২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে রোহিতকে ‘পাচ্ছে না’ ভারত

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ভারতীয় বোর্ড বিসিসিআইকে জানিয়েছেন অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 07:40 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে রোহিত শার্মার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলই। সেই শঙ্কা সত্যি হতে চলেছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, পার্থ টেস্টে নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলবে ভারত। 

আগামী শুক্রবার শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারত দল। কিন্তু সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। ধারণা করা হচ্ছিল, রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে ২০ নভেম্বরের আশেপাশে। তবে ১৫ নভেম্বরই পৃথিবীর আলোয় চলে আসে তাদের সন্তান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এরপরও হয়তো প্রথম টেস্টে খেলবেন না রোহিত। দ্বিতীয় টেস্ট থেকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অধিনায়ক। ক্রিকইনফোর রোববারের প্রতিবেদনেও বলা হয়েছে একই কথা। অ্যাডিলেইডে ৪ অক্টোবর শুরু দুই দলের দিবা-রাত্রির টেস্টটি।

গোলাপি বলের টেস্টটির আগে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে দুই দিনের দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। গা-গরমের ম্যাচটিতে থাকবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছেন রোহিত।

রোহিত না খেললে প্রথম টেস্ট ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এর আগে একটি টেস্ট জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন অভিজ্ঞ এই পেসার। ২০২১-২২ মৌসুমে দুই ভাগের ইংল্যান্ড সফরের পঞ্চম ও শেষ টেস্টের আগে রোহিত কোভিড-১৯ আক্রান্ত হলে সুযোগটি আসে বুমরাহর সামনে।

রোহিতের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর ম্যাচে শুবমান গিলের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান। তার বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়েছে। এমনটা হলে, ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারেন লোকেশ রাহুল ও অভিষেকের অপেক্ষায় থাকা আভিমন্যু ইশ্বরনের মধ্যে একজন।

চোট শঙ্কা ছিল রাহুলেরও। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে গত শুক্রবার ব্যাটিংয়ের সময় প্রাসিধ কৃষ্ণার একটি ডেলিভারি তার কনুইয়ে আঘাত করে। শনিবারও মাঠে নামেননি তিনি। পরে রোববার তাকে নিয়ে সংশয় অনেকটা কেটে গেছে। এদিন ঘণ্টাখানেকের মতো ব্যাটিং করেছেন রাহুল।

রাহুল ও আভিমন্যু ছাড়াও টপ অর্ডারের বিকল্প হিসেবে দেবদূত পাডিক্কালকে বিবেচনায় রেখেছে ভারত। ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে খেলা বাঁহাতি ব্যাটসম্যানকে টেস্ট দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে। ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন তিনি গত মার্চে, ধারামশালায় ইংল্যান্ডের বিপক্ষে।