তামিমদের কাজ এখনও ‘শেষ হয়নি’
টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না তামিম ইকবাল, আরেকবার ট্রফি জিতে তবেই উল্লাস করতে চান ফরচুন বরিশাল অধিনায়ক।
কোয়ালিফায়ার জেতার পর ফরচুন বরিশালের টিম বয় ও সাপোর্ট স্টাফের কয়েকজনের উল্লাস ছিল দেখার মতো। তবে ডাগআউটে ক্রিকেটার ও কোচিং স্টাফের উদযাপনে খুব বেশি উচ্ছ্বাসের প্রকাশ ছিল না। তামিম ইকবালের প্রতিক্রিয়াও ঠিক তেমনই। ফরচুন বরিশালের অধিনায়ক বললেন, ট্রফি জয়ের আগে কাজ শেষ নয় তাদের।
গত বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও বেশ শক্তিশালী দল গড়ে ধরে রাখা ক্রিকেটার, সরাসরি চুক্তি ও প্লেয়ার্স ড্রাফট মিলিয়ে। বিশেষ করে, স্থানীয় ক্রিকেটার সংগ্রহে সবচেয়ে সমৃদ্ধ তারাই। আরেকটি ট্রফির জন্যই তাদের এই তাড়না। সেই লক্ষ্য পূরণের খুব কাছে এখন দল। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালকে উড়িয়ে তামিমরা পৌঁছে গেছেন ফাইনালে।
প্রাথমিক পর্বের শেষ ম্যাচে চিটাগংয়ের কাছেই হেরে গিয়েছিল বরিশাল। দুই দিন পর সেই চিটাগং পাত্তাই পেল না বরিশালের কাছে। তামিম বললেন, বড় ম্যাচের অভিজ্ঞতা এখানে বড় ব্যাপার।
“দলের প্রতি আমার এই বার্তাই ছিল যে, এটা স্রেফ আরেকটি ম্যাচ। এর বেশি কিছু নয়। কারণ, যখনই আমরা ভাবতে শুরু করব যে, এটা কোয়ালিফায়ার ম্যাচ, ফাইনালে খেলার হাতছানি আছে, তখনই স্নায়ুর চাপ পেয়ে বসবে। আমরা সাধারণ রাখতে চেয়েছি। এখানেই অভিজ্ঞতার ব্যাপারটি চলে আসে। দল যেভাবে একসঙ্গে মিশে গেছে, তা দারুণ।”
অভিজ্ঞতার সেই ভেলায় এবার শেষের বৈতরণী পার হওয়ার পালা। প্রথম কোয়ালিফায়ার জেতায় ফাইনালের জন্য বাড়তি দুদিন সময় পাচ্ছে বরিশাল। বিশ্রাম নিয়ে ফাইনালের জন্য তৈরি হওয়ার পর্যাপ্ত সময় থাকছে। তবে এই বাড়তি সময়ে দলের লক্ষ্য যাতে না নড়ে যায়, সেজন্য সতর্ক অধিনায়ক।
“আমরা জানি, কাজ শেষ হয়নি। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে। আমাদের যা করতে হবে, তা হলো আগামী দুই-তিন দিন ফোকাস ধরে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আমাদের প্রতিপক্ষ কোন দল হয়।”
শুক্রবার ফাইনালে তামিমদের প্রতিপক্ষ দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের লড়াইয়ের জয়ী দল।
