টেস্টের সেরাদের প্রাইজমানি বাড়ল রেকর্ড পরিমাণে, বাংলাদেশের প্রাপ্তি কত
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার সপ্তম হয়ে আগের দু্ই আসরের সাত গুনের বেশি প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে নবম হয়ে বাংলাদেশের প্রাপ্তি ছিল ১ লাখ মার্কিন ডলার করে। এবার তাদের অবস্থান সপ্তম। অবস্থানে উন্নতির পাশাপাশি এবার প্রাইজমানির অঙ্কও অনেকটা বাড়িয়েছে আইসিসি। এবার তাই বাংলাদেশ পাচ্ছে আগের চেয়ে সাত গুনেরও বেশি অর্থ।
নিচের দিকেই যদি প্রাইজমানি এত বাড়ে, ওপরের দিকে তাহলে সহজেই অনুমেয়! আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন্স ও রানার্স আপের প্রাইজমানি এবার বাড়ানো হয়েছে দ্বিগুনের বেশি। এমনকি এবারের রানার্স আপ দল পাবে গত দুই আসরের চ্যাম্পিয়নের চেয়ে বেশি অর্থ!
এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি থাকছে রেকর্ড ৩৬ লাখ মার্কিন ডলার। আগের দুই আসরেই এটা ছিল ১৬ লাখ ডলার করে।
রানার্স আপ দলের প্রাপ্তি হবে এবার ২১ লাখ ডলার। আগের দুই আসরে ফাইনালে হেরে যাওয়া দল পেয়েছে ৮ লাখ ডলার করে।
এবারের ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও প্রথমবার সেরার মঞ্চে আসা দক্ষিণ আফ্রিকা। টেস্টের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু ১১ জুন লর্ডসে।
এবার তৃতীয় হওয়া ভারতের প্রাইজমানি ১৪ লাখ ৪০ হাজার ডলার। প্রথম আসরের বিজয়ী নিউ জিল্যান্ড এবার চতুর্থ হয়ে পাচ্ছে ১২ লাখ ২০ হাজার ডলার।
পঞ্চম স্থানে শেষ করা ইংল্যান্ডের পুরস্কার ৯ লাখ ৬০ হাজার ডলার, ছয়ে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার।
সাতে আসর শেষ করে বাংলাদেশের প্রাপ্তি এবার ৭ লাখ ২০ হাজার ডলার। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার, নয়ে থাকা পাকিস্তান ৪ লাখ ৮০ হাজার ডলার।
গত দুই আসরেই ষষ্ঠ ধেকে নবম স্থানে থাকা চার দলের প্রাইজমানি ছিল সমান ১ লাখ ডলার করে।
