২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে বাংলাদেশের একই দল

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে এবার পরিবর্তন আছে একটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 08:23 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শারমিন সুলতানার বদলে জায়গা পেয়েছিলেন তাজ নেহার। এবার এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটের তাজের বদলেই ফিরলেন শারমিন। উইমেন’স এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটের বাংলাদেশ দলে পরিবর্তন এই একটিই।

এই মাসের শেষে ও আগামী মাসে পিঠেপিঠি দুটি আসরের জন্য একটি স্কোয়াডই বেছে নিয়েছে বাংলাদেশ। দুটিই হবে টি-টোয়েন্টি সংস্করণে। 

বাদ পড়া তাজ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন, যেটি ছিল দলের শেষ ম্যাচ। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে আউট হন তিনি ১ রানে। মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে ব্যাট করে নিউ জিল্যান্ডের বিপক্ষে রান করেন ১৩। 

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও একটি ম্যাচ খেলার সুযোগ পান, আউট হন ৪ রানে। এখনও পর্যন্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের চিত্রও খুবই করুণ। ঘরোয়া ক্রিকেটে আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিতি থাকলেও জাতীয় দলের হয়ে সেটির ছাপ রাখতে পারেননি সামান্যতমও। ৯ ইনিংস খেলে রান করেছেন ৫.৪৪ গড়ে ৪৯, স্ট্রাইক রেট ৭৫.৩৮।

তার বদলে দলে ফেরা শারমিন টি-টোয়েন্টি খেলেছেন স্রেফ একটি। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে সেই ম্যাচে ১ বল খেলে ১ রানে অপরাজিত থাকেন। ওয়ানডে খেলেছেন তিনি ১০টি। ১৬ ইনিংসে ১৫৭ রান করেছেন ৯.৮১ গড়ে। স্ট্রাইক রেট ৪৬.৮৬। 

দলে ফেরার মতো উল্লেখযোগ্য কিছু করেননি ৩২ বছর বয়সী ব্যাটার। নারী ক্রিকেটের চেনা চিত্রই ফুটে উঠেছে এখানে আরও একবার। পাইপলাইনের এতটাই দুর্দশা যে, এক ব্যর্থ ক্রিকেটারের বদলে আরেক ব্যর্থকে খেলাতে হয় ঘুরিয়ে-ফিরিয়ে।

নির্বাচকদের অবশ্য ক্রিকেটীয় ব্যাখা আছে। নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শোনালেন তাজের বদলে শারমিনকে নেওয়ার কারণ।

“তাজ নেহারের জায়গায় আমরা শারমিনকে এনেছি, কারণ তাজকে পরিক্পনায় নিয়েছিলাম, তা কাজ করেনি এবং ও পারফর্ম করতে পারেনি। আমরা অন্যভাবে চিন্তা করছি। শারমিন মূলত ওপেনিংয়ে খেলে, তাই অতিরিক্ত ব্যাটার হিসেবে তাকে নিয়ে এসেছি।

আমার মনে হয় ওকে (তাজ) যথেষ্ট সুযোগ দিয়েছি, ও প্র্যাকটিস ম্যাচসহ ৩টি ম্যাচ খেলেছে। আমার মনে হয়, ঘরোয়া ক্রিকেটে খেলে আরেকটু প্রস্তুত হয়ে আসা ভালো ওর।”

দুবাইয়ে আট দলের এশিয়া কাপ শুরু আগামী ২৮ অগাস্ট। প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করা ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু ৩১ অগাস্ট। ‘বি’ গ্রুপে অন্য দুই দল শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। 

উইমেন’স এশিয়া কাপের এটি দশম আসর। ২০১৮ আসরে মালেয়েশিয়ায় চ্যাম্পিয়ন হয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ, নারী-পুরুষ মিলিয়েই বড় আসরে যা দেশের একমাত্র সাফল্য। তবে পরের দুই এশিয়া কাপে ফাইনালেও খেলতে পারেনি তারা।

জাপানে এশিয়ান গেমস শুরু আগামী ১৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটের লড়াই শুরু হয়ে যাবে ১৭ সেপ্টেম্বর। বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার-ফাইনালে, যেখানে প্রতিপক্ষ দুর্বল চীন। মূল পরীক্ষা হবে সেমি-ফাইনালে, যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। গত আসরের সোনাজয়ী ভারত এবারও জাতীয় দলই পাঠাচ্ছে।

এশিয়ান গেমসে ক্রিকেট থাকছে এবার নিয়ে চতুর্থবার। প্রথম দুবার সোনা জিতেছিল পাকিস্তান, রুপা বাংলাদেশ। ভারত গতবার প্রথম অংশ নিয়েই সোনা জয় করে, রুপা জেতে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ।    

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো ধরনের ম্যাচ খেলেন নিগার সুলতানারা। এশিয়া কাপের আগে আগামী বৃহস্পতিবার ও রোববার নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা মিরপুরে। 

বাংলাদেশ বিশ্বকাপ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, শারমিন সুলতানা। 

দলে ফেরা: শারমিন সুলতানা। 

বাদ: তাজ নেহার।