নির্বাচন কি ‘আইডিয়াল’ হচ্ছে? আমিনুল বললেন, ‘নির্বাচন কমিশন জানে’
স্বল্প মেয়াদে এসেও দীর্ঘমেয়াদে থাকতে চাওয়ার পেছনে আমিনুল ইসলাম বুলবুল বললেন, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া প্রয়োজন।’
বিসিবি ভবনের দোতলা থেকে যখন নিচে নেমে এলেন আমিনুল ইসলাম বুলবুল, সংবাদকর্মীদের ছুটোছুটি শুরু হয়ে গেল। নির্বাচনের আগের দিন বিসিবি সভাপতিকে পাওয়া যাবে ক্যামেরা-মাইক্রোফোনের সামনে, ধারণা করতে পারেননি সংবাদকর্মীদের অনেকেই। গত কিছুদিনে যে বারবার নির্বাচনের প্রসঙ্গ তিনি এড়িয়ে গেছেন! আমিনুল অবশ্য নিজেই খোলাসা করে দিলেন এ দিনের সংবাদ সম্মেলনের কারণ, “আমাদের এই ক্রিকেট বোর্ডের মেয়াদের শেষ দিন আজকে। শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি।”
নিজের চার মাসের দায়িত্বের নানা সাফল্য তুলে ধরলেন আমিনুল। বিসিবি নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ছুটে গেল তার দিকে। কিছু তিনি এড়িয়ে গেলেন, কিছুর উত্তর দিলেন নিজের মতো করে আর কিছু ক্ষেত্রে বল ঠেলে দিলেন নির্বাচন কমিশনের কোর্টে।
গত কয়েক দিনের নানা ঘটনাপ্রবাহ, সরকারে হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগে সব মিলিয়ে ২০ প্রার্থীর সরে দাঁড়ানোর পর বিসিবি নির্বাচন হয়ে উঠেছে স্রেফ আনুষ্ঠানিকতা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন বেশ কজন, তাদের মধ্যে আছেন স্বয়ং আমিনুল এবং এ দিনের সংবাদ সম্মেলনে তার পাশে থাকা নাজমূল আবেদীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুলের আবার সভাপতি হওয়াটাও স্রেফ এখন সময়ের ব্যাপার।
কিন্তু এত এত অভিযোগ, এত প্রার্থীর সরে দাঁড়ানো, নির্বাচন স্রেফ আনুষ্ঠানিকতায় রূপ নেওয়া, সব মিলিয়ে আদৌ কি এটা আদর্শ নির্বাচন হচ্ছে? আমিনুলের কাছে চাওয়া হয় এই প্রশ্নের সরাসরি উত্তর। তিনি জবাব দিলেন একটু ঘুরিয়ে।
“আইডিয়াল ভোট হচ্ছে কিনা, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই এবং এটা আমার জন্য প্রথম। হয়তো ভাবছি, এটাই হয়তো নরমাল।”
তার কাছে প্রশ্ন ছুটে যায়, কেমন নির্বাচন তিনি চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত নির্বাচন কেমন হচ্ছে। এখানেও তিনি সরাসরি কিছু বললেন না।
“ওই যে বললাম প্রথম… সবকিছুই প্রথম তো। আমি নিজেও শিখছি প্রত্যেকটা দিন। আমি একটা জিনিস শিখেছি যে, প্রত্যেকটা ঘণ্টা বদলে যায়। মানে এক ঘণ্টা পর পর সবকিছু বদল হয়ে যায়। তো এখনও তো… ভোট তো এখনও প্রায় ২০ ঘণ্টা বাকি আছে। দেখি কী হয়।”
পর্দার আড়ালের খেলায় আগেভাগেই ভোট সেরে ফেলা হয়েছে, ঢাকার একটি হোটেলে শুক্রবার রাতে অনেকের ভোটই নেওয়া হয়ে গেছে এবং ক্লাব কোটার ১২ পরিচালক চূড়ান্ত হয়ে গেছে বলে রোববার খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকায়। এই প্রসঙ্গে আমিনুলের মন্তব্য, “এটা আমি জানি না। এটা নির্বাচন কমিশন বলতে পারবে।”
চার মাস আগে দায়িত্ব নেওয়ার সময় আমিনুল বলেছিলেন, তিনি ‘কুইক একটা টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে এসেছেন এবং দীর্ঘমেয়াদে নিজেকে এই দায়িত্বে দেখছেন না। বলার অপেক্ষা রাখে না, তার সেই মনোভাব পরে বদলে গেছে।
কিছুদিন আগে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ক্রীড়া উপদেষ্টা চাইলে তিনি বিসিবিতে নির্বাচন করবেন। যদিও বিসিবির নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা বা সরকারের বিন্দুমাত্র ভূমিকা রাখার কোনো সুযোগ আনুষ্ঠানিকভাবে নেই। কিন্তু তাকে পুনরায় বিসিবি সভাপতি করতে ক্রীড়া উপদেষ্টা চরম মাত্রায় হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ উঠেছে।
আমিনুল অবশ্য নিজের সেই বক্তব্য এড়িয়ে গেলেন। নিজের নির্বাচন করতে চাওয়ার কারণও তুলে ধরলেন সাবেক এই অধিনায়ক।
“আমার ঠিক মনে নেই, কবে বলেছি যে ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছে। তবে ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছেন, এই কাজটা আমি যে এই মেয়াদে কাজ করছিলাম। এখানে আমি তাকে একটু ধন্যবাদ জানাতে চাই আরেকটা ব্যাপারে, উনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে, বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে রাত-বিরাত তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং চেষ্টা করেছেন একটা সুষ্ঠু নির্বাচন শুধু নয়, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি।”
“আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না বা আপনারা যারা আছেন, যদি মনে করেন যে, আই অ্যাম নট গুড এনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি যে কোনো সময়। বাট অ্যাট দা সেম টাইম, আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট।”
বিসিবি সভাপতি পদে আমিনুলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারতেন যিনি, সেই তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যহার করে নিয়েছেন নির্ধারিত দিনে। সেদিন মনোনয়নপত্র তুলে নেন আরও ১৫ জন। এরপর এই কদিনে আরও চার প্রার্থী সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। নির্বাচনের সত্যিকারের আমেজই তাই হারিয়ে গেছে একরকম। এই প্রসঙ্গেও আমিনুল খুব গভীরে গেলেন না অনুমিতভাবেই।
“যে যে বয়কট করছে বা যে যে এখানে আসছে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি গঠনতন্ত্রের মধ্যে যেটা ঘটতে যাচ্ছে, নির্বাচন কমিশনের অধীন, তার মধ্যেই থাকতে চাচ্ছি এবং তার বাইরে আমি কোনো কথা বলব না।”
মনোনয়নপত্র তুলে নেওয়া কিছু প্রার্থীসহ ঢাকার ৪৮ ক্লাবের প্রতিনিধিরা তিন দফা দাবি জানিয়ে শনিবার বলেছেন, দাবিগুলো মানা না হলে সব ধরনের লিগ বর্জন করবেন তারা। আমিনুল বললেন, সভাপতি নির্বাচিত হলে তিনি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন।
“দেখুন, বিশ্বযুদ্ধগুলো হতো না, যদি কেউ চেয়ার-টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সবকিছু ক্লিয়ার করার।”
