২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া বোলিংয়ে ৬৫ ধাপ উন্নতি রিশাদের

ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্সে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়েছেন তিনি।

রেকর্ড গড়া বোলিংয়ে ৬৫ ধাপ উন্নতি রিশাদের
রিশাদ হোসেন। ছবি: বিসিবি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 02:43 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার। সঙ্গে ব্যাট হাতে শেষ দিকে ঝড় তুলে অলরাউন্ডারদের তালিকাতেও দিয়েছেন আরও লম্বা লাফ।

যথারীতি বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে ৮৭ ধাপ এগিয়েছেন রিশাদ।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ৬৫তম স্থানে আছেন রিশাদ। অলরাউন্ডারদের মধ্যে তার অবস্থান ৩৭তম।

বোলার ও অলরাউন্ডার দুই তালিকায়ই বাংলাদেশের সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে তিনি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আছেন চতুর্থ স্থানে।

মিরপুরে গত শনিবার ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারানোর ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে গড়েন ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। স্পিন বোলিংয়ে ৬ উইকেট আগে ছিল না এদেশের কোনো স্পিনারের।

ওই ম্যাচেই আট নম্বরে নেমে দুটি ছক্কা ও একটি চারে ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন রিশাদ। একই মাঠে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ৯ নম্বরে নেমে তিনটি করে ছক্কা-চারে খেলেন ১৪ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস।

পরে বল হাতে ফের আলো ছড়ান রিশাদ। ৪২ রান খরচায় ধরেন তিন শিকার। ম্যাচটি টাই হলে, সুপার ওভারে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ওয়ানডেতে ১০ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে এক উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ৩৮ রান খরচ করে পাননি কোনো উইকেট। আর ব্যাট হাতে দুই ম্যাচে করেন যথাক্রমে ১৭ ও অপরাজিত ৩২ রান।

ওয়ানডে বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের রাশিদ খান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করে ৬ ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। তার সতীর্থ মিচেল স্টার্কের উন্নতি ৪ ধাপ, আছেন ২১তম স্থানে।

আর অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় ভারতের শুবমান গিল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫১ ও দ্বিতীয়টিতে ১২ রান করে ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তিনি, আছেন ৩৫ নম্বরে।

মিরাজের উন্নতি দুই ধাপ, অবস্থান ৬৩তম। দুই ম্যাচে ৪ ও ৪৫ রান করা সৌম্য সরকার এগিয়েছেন পাঁচ ধাপ। বাংলাদেশ ওপেনার আছেন ৮৬তম স্থানে।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই সপ্তাহের হালনাগাদে। এই সংস্করণের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে মোহাম্মদ রিজওয়ান। ৮ ধাপ উন্নতি করে ৩০ নম্বরে সালমান আলি আগা।

দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনের অগ্রগতি ১৩ ধাপ, আছেন ৪৬তম স্থানে। তার সতীর্থ টনি ডি জর্জি ১৫ ধাপ এগিয়ে এখন ৫৪ নম্বরে।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ইংল্যান্ডের জো রুট। 

আর বোলারদের মধ্যে সবার ওপরে জাসপ্রিত বুমরাহ। ৪ ধাপ এগিয়ে ভারতীয় অভিজ্ঞ পেসারের কাছে পৌঁছে গেছেন পাকিস্তানের নোমান আলি। লাহোরে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার। বুমরাহর (৮৮২) সঙ্গে নোমানের (৮৫৩) রেটিং পয়েন্টের ব্যবধান ২৯।

দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামির উন্নতি ৩৮ ধাপ। বাঁহাতি স্পিনার আছেন ৫৫তম স্থানে।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।