১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ম্যাককালামই থাকছেন ইংল্যান্ডের কোচ

ইংলিশদের টেস্ট দলের নেতৃত্বেও কোনো পরিবর্তন আসছে না।

ম্যাককালামই থাকছেন ইংল্যান্ডের কোচ
ব্রেন্ডন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 10:50 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

দলের নিষ্প্রভ পারফরম্যান্স ও ড্রেসিং রুমের সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠলেও, ব্রেন্ডন ম্যাককালামের ওপরই আস্থা রাখছে ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ককে তিন সংস্করণের প্রধান কোচের দায়িত্বে রাখার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুধু তাই নয়, পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসই থাকছেন দলটির টেস্ট অধিনায়ক। আগের মতো তার ডেপুটির দায়িত্ব পালন করবেন হ্যারি ব্রুক। আর ম্যানেজিং ডিরেক্টরের কাজ চালিয়ে যাবেন রব কি।

ইংল্যান্ডের কোচের দায়িত্বে ম্যাককালামের মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে গত অ্যাশেজে বাজেভাবে হারার পর তাকে সরিয়ে দেওয়ার আলোচনা ওঠে ইংলিশ ক্রিকেটে। চোট-জর্জর অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড।

গত কয়েক মাসে মাঠের বাইরের নানা ঘটনাও প্রবল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ইংলিশ ক্রিকেটে। সব মিলিয়ে গত জানুয়ারিতে ইংল্যান্ডের বোর্ড ঘোষণা দেয়, সবকিছুর ‘পুঙ্খানুপুঙ্খ যাচাই’ করা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বাদ পড়ার পর, এই বিশ্বকাপ সেই পর্যালোচনার অংশ হওয়ার কথা। সবকিছু যাচাই করে সোমবার ইসিবি জানিয়েছে, ম্যাককালাম, স্টোকস ও কি আগের মতোই থাকছেন দায়িত্বে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে চাউর হয়েছিল যে, অ্যাশেজ সিরিজ চলাকালীন ম্যাককালামের সঙ্গে স্টোকসের সম্পর্কের অবনতি ঘটেছে। যদিও জনসমক্ষে তারা একে অপরকে সমর্থন দিয়েছেন।

রব কি স্কাই স্পোর্টসকে সোমবার বলেন, ম্যাককালামই ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার জন্য সেরা ব্যক্তি।

“শেষ পর্যন্ত কথা হলো, কারা ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে? কে দেশের সেরা খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারবে? আমার কাছে সেই ব্যক্তি হলো ব্রেন্ডন ম্যাককালাম।”

“অনেক অনেক সাফল্য আমরা পেয়েছে তাদের দায়িত্বে। যদিও শীতের মৌসুমটা একেবারেই ভালো যায়নি, এমনটা বললেও কম বলা হবে। তবে এজন্য তাদের খারাপ নেতা বলা যায় না।”