ১০৭ বলে ফিফটি পূর্ণ করলেন তিনি।
পঞ্চম টেস্টে তার দ্বিতীয় ফিফটি এটি। আগেরটি ছিল গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে ৬৮। আরও চার ইনিংসে ২০ ছুঁয়েও ৩০ পর্যন্ত যেতে পারেননি তিনি। এবার তার সামনে সুযোগ বড় ইনিংস খেলার।
জুটির শতরান
টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জুটি এগিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। এই পথচলায় দুজনের জুটি পৌঁছে গেল শতরানে।
১৮৮ বলে এলো দুজনের জুটির সেঞ্চুরি। এতে ডি জর্জি ও স্টাবসের অবদান সমান ৪৯ রান করে।
দক্ষিণ আফ্রিকার দেড়শ
দ্বিতীয় সেশনে একটু নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতিতে লাগাম দিতে পেরেছে বাংলাদেশ। কিন্তু উইকেট ধরা দিচ্ছে না। ৪২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান পৌঁছে গেছে দেড়শতে। স্বচ্ছন্দ ব্যাটিংয়ে জুটি গড়ে তুলেছেন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দুজনের জুটির রান ৮১।
একটুর জন্য
রাউন্ড দা উইকেটের অ্যাঙ্গেলে আরও একবার টনি ডি জর্জিকে বিপাকে ফেললেন হাসান মাহমুদ। কিন্তু প্রত্যাশিত সাফল্য ধরা দিল না। ডি জর্জির ব্যাটের কানায় লেগে বল পড়ে গেল স্লিপ ফিল্ডার সাদমান ইসলামের একটু সামনে। ক্যাচ হতে হতেও হলো না। বরং দুটি রান পেলেন ডি জর্জি। ধারাভাষ্যে এইচডি আকারম্যান বললেন, "সকাল থেকেই আমার বারবার মনে হচ্ছে, স্লিপ ফিল্ডারা একটু বেশিই পিছিয়ে আছে। ব্যাটের কানায় বেশ শক্তভাবে লাগার পরও স্লিপ পর্যন্ত গেল না বল।"
সকালে হাসানের রাউন্ড দা উইকেটে করা ডেলিভারিতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ডি জর্জি, যা নিতে পারেননি কিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
দ্বিতীয় সেশনের প্রথম পানি পানের বিরতির সময় দক্ষিণ আফ্রিকার রান ৪১ ওভারে ১ উইকেটে ১৪৩। ৬৯ রানে খেলছেন ডি জর্জি, ৩৫ রানে ট্রিস্টান স্টাবস।
আবার মাহিদুলের ভুল
আরেকটি সুযোগ হারাল হারাল বাংলাদেশ। আবারও ব্যর্থ হলেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট অভিষেকের দিনে দুটি সুযোগ এর মধ্যেই হাতছাড়া করে ফেললেন ২৫ বছর বয়সী কিপার।
তাইজুল ইসলামের ঝুলিয়ে দেওয়া বল টার্ন করে বেরিয়ে যায় কিছুটা। ড্রাইভ করার চেষ্টায় টার্নে পরাস্ত হন ট্রিস্টান স্টাবস, তার পা বেরিয়ে আসে ক্রিজ থেকে। কিন্তু মাহিদুল তখনও বল গ্লাভসে জমাতেই পারেননি, স্টাম্প ভাঙা তো বহুদূর!
