২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিদের উন্নতি ৮ ধাপ, এগোলেন লিটনও

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের অগ্রগতি এক ধাপ।

তানজিদের উন্নতি ৮ ধাপ, এগোলেন লিটনও
তানজিদ হাসানকে (বাঁয়ে) আলিঙ্গন করছেন লিটন কুমার দাস। ছবি: বিসিবি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তানজিদ হাসানের ভালো খেলার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ ওপেনার। এক ধাপ অগ্রগতি হয়েছে লিটন কুমার দাসের।

পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৩৬তম স্থানে আছেন তানজিদ। তালিকায় তার ওপরে নেই বাংলাদেশের আর কেউ। বাংলাদেশ অধিনায়ক লিটনের অবস্থান ৪৭তম।

সিলেটে ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ৫৪ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তানজিদ। তার ৪০ বলের ইনিংসটি গড়া ছিল ২ ছক্কা ও ৪টি চারে। ওই ম্যাচে ২ চারে ১৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন লিটন।

দ্বিতীয় ম্যাচে অতটা ভালো করতে পারেননি তানজিদ। ২ চারে ২৪ বলে ২৯ রান করে ফেরেন তিনি। তবে আগের ম্যাচের মতো এবারও দলকে জিতিয়ে ফেরেন লিটন। চমৎকার ব্যাটিংয়ে ২ ছক্কা ও ৬টি চারে ২৯ বলে খেলেন ৫৪ রানের খুনে ইনিংস।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। উল্টো দুই ম্যাচেই ব্যাটিং না পাওয়া তাওহিদ হৃদয় ৬ ধাপ ও জাকের আলি ৪ ধাপ নিচে নেমে গেছেন। দুইজনে যথাক্রমে আছেন ৪৮ ও ৬৩ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি পেসার আগের মতোই দ্বাদশ স্থানে আছেন। ১৭ নম্বরে শেখ মেহেদি হাসান, যার শিকার দুই ম্যাচে একটি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪টি সহ দুই ম্যাচে মোট ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদেরও উন্নতি হয়নি। আগের মতোই ২৫তম স্থানে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ সেরা এই পেসার।

এক ধাপ নিচে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার অবস্থান এখন ২১তম। পেসার শরিফুল ইসলামের অবনতি ৩ ধাপ, আছেন ৫০ নম্বরে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে প্রথম ৩৫ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। এক ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডির সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে মেহেদি হাসান।

ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই দলের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বুধবার।