২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেতৃত্বে রিজওয়ান ছাড়া বিকল্প নেই পাকিস্তানের’

তরুণদের বদলে অভিজ্ঞদের দায়িত্ব দেওয়াকেই ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মুদাসসার নাজার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 07:11 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

বাবর আজম দায়িত্ব ছাড়ায় সীমিত ওভারের নতুন অধিনায়ক খুঁজছে পাকিস্তান। দলটির নেতৃত্বে মোহাম্মদ রিজওয়ানকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন মুদাসসার নাজার। সাবেক এই অলরাউন্ডারের মতে, আর কোনো বিকল্পও নেই পাকিস্তানের হাতে। তরুণদের বদলে অভিজ্ঞদের দায়িত্ব দেওয়াকেই ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি।

লম্বা একটা সময় পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক ছিলেন বাবর। ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর গত নভেম্বরে সব সংস্করণের দায়িত্ব ছেড়ে দেন তিনি। পরে পিসিবিতে পালাবদলে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দায়িত্ব নিয়ে বাবরের সঙ্গে কথা বলেন এবং গত ৩১ মার্চ সাদা বলের দুই সংস্করণের অধিনায়কত্বে ফেরানো হয় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

দ্বিতীয় মেয়াদে ছয় মাস নেতৃত্ব দেওয়ার পর গত বুধবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাবর। এই দফায় তার অধিনায়কত্বে ১৪টি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান। তবে এই সময়ে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি তারা।

পাকিস্তানের হয়ে ৭৬ টেস্ট ও ১২২ ওয়ানডে খেলা সাবেক ব্যাটিং অলরাউন্ডার মুদাসসার ‘ক্রিকেট পাকিস্তানকে’ দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রিজওয়ানকে অধিনায়ক করতে একরকম বাধ্য পাকিস্তান ক্রিকেটের কর্তারা।

“এখন তাদের (পিসিবি) আর কোনো বিকল্প বাকি নেই। রিজওয়ান ছাড়া তারা সবাইকে পরখ করেছে। তাদের রিজওয়ানকে অধিনায়ক বানাতেই হবে। আমার মনে হয় না, বোর্ডের ভেতরের লোক ও ম্যানেজমেন্টের শীর্ষ পর্যায়ের লোকজন রিজওয়ানকে নিয়ে সন্তুষ্ট। তবে তাকে এখন দায়িত্ব দিতে বাধ্য হবে তারা। অন্যথায়, তরুণ কাউকে দায়িত্ব দিলে, বাবর আজমের মতো পরিস্থিতি তৈরি হবে। সিনিয়য় একজনকে অধিনায়ক করে তার নেতৃত্বে তরুণ কাউকে গড়ে তোলা হবে ভালো সিদ্ধান্ত।”

গত নভেম্বরে বাবর প্রথম দফায় নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয় শান মাসুদকে। তার নেতৃত্বে সবশেষ সিরিজে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। মুদাসসার মনে করছেন, টেস্টেও রিজওয়ানকে দায়িত্ব দেওয়া উচিত পাকিস্তানের।

“আমার মতে, তিন সংস্করণেই রিজওয়ানকে অধিনায়ক করলে পাকিস্তানের জন্য ভালো হবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে অধিনায়কত্বে দ্রুত পরিবর্তনে। তরুণ ক্রিকেটারদের অধিনায়ক করা হয় এবং পরে সরিয়ে দেওয়া হয়, যা দলের মাঝে বিভাজন তৈরি করে। আসলে এটা কেবল পাকিস্তান দলের সমস্যা নয়।”