২৫ রানে রক্ষা পেলেন স্টাবস।
ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানই টিকে আছেন জীবন পেয়ে। সকালে ৬ রানে টনি ডি জর্জির ক্যাচ নিতে পারেননি মাহিদুল।
দ্বিতীয় জুটির ফিফটি
উদ্বোধনী জুটির মতো দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট জুটিতেও গড়ে উঠল অর্ধশত রানের বন্ধন। টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জুটি ফিফটি স্পর্শ করল ৮৯ বলে।
জুটিতে ডি জর্জির অবদান ২৩, স্টাবসের ২৫।
ডি জর্জির পঞ্চাশ
প্রথম সেশনে ৪৯ রানে অপরাজিত থাকা টনি ডি জর্জি লাঞ্চের পর প্রথম ওভারে সিঙ্গেল নিয়ে পূর্ণ করলেন পঞ্চাশ। চারটি চার ও এক ছক্কায় ৭৬ বলে এলো তার এই ফিফটি।
অষ্টম টেস্টে ২৭ বছর বয়সী ব্যাটসম্যানের তৃতীয় ফিফটি এটি।
মিরপুর টেস্টে দুই ইনিংসেই ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি তিনি। আটকে গিয়েছিলেন ৩০ ও ৪১ রানে। এবার তার কাছে বড় ইনিংস চাইবে দল। টেস্টে এখনও শতরানের স্বাদ পাননি তিনি।
রিভিউ হারাল বাংলাদেশ
লাঞ্চের পর প্রথম ওভারেই রিভিউ হারাল বাংলাদেশ।
নাহিদ রানার ১৪০.৫ কিলোমিটার গতির ডেলিভারি পিচ করে স্কিড করে ছোবল দেয় টনি ডি জর্জির প্যাডে। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায়, বল পিচ করেছিল লেগ স্টাম্পের অনেক বাইরে।
প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার
টস জিতে যে লক্ষ্যে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা, সেদিকেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। এইডেন মার্করাম দারুণ শুরুর পর উইকেট বিলিয়ে না দিলে আরেকটু ভালো হতে পারত দক্ষিণ আফ্রিকার সেশন। তার পরও সেশনটি পুরোপুরিই তাদের। লাঞ্চের সময় প্রোটিয়াদের রান ২৮ ওভারে ১ উইকেটে ১০৯।
দ্বিতীয় সেশনের শুরুতেই ফিফটি ছুঁতে চাইবেন টনি ডি জর্জি। ৬ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও রক্ষা পাওয়ার পর দারুণ খেলে ৪৯ রানে অপরাজিত এই ওপেনার। ট্রিস্টান স্টাবস অপরাজিত ২৩ রানে।
দ্বিতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৪০।
৩৩ রানে বিদায় নিয়েছেন এইডেন মার্করাম।
ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশের কোনো বোলার খুব ভালো কিছু করতে পারেননি। কেবল হাসান মাহমুদ রাউন্ড দা উইকেটে বোলিং করে ডি জর্জিতে অস্বস্তিতে ফেলেছেন কয়েকবার। উইকেট পেলেও প্রথম সেশনের উইকেটে খুব প্রভাব বিস্তার করতে পারেননি তাইজুল ইসলাম। শুরুটা খুব ভালো হয়নি আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজেরও।
দক্ষিণ আফ্রিকার একশ
দ্বিতীয় স্পেলে ফেরা হাসান মাহমুদের বলে দারুণ এক কাভার ড্রাইভে চার মেরে দলের রান একশতে নিয়ে গেলেন টনি ডি জর্জি। তিনি নিজে এগিয়ে গেলেন ফিফটির একটু কাছে।
এইডেন মার্করামকে হারালেও দক্ষিণ আফ্রিকার রান বাড়ছে অনায়াসেই। দলের শতরান এলো ২৫.৩ ওভারে।
মার্করামের উপহার, বাংলাদেশের স্বস্তি
দারুণ শুরু করা এইডেন মার্করাম উইকেট হারালেন আলগা শটে। অবশেষে দক্ষিণ আফ্রিকার শুরুর জুটি ভাঙার স্বস্তি পেল বাংলাদেশ।
তাইজুলের অফ-মিডলে থাকা বলটিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন মার্করাম। কিন্তু বলের একটু বেশিই কাছে চলে যান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। তুলে মারার চেষ্টায় তাই জোর পাননি যথেষ্ট। বরং আলতো করে তুলে দেন মিড অনে মুমিনুল হকের হাতে।
৫৫ বলে ৩৩ রান করে আউট হলেন মার্করাম। প্রথম জুটি থামল ৬৯ রানে।
নতুন ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস।
দুই প্রান্তেই স্পিন
ষোড়শ ওভারের পর আক্রমণে আনা হলো মেহেদী হাসান মিরাজকে। দুই প্রান্তেই এখন স্পিন দিয়ে দক্ষিণ আফ্রিকার শুরুর জুটি ভাঙার চেষ্টায় বাংলাদেশ।
মিরাজের প্রথম ওভারেই অবশ্য দারুণ এক শটে বাউন্ডারি মেরেছেন টনি ডি জর্জি।
প্রথম ঘণ্টা দক্ষিণ আফ্রিকার
