১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভিডিও দেখে সুরিয়াভানশিকে সামলানোর প্রস্তুতি আফগানদের

বৈভাব সুরিয়াভানশির ভিডিও দেখে এবং আইপিএলে সতীর্থদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে ভারতের এই বিস্ময়-বালককে আটকানোর ছক কষছে আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 12:08 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

বয়স মোটে ১৫, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাও সামান্য। তবে বৈভাব সুরিয়াভানশির ভেতরে রসদ কেমন আছে, গোটা ক্রিকেট বিশ্ব তা জেনে গেছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তাই আফগানিস্তানের দলীয় পরিকল্পনাতেও আলাদা সময় কেটেছে তাকে নিয়ে। আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান জানালেন, ভারতের এই বিস্ময়-বালকের ভিডিও দেখে এবং আইপিএলে তার সতীর্থদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে তাকে আটকানোর ছক কষছেন তারা।

দিল্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার মুখোমুখি হতে দুই দল। খেলা যদিও হবে ভারতে, তবে সিরিজটির স্বাগতিক আফগানিস্তান। নিজেদের ‘হোম’ সিরিজের খেলা আয়োজন করছে তারা দিল্লিতে।

সাম্প্রতিক সময়ের ধারা মেনে যথারীতি সিরিজ শুরুর আগে আলোচনায় আছেন সুরিয়াভানশি। বয়সভিত্তিক ক্রিকেট ও আইপিএলসহ ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে তার আন্তর্জাতিক অভিষেক হয় গত জুলাইয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তেজ তিনি টের পান দ্রুতই। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি মিলিয়ে রান করেন মোটে ৪২।

তবে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে পরের সিরিজে তাকে দেখা যায় স্বরূপে। তিন ম্যাচের সিরিজে ১৯ বলে ৫০, ৯ বলে ২০ ও ৪৯ বলে ৮১ রানের ইনিংস তিনি উপহার দেন। 

গত কিছুদিনে সুরিয়াভানশি ব্যস্ত ছিলেন লাল বলের টুর্নামেন্ট দুলিপ ট্রফিতে। সেখানেও সেমি-ফাইনালে ৮১ বলে ৯২ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। তবে তার মূল শক্তির জায়গা এখনও টি-টোয়েন্টি ক্রিকেট। আফগানরাও সেটা জানেন।

সিরিজ শুরুর আগে অধিনায়ক জাদরান জানালেন, ভারতীয় প্রতিভাকে দমিয়ে রাখতে যথাযথ প্রস্তুতি সেরে নিয়েছেন তারা। 

“সে অসাধারণ এক প্রতিভা। আইপিএলে খুব ভালো খেলেছে এবং বিভিন্ন স্তরের প্রতিযোগিতাতেই ভালো পারফর্ম করে আসছে। আমরা তাকে নিয়ে কথা বলেছি এবং আইপিএলে যারা তার বিপক্ষে খেলেছে, তাদের কাছ থেকে আমরা নানা তথ্য পেয়েছি।

“তার ভিডিও দেখেছি আমরা। (তার বিপক্ষে) চেষ্টা করব নিজেদের জন্য যতটা সম্ভব সহজ রাখার এবং আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে নজর দেব।”

গত মার্চে রাশিদ খানের জায়গায় আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান তিনি। এরপর এটিই তাদের প্রথম সিরিজ। আগে নানা সময়ে ভারপ্রাপ্ত দায়িত্বে ১১ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন জাদরান। এবার নিয়মিত দায়িত্ব শুরুর আগে ২৪ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, উপভোগের মন্ত্রে সাফল্য খুঁজবেন তিনি। 

“আমার জন্য এটা বড় এক দায়িত্ব। ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে চেষ্টা করছি উপভোগ করার, চেষ্টা থাকবে দায়িত্ব নিয়ে খেলার এবং চাপের পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার।”

কন্ডিশন নিয়ে খুব ভালো জানা আছে আমাদের। মাঠে পরিস্থিতি অনুযায়ী শুধু পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় চেষ্টা করি নিজেদের শতভাগ দেওয়ার এবং প্রক্রিয়াটি নিয়ে ভাবি। আশা করি, ভালো একটি সিরিজ আমরা উপপহার দিতে পারব।”