স্টার্কের চোখে বোর্ডার-গাভাস্কার ট্রফি অ্যাশেজ সিরিজের সমান
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ফিরে পেতে চান অস্ট্রেলিয়ান পেসার।
ক্রিকেটের সবচেয়ে পুরোনো দ্বৈরথ অ্যাশেজ। ইতিহাস আর ঐতিহ্যের বিচারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই লড়াইকে বিবেচনা করা হয় টেস্ট ক্রিকেটের সেরা দ্বৈরথ হিসেবে। রোমাঞ্চ-উত্তেজনায় অস্ট্রেলিয়া ও ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফিও এখন অ্যাশেজের সমান বলে মনে করেন মিচেল স্টার্ক। ঘরের মাঠে এবার সিরিজ জিতে এই ট্রফি পুনরুদ্ধার করতে চান অস্ট্রেলিয়ান পেসার।
২০১৪-১৫ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এরপর দুই দলের টানা চারটি সিরিজেই তারা হেরেছে ২-১ ব্যবধানে।
তিন দশকের বেশি সময় পর এবার দল দুটি খেলবে পাঁচ টেস্টের সিরিজ, অস্ট্রেলিয়ায় যা শুরু হবে আগামী নভেম্বরে।
টিভি অনুষ্ঠান ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টসে আলাপচারিতায় স্টার্ক বললেন, বোর্ডার-গাভাস্কার ট্রফিকে এখন অ্যাশেজের মতোই মনে হয় তার।
“এখন পাঁচটি ম্যাচ হওয়ায় এটি (বোর্ডার-গাভাস্কার ট্রফি) সম্ভবত অ্যাশেজ সিরিজের কাতারে। আমরা সবসময় ঘরের মাঠে প্রতিটি ম্যাচ জিততে চাই এবং আমরা জানি, ভারত খুব শক্তিশালী দল।”
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের টেবিলে এখন শীর্ষে আছে ভারত। তাদের পরেই আছে অস্ট্রেলিয়া। গত চক্রের ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছিল ট্রফি।
দুই দলের এবারের সিরিজ সবার জন্যই রোমাঞ্চকর হবে বলে আশা করছেন স্টার্ক।
“আমরা শীর্ষ দুই দল... তাই ভক্তদের জন্য এবং অবশ্যই খেলোয়াড়দের জন্য খুব রোমাঞ্চকর একটি সিরিজ আসছে। আশা করি, ৮ জানুয়ারি (সিরিজ শেষে) ট্রফিটি আমাদের কাছেই থাকবে।”
আগামী জানুয়ারিতে ৩৫ বছরে পা দেবেন স্টার্ক। এখন পর্যন্ত ৮৯ টেস্ট খেলে তার শিকার ৩৫৮ উইকেট। গত মার্চে ডেনিস লিলির ৩৫৫ উইকেট ছাড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের চতুর্থ সফলতম বোলার হয়ে যান তিনি। পেসারদের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল গ্লেন ম্যাকগ্রার, ৫৬৩টি।
৪০০ উইকেটের সম্ভাবনা নিয়ে প্রশ্নে স্টার্ক বললেন, ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলীয় সাফল্যই তার কাছে অগ্রাধিকার পায় বেশি।
“আপনারা সংখ্যা দেখেন, কিন্তু এটি কখনোই আমার জন্য সত্যিকারের অনুপ্রেরণা ছিল না... আমি যতদিন খেলছি, এতদিন ধরে দলে একটা ভূমিকা পালন করতে পেরে ভালো লাগছে। আশা করি, আরও কয়েকটি টেস্ট ম্যাচ খেলতে পারব। যতবারই আমি ব্যাগি গ্রিন ক্যাপ পরি, খুব স্পেশাল মনে হয়।”