একটি সুযোগ তৈরি করতে পেরেছিলেন হাসান মাহমুদ, এছাড়া প্রথম ঘণ্টায় তেমন আর কিছুই করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দুই পেসার খুব একটা প্রভাব রাখতে পারেননি, ষষ্ঠ ওভারেই আক্রমণে আসা তাইজুল ইসলামও খুব একটা সুবিধে করতে পারেননি। হালকা একটু টার্ন অবশ্য পেয়েছেন তিনি, পরের সময়টায় তার কাছ থেকে আরও কার্যকারিতা চাইবে দল।
প্রথম পানি পানের বিরতির সময় দক্ষিণ আফ্রিকার রান ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬০। ৩০ রানে খেলছেন এইডেন মার্করাম, ২৬ রানে টনি ডি জর্জি।
অনায়াসেই পঞ্চাশ প্রোটিয়াদের
ব্যাটিং উইকেটে বাংলাদেশকে হতাশ করে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দিলেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। দলের রান পঞ্চাশ পেরিয়ে গেল একাদশ ওভারেই।
শুরু থেকেই সাবলীল ব্যাটিং করছেন মার্করাম। তাকে কোনোরকম অস্বস্তিতেও ফেলতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। ডি জর্জি ৬ রানে একটি সুযোগ দেওয়ার পরই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাইজুল ইসলামকে স্লগ সুইপে ছক্কা মারেন তিনি, চার মারেন হাসান মাহমুদকে।
১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান কোনো উইকেট না হারিয়ে ৫১। ২৭ রানে খেলছেন মার্করাম, ২০ রানে ডি জর্জি।
এই দুজনের তৃতীয় অর্ধশত রানের উদ্বোধনী জুটি এটি।
প্রথম সুযোগ হাতছাড়া
রাউন্ড দা উইকেট অ্যাঙ্গেলে টনি ডি জর্জিকে বিপাকে ফেলেছিলেন হাসান মাহমুদ। উইকেটের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। কিন্তু ক্যাচটি নিতে পারলেন না অভিষিক্ত কিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
রাউন্ড দা উইকেটে স্টাস্পের বেশ দূর থেকে ডেলিভারিটি করেছিলেন হাসান। পিচ করে বল অ্যাঙ্গেলে ভেতরে ঢোকে খানিকটা। সেই অ্যাঙ্গেল কাভার করতে পারেননি ডি জর্জি। বল তার ব্যাটের কানায় লেগে যায় পেছনে। বলের অ্যাঙ্গেলের কারণেই হয়তো একটু ডানদিকে সরে পরে বাঁ দিকে ডাইভ দেন মাহিদুল। কিন্তু বলে গ্লাভস ছোঁয়াতে পারলেও ক্যাচটি নিতে পারেননি। প্রথম স্লিপে সাদমান ইসলামের পায়ে লেগে বল চলে যায় আরেকটু পেছন।
একটু কঠিন সুযোগ, কিন্তু কিপাররা এই ধরনের ক্যাচ নিয়ে থাকেন নিয়মিতই। সপ্তম ওভারে ডি জর্জি রক্ষা পেলেন ৬ রানে।
ষষ্ঠ ওভারেই স্পিন
পেসারদের প্রভাব খুব একটা না দেখে পাঁচ ওভারের পরই স্পিন আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক। মিরপুর টেস্টে আট উইকেট শিকার করা তাইজুল ইসলামকে আনা হয়েছে বোলিংয়ে।
নিরাপদ শুরু প্রোটিয়াদের
যেমন ধারণা করা হয়েছিল, উইকেট তেমনই ব্যাটিং সহায়ক বলে মনে হচ্ছে শুরু থেকেই। নতুন বলে হাসান মাহমুদ কিছুটা মুভমেন্ট আদায় করে নিয়েছেন, নাহিদ রানার গতিও কম নয়। তবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে বিপাকে ফেলার মতো কিছু এখনও তারা করতে পারেননি। এইডেন মার্করাম ও টনি ডি জর্জি শুরু করেছেন নিরাপদেই।৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান কোনো উইকেট না হারিয়ে ২৪। ১৫ রানে খেলছেন মার্করাম, ৫ রানে ডি জর্জি।
ব্যাটিং উইকেট
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। এবারও ব্যতিক্রম নয়। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ও জিম্বাবুয়ের সাবেক পেসার এড রেইন্সফোর্ডও বললেন, উইকেট পুরোপুরি ব্যাটসম্যানদের পক্ষে থাকবে। ঘাসের ছোঁয়া আছে উইকেটে, তবে পেসারদের তাতে খুব একটা খুশি হওয়ার কারণ নেই। উইকেটকে জমাট রাখতে ও বল ভালোভাবে ব্যাটে আসতে সহায়তা করবে ওই ঘাস।
রেইন্সফোর্ডের ধারণা, প্রথম ৩০ মিনিটে পেসারদের একটু সহায়তা থাকতে পারে। সময় গড়ালে এবং আবহাওয়া যদি সহায়ক হয়, তাহলে চতুর্থ ও পঞ্চম দিনে স্পিন ধরতে পারে কিছুটা।
দুই দলের অধিনায়কও বললেন, খুব ভালো ব্যাটিং উইকেট বলেই মনে হচ্ছে তাদের কাছে। এইডেন মার্করামের আশা, ম্যাচের শেষ দিকে শুষ্ক হতে পারে উইকেট।
প্রথম ইনিংসে এই মাঠের গড় স্কোর ৩৮০।
দুই পরিবর্তন প্রোটিয়াদের
দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন আছে দুটি। একটি পরিবর্তন অনুমিতই ছিল। মিরপুর টেস্টে একদমই সুবিধে করতে না পারা অফ স্পিনার ডেন পিট হারিয়েছেন জায়গা। তার বদলে ফিরেছেন সেনুরান মুথুসামি। মূলত বাঁহাতি স্পিনার হলেও ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটের হাতও ভালো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮টি সেঞ্চুরিতে প্রায় ৫ হাজার রান আছে তার।
তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট এটি। ২০১৯ সালে ভারতে দুটি টেস্ট খেলেছিলেন তিনি, গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন সবশেষটি। ৩৫ বছর বয়সী পেসারের এটি পঞ্চম টেস্ট।
এছাড়াও পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে তারা। বাদ পড়েছেন মিরপুর টেস্টে একমাত্র ইনিংসে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কি। তার জায়গায় নেওয়া হয়েছে পেসার ডেন প্যাটারসনকে।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার না থাকার কথা জানানো হয়েছিল আগেই।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।
মাহিদুলের অভিষেক, তিন পরিবর্তন বাংলাদেশের
আগের দিন দলের সঙ্গে যোগ দেওয়া মাহিদুল ইসলাম অঙ্কন টেস্ট ক্যাপও পেয়ে গেলেন। বাংলাদেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার তিনি।
অসুস্থতার কারণে খেলতে পারছেন না লিটন কুমার দাস। অভিষেক টেস্টে তাই কিপিং গ্লাভস থাকবে মাহিদুলের হাতে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিতে দুই হাজারের কাছাকাছি রান করেছেন ২৫ বছরবয়সী ক্রিকেটার। ব্যাটিং গড় ৩০.৬৯। এবার জাতীয় লিগের প্রথম ম্যাচে ঢাকা বিভাগের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। তবে তিনি কুমিল্লার ছেলে।
বাংলাদেশের একাদশে পরিবর্তন আছে আরও দুটি। অনুশীলনে কানকাশনের কারণে জাকির আলি ছিটকে গেছেন আগেই। এছাড়া বাদ পড়েছেন মিরপুর টেস্টে ভালো করতে না পারা নাঈম হাসান। একাদশে ফিরেছেন ব্যাটসম্যান জাকির হাসান ও ফাস্ট বোলার নাহিদ রানা।
বাংলাদেশ বোলিং আক্রমণ সাজিয়েছে তাই দুই পেসার, দুই স্পিনার নিয়ে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ব্যাটসম্যানও আছেন আটজন।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
টস জয় দক্ষিণ আফ্রিকার
মুদ্রা নিক্ষেপে এইডেন মার্করাম ডাবলেন ‘টেইল।’ ভাগ্যকে পাশেও পেলেন তিনি। টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বেছে নিলেন ব্যাটিং।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। তবে উইকেট তার কাছে ভালো মনে হচ্ছে। তাই পরে ব্যাটিং করতেও তার আপত্তি নেই।
দক্ষিণ আফ্রিকার দুই লক্ষ্য
এই সিরিজের আগে উপমহাদেশে ১০ বছর ধরে কোনো টেস্ট জয় ছিল না দক্ষিণ আফ্রিকার। অনভিজ্ঞ দল নিয়েও মিরপুরে দারুণ জয়ে সেই খরা কাটিয়েছে তারা। চট্টগ্রামে আরেকধাপ এগিয়ে সিরিজ জয়ের অভিযানে নামবে প্রোটিয়ারা। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলন ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, তাদের ভাবনায় আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।
বাংলাদেশের চ্যালেঞ্জ
জয়ের আশা নিয়ে শুরু করেও মিরপুর টেস্টে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থ হয়েছে বাজেভাবে। প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর বোলারদেরও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল সামান্য। শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর বাংলাদেশের লড়াই এখন ঘুরে দাঁড়ানোর।
ম্যাচের আগে অবশ্য খুব আদর্শ অবস্থায় নেই দলের আবহ। প্রথম টেস্টের আগে যেমন সাকিব আল হাসানের দেশে ফিরতে না পারা ঘিরে উত্তপ্ত ছিল পরিস্থিতি, এই টেস্টের আগেও মূল আলোচনা নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে। মাঠের বাইরের সবকিছুকে আড়াল করে মাঠের ক্রিকেটে নিজেদের কতটা মেলে ধরতে পারে দল, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।
