বিশ্বকাপ-হতাশা আড়াল করতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ
বিশ্বকাপ শুরুর দুই দিন আগে চার ম্যাচের ছোট্ট এই টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি।
অনুশীলনের আগে গা গরমের ফুটবল খেলার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তাওহিদ হৃদয়। ক্যাপশনে তিনি লিখেছেন, “তেমন কিছুই না, ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছি।” জাতীয় দলের এই ব্যাটসম্যানের কথাটিকে স্রেফ কৌতূক হিসেবে নেওয়া যায়, আবার একটু গভীরে গেলে ব্যাঙ্গাত্মক অর্থও খুঁজেও পাওয়া যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ও বেদনার দীর্ঘশ্বাসই যেন মিশে আছে ওই একটি লাইনে।
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অনেক কিছুই এভাবে চেপে যেতে হয় বা মনের মধ্যে দমিয়ে রাখতে হয়। তবে বিশ্বকাপে যেতে না পেরে ক্রিকেটাররা প্রায় সবাই যে প্রচণ্ড হতাশ, তা পরিষ্কার করেই বলেছেন দেশের দুই কোচ মোহাম্মাদ সালাহউদ্দিন ও হান্নান সরকার।
হৃদয়ের ওই পোস্ট ছিল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের প্রস্তুতি শুরুর দিনে। সেই টুর্নামেন্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিশ্বকাপ শুরুর দুই দিন আগে তিনটি দল নিয়ে বিশেষ এই টুর্নামেন্ট শুরু করছে বিসিবি।
টুর্নামেন্টটি কেন আয়োজন করা হচ্ছে, উদ্দেশ্য কী, কেন টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্ট হচ্ছে, কিছুই বিস্তারিত জানায়নি বিসিবি। টুর্নামেন্টের আগে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনও হয়নি। তবে নানা সূত্রেই জানা গেছে, মূলত বিশ্বকাপের ফাঁকা সময়ে কিছু একটা করতেই ছোট্ট এই টুর্নামেন্টের উদ্যোগ। ক্রিকেটারদের জন্য একটু সান্ত্বনা আর ক্রিকেট অনুসারীদের একটু ব্যস্ত রাখতে এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করতে ক্রীড়া মন্ত্রণালয়েরও নির্দেশনা ছিল বলে জানা গেছে।
সেজন্যই অনেকটা তড়িঘড়ি করে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। প্রাইজমানি ও অন্যান্য ফি ধরা হয়েছে আড়াই কোটি টাকার বেশি। প্রতি ম্যাচের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। টিভিতে সম্প্রচার করা হবে খেলা, থাকছে লেজার শো ও চটকদার নানা আয়োজনও।
কিন্তু এসবে কী আর বিশ্বকাপ-হতাশা ভোলা যায়!
টুর্নামেন্ট শুরুর আগের দিন ধূমকেতু দলের কোচ সালাউদ্দিন সেটি সরাসরিই বললেন।
“সত্যি বলতে, এটা (বিশ্বকাপ খেলতে না পারা) আসলে মাথা থেকে যাওয়াটা অনেক কঠিন। এটা সবারই মানসিকভাবে কঠিন হবে। সবাইকে বলাও যাবে না। এই হতাশা কাটানোটাও আসলে মুশকিল। কিন্তু আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, তাহলে আসলে ক্ষতি ছাড়া অন্য কিছু করছেন না।’’
“সামনে যে প্রতিযোগিতা আছে সেটায় ক্রিকেটাররা কীভাবে ভালো করবে, তারা ওইভাবেই বিষয়টি দেখছে। তবে আবেগ তো নিয়ন্ত্রণ করা যায় না। এটা মানুষের পক্ষে সম্ভব না। আপনি মানুষ, আমরাও। আমাদের ভেতরে দুঃখ কষ্ট থাকবেই। সুখ থাকবে, সবকিছুই থাকবে।”
দুরন্ত দলের কোচ হান্নানের কণ্ঠেও ছিল একই সুর।
“বিশ্বকাপ স্কোয়াড যেটা ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেটারদের কয়েকজনের সঙ্গেই আমার কথা হয়েছে। স্বাভাবিকভাবেই ওরা একটু হতাশ। যদি বলি ওরা হতাশ নয়, তাহলে মিথ্যে বলা হবে। আমরা নিজেরাও আসলে হতাশ।”
সেই হতাশা বুকে চেপেই পেশাদারিত্বের দাবি মিটিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে নামছেন ক্রিকেটার ও কোচরা। প্রতি দলে রাখা হয়েছে ১৩ জন করে ক্রিকেটার।
ধূমকেতু দলে আছেন মূলত বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা। নেতৃত্বে থাকছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। বিশ্বকাপ স্কোয়াড থেকে নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফ উদ্দিন জায়গা পাননি ধূমকেতু একাদশে। এই দুজনকে রাখা হয়েছে দুর্বার একাদশে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে রাখা হয়েছে মূলত জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের। উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে আকবর আলির নেতৃত্বে দুরন্ত একাদশ।
ব্যক্তিগত কারণে সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ খেলতে পারছেন না এই আসরে। শেষ সময়ে অসুস্থতার কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদও।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত। শুক্রবার লড়বে ধূমকেতু ও দুর্বার, শনিবার দুর্বার খেলবে দুরন্তর সঙ্গে। শীর্ষ দুই দলের ফাইনাল সোমবার।
ম্যাচগুলির টিকেটের মূল্য পূর্ব গ্যালারি ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা।
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য কোনো টিকেট লাগবে না, যদি তারা শিক্ষা প্রতিষ্ঠানের পোশাকে থাকে কিংবা আইডি কার্ড সঙ্গে থাকে।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে কে কোন দলে:
ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
ম্যানেজার: নাফিস ইকবাল
প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন
সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: ইফতেখারুল ইসলাম
পারফরস্যান্স অ্যানালিস্ট: শাওন জাহান
ফিজিও: বায়েজিদুল ইসলাম খান
দুর্বার একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
ম্যানেজার: সানোয়ার হোসেন
প্রধান কোচ: মিজানুর রহমান
সহকারী কোচ: তুষার ইমরান
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: ইয়াকুব চৌধুরি
পারফরম্যান্স অ্যানালিস্ট: এমদাদুল হক লিওন
ফিজিও: দেলোয়ার হোসেন শিবা
দুরন্ত একাদশ:
আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রকিবুল হোসেন, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
ম্যানেজার: মোহাম্মদ হাসানুজ্জামান
প্রধান কোচ: হান্নান সরকার
সহকারী কোচ: রাজিন সালেহ আলম
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: তুষার কান্তি হাওলাদার
পারফরম্যান্স অ্যানালিস্ট: নাসির আহমেদ
ফিজিও: মুজাদ্দেদ আলফা সানি
