মে মাসেই আইপিএল ফেরানোর ভাবনা, তারপরও ভারত ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইপিএলের বাকি ম্যাচগুলো তিন ভেন্যুতে আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।
স্থগিত আইপিএলের বাকি অংশ মে মাসেই আয়োজনের জন্য বিকল্প পথ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এসব আলোচনার মাঝেই ভারত ছাড়তে শুরু করেছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি ক্রিকেটাররা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, শনিবারের মধ্যে বেশিরভাগ বিদেশি ক্রিকেটার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেন।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে উত্তেজনাময় পরিস্থিতি। এর মাঝেও আইপিএল চালিয়ে যাচ্ছিল বিসিসিআই। কিন্তু ধারামশালায় গত বৃহস্পতিবার ‘নিরাপত্তা শঙ্কায়’ দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটি মাঝপথে স্থগিত করে দেয় আয়োজকরা। পরদিন এক সপ্তাহের জন্য টুর্নামেন্টের বাকি অংশও স্থগিত করা হয়।
উপমহাদেশের প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের দামামার মাঝে আইপিএলে খেলতে যাওয়া নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন বিদেশি ক্রিকেটাররা শুক্রবার থেকেই যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে শুরু করেছেন বলে খবর।
এক সপ্তাহের স্থগিতাদেশ শেষে ভারত সরকারের অনুমতি পেলে চলতি মাসেই আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য বিকল্প পরিকল্পনা করছে বিসিসিআই। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, স্রেফ তিন ভেন্যু বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে আসরের বাকি ১৬ ম্যাচ আয়োজনের কথা ভাবছে তারা।
তবে মে মাসেই আইপিএল পুনরায় শুরু করা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ক্রিকইনফো জানিয়েছে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কর্তারা ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষ দিকে হতে পারে স্থগিত হওয়া টুর্নামেন্টের বাকি অংশ।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের শুক্রবারের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানায়, আগামী অগাস্টে হতে পারে আইপিএলের বাকি অংশ। ওই মাসে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা আছে, পরের মাসে ভারতের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপ; তবে এই দুটিই নাকি বাদ দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে।
আর মে মাসে ফের আইপিএল শুরু করা গেলেও বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিসিসিআইকে। ভারত ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের আসরের বাকি অংশে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলো বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
কলকাতায় আগামী ২৫ মে ফাইনাল দিয়ে পর্দা নামার কথা ছিল এবারের আইপিএলের। কিন্তু নতুন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আসর শেষ করার সম্ভাবনা নেই বললেই চলে।
চলতি আসরে এখন পর্যন্ত ৫৭টি আইপিএল ম্যাচ শেষ হয়েছে। পাঞ্জাব ও দিল্লির মধ্যকার স্থগিত হওয়া লড়াইটি পুনরায় হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।
১২টি লিগ পর্বের ম্যাচের পর রয়েছে প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে চারটি ম্যাচ। সূচি অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হায়দরাবাদে হবে। ফাইনালের পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে কলকাতায়।
