ওভালে ভারতের জয় ‘প্রাপ্য’ ছিল, বললেন ইংল্যান্ড কোচ
ব্রেন্ডন ম্যাককালামের মতে, সিরিজের শেষ টেস্টে তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে ভারত।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে ভারতের হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে ব্রেন্ডন ম্যাককালামকে। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের মুঠো থেকে সফরকারীদের জয় বের করে নেওয়া মনে ধরেছে তার। ইংল্যান্ডের প্রধান কোচের মতে, শ্রেয়তর দল হিসেবেই ওভাল টেস্ট জিতে নিয়েছে ভারত।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ওভালে খেলতে নামে ভারত। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তাদের শুরুটা ভালো ছিল না। প্রথম ইনিংসে গুটিয়ে যায় কেবল ২২৪ রানে। তবে হাল ছাড়েনি তারা। স্বাগতিকদেরও করতে দেয়নি বড় রান, গুটিয়ে দেয় ২৪৭ রানে।
ম্যাচে ভারতের ঘুরে দাঁড়ানোর শুরু এরপর থেকে। দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে ইয়াশাসভি জয়সওয়ালের সেঞ্চুরি এবং আকাশ দিপ, রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দারের ফিফটিতে ৩৯৬ রানের পুঁজি গড়ে ইংল্যান্ডকে ৩৭৪ রানের লক্ষ্য দেয় তারা।
দুর্দান্ত বোলিংয়ে রান তাড়ায় নামা ইংলিশদের শুরুতে চেপে ধরে ভারত। ম্যাচ যখন মনে হচ্ছিল তাদের নিয়ন্ত্রণে, তখনই সব এলোমেলো করে দেন মোহাম্মেদ সিরাজ। হ্যারি ব্রুকের ‘ক্যাচ’ মুঠোয় জমিয়ে বাউন্ডারি লাইনে পা ঠেকিয়ে ফেলেন তিনি। আউটের বদলে ছক্কা পান ব্রুক। ১৯ রানে জীবন পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রুক।
দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরি করেন জো রুটও। ম্যাচের লাগাম তখন ইংল্যান্ডের হাতে। কিন্তু দমে যায়নি ভারত। ব্রুক ও রুটকে ফিরিয়ে সম্ভাবনা উজ্জ্বল করে দলটি।
শেষ দিনে যখন ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড, তখন তাদের প্রয়োজন ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। ৫৬ মিনিটে সিরাজ ও প্রাসিধ কৃষ্ণার অসাধারণ বোলিংয়ে ৬ রানের অবিশ্বাস্য জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ভারত। ২-২ সমতায় সিরিজ শেষ করার তৃপ্তিও তাদের সঙ্গী হয়।
গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতকে জয় এনে দেওয়া সিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন ম্যাককালাম। সিরিজের সবগুলো ম্যাচ খেলে সিরাজ শেষ দিকে এসেও যেভাবে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, তা মন জয় করে নিয়েছে নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বিস্ফোরক ব্যাটসম্যানের। সব মিলিয়ে, শেষ ম্যাচে ভারত তাদের চেয়ে ভালো খেলেছে বলে মনে করছেন ইংল্যান্ডের কোচ।
“আমরা তাদের সব রকম চাপে রেখেছিলাম। দল হিসেবে তারা কতটা দৃঢ়চেতা, এটা তার প্রমাণ। আমরা জানতাম ইংল্যান্ডে এলে তারা কঠিন চ্যালেঞ্জ জানাবে এবং চাওয়া অনুযায়ী ফলাফল পেতে আমাদের দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।”
“এই টেস্টে ভারত শেষ দিকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, (টানা) পঞ্চম টেস্ট খেলতে নেমে নিজের ৩০তম ওভারে ৯০ মাইলবেগের ডেলিভারি করে মোহাম্মেদ সিরাজ বড় হৃদয়ের পরিচয় দিয়েছে, এটা সত্যিই অসাধারণ প্রচেষ্টা ছিল। এই টেস্টে আমরা নিজেদেরকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও আমার মনে হয় জয় তাদের প্রাপ্য ছিল। তারা (আমাদের চেয়ে) ভালো ক্রিকেট খেলেছে।”
