২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠের সমস্যায় ভুগছেন বুমরাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের শেষ ইনিংসে দলের সেরা বোলার ও অধিনায়ককে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

সিডনি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পর স্রেফ এক ওভার বোলিং করে মাঠ ছাড়েন জাসপ্রিত বুমরাহ। এরপর আর মাঠে নামেননি এই ম্যাচের ভারত অধিনায়ক। কি হয়েছে অভিজ্ঞ পেসারের, তৈরি হয় ধোঁয়াশা। দিনের খেলা শেষে সেটা কিছুটা পরিষ্কার করেন প্রাসিধ কৃষ্ণা।

নিউ ইয়ার টেস্টের শনিবার দিনের খেলা শেষে প্রাসিধ জানান, পিঠের সমস্যায় ভুগছেন বুমরাহ। আপাতত পর্যবেক্ষণে আছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের চতুর্থ ইনিংসে তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুই স্পেলে ছয় ওভার বোলিং করেন বুমরাহ। লাঞ্চের পর এক প্রান্তে বোলিং শুরু করেন তিনি, কিন্তু তার বলের গতি স্বাভাবিকের তুলনায় ছিল বেশ কম। ওই ওভারের পরই ভিরাট কোহলির সঙ্গে কথা বলে তিনি মাঠ ছেড়ে যান।

একটু পর তাকে দেখা যায়, অনুশীলনের পোশাকে মাঠ ছেড়ে যেতে। হাসপাতালে নেওয়া হয় তাকে। তার চোট সংক্রান্ত কিছু নিয়ে তখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি ভারত। পরে প্রাসিধ পরিষ্কার করেন সব কিছু।

নিয়মিত অধিনায়ক রোহিত শার্মা সরে দাঁড়ানোয় সিডনিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। তিনি মাঠ ছেড়ে যাওয়ায় দিনের বাকি অংশে দায়িত্বটি পালন করেন সাবেক অধিনায়ক ভিরাট কোহলি।

সিরিজজুড়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ হওয়া বুমরাহ মাঠ ছেড়ে গেলেও অবশ্য ভারতীয় বোলিং ভেঙে পড়েনি। বরং উজ্জীবিত পারফরম্যান্সে তারা আরও চেপে ধরে অস্ট্রেলিয়ানদের।

বুমরাহ মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৩১ ওভারে ৫ উইকেটে ১১১। পরের ২০ ওভারে আর ৭০ রান যোগ হতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে ১৮৫ রানের পুঁজি নিয়েও ৪ রানের লিড পায় ভারত।

আকাশ দিপের চোটে সুযোগ পাওয়া প্রাসিধ ছিলেন ভারতের সেরা বোলার। এক বছর পর টেস্ট খেলতে নামা ২৮ বছর বয়সী পেসার তিন উইকেট নেন ৩২ রানে। তিনটি শিকার ধরেন মোহাম্মদ সিরাজও, বুমরাহর প্রাপ্তি দুটি। দুই উইকেট নেন নিতিশ কুমার রেড্ডিও।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। সফরকারীরা এগিয়ে ১৪৫ রানে। প্রথম দুই দিনেই ২৬ উইকেট পতনের ম্যাচটির শেষ ইনিংসে বুমরাহকে না পেলে, ভারতের জন্য তা হবে বড় ধাক্কা।