অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশের সামনে ২৯ রানেই শেষ মালয়েশিয়া
উইমেন’স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর পর্বে বাংলাদেশ।
মালয়েশিয়া এমনিতেই কঠিন কোনো প্রতিপক্ষ নয়। মাঠের ক্রিকেটেও সেই পার্থক্যটা পরিষ্কার বুঝিয়ে দিল বাংলাদেশ। ব্যাটে-বলে দাপুটে জয়ে তারা পৌঁছে গেল সুপার ফোর পর্বে।
উইমেন’স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানে হারাল বাংলাদেশ। কুয়ালা লামপুরে সোমবার বাংলাদেশের ১৪৯ রানের জবাবে মালয়েশিয়ার ইনিংস শেষ হয় ২৯ রানেই।
আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া নিশিতা আক্তার এবার ৫ উইকেট শিকার করেন কেবল ৩ রান দিয়ে। তবে ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা জান্নাতুল মাওয়া।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৫ রান এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া, ১৬ বলে ১৯ রান করেন ইভা।
এরপর দুই সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা ভালো কিছু করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন জান্নাতুল মাওয়া, শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার।
৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন জান্নাতুল, ১৯ বলে ৩১ রানে সাদিয়া।
রান তাড়ায় মালয়েশিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ওপেনিংয়ে ৫ রান করেন নূর আলিয়া বিন্তি মোহাম্মদ হাইরুন। সেটিই দলের সর্বোচ্চ! তিন ব্যাটার আউট হন শূন্য রানে, চার ব্যাটার করেন ১ রান।
বাংলাদেশের সঙ্গে এই গ্রুপ থেকে সুপার ফোর পর্বে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোর-এ নিজ গ্রুপ থেকে ওঠা দল ছাড়া অন্য দুই দলের বিপক্ষে খেলতে হবে। অন্য গ্রুপ থেকে উঠেছে ভারত ও নেপাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫ (ছোঁয়া ২৬, ইভা ১৯, সুমাইয়া ১, জান্নাতুল ৪৫*, সুমাইয়া ১২, আফিয়া ৩, সাদিয়া ৩১*; মানিভানান ৪-০-৩৭-০, সিউহাদা ৪-০-৩২-০, দানিয়েল ৪-০-২৫-২, মারসিয়া ৪-০-১৯-৩, নোরমিজান ৪-০-৩১-০)।
মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯ (হাইরুন ৫, নাবিল ৩, সাইফিকা ৩; ফারজানা ৩-১-৮-০, নিশিতা ৩.৫-১-৩-৫, আনিসা ৪-১-৫-২, হাবিবা ৪-১-৫-৩)।
ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল মাওয়া।
