১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হেনরির আগুনে পুড়ল জিম্বাবুয়ের ব্যাটিং

চমৎকার বোলিংয়ে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের দেড়শর আগে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন এই পেসার।

হেনরির আগুনে পুড়ল জিম্বাবুয়ের ব্যাটিং
ম্যাট হেনরিকে ঘিরে নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 10:41 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে পেসারদের জন্য ছিল সহায়তা। সেটি খুব ভালোভাবে কাজে লাগালেন ম্যাট হেনরি। সঙ্গে লাইন-লেংথে বৈচিত্র্য এনে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামালেন এই পেসার। তার চমৎকার বোলিংয়ে জিম্বাবুয়েকে দেড়শর আগে গুঁড়িয়ে দিল নিউ জিল্যান্ড।

বুলাওয়ায়োতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে স্রেফ ১৪৯ রানে থামায় কিউইরা। পরে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। এখনও ৫৭ রানে পিছিয়ে আছে তারা।

ক্যারিয়ারের দ্বাদশ ফিফটিতে ৮ চারে ৫১ রান করে অপরাজিত আছেন ডেভন কনওয়ে। আরেক ওপেনার উইল ইয়াং খেলছেন ৪ চারে ৪১ রানে।

অভিজ্ঞ কেন উইলিয়ামসন, কাইল জেমিসন, টম ল্যাথাম, গ্লেন ফিলিপসদের মতো ক্রিকেটারদের ছাড়া চলতি বছরে নিজেদের প্রথম টেস্ট খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করল নিউ জিল্যান্ড। এতে বড় কৃতিত্ব ৩৯ রানে ৬ উইকেট নেওয়া হেনরির। টেস্ট ক্যারিয়ারে এনিয়ে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। ২০ রানে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আরেক পেসার ন্যাথান স্মিথ।

হেনরি ও স্মিথের ছোবলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে। ফিফটি করতে পারেননি তাদের কেউ। ৬ চারে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক ক্রেইগ আরভাইনের ব্যাট থেকে। দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল তিনজন।

প্রতিপক্ষ শিবিরে তৃতীয় ওভারে আঘাত হানেন হেনরি। তার ফুল লেংথ বলে তৃতীয় স্লিপে ধরা পড়েন ব্রায়ান বেনেট। কয়েক ওভার পর হেনরির বলেই একই জায়গায় ক্যাচ দেন আরেক ওপেনার বেন কারান।

চাপে পড়া দলকে আরও বিপদে ফেলে ফিরে যান শন উইলিয়ামস। অভিজ্ঞ ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে দেন স্মিথ।

আরভাইনের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন নিক ওয়েলচ। ৪টি চারে ২৭ রান করা ওয়েলচকে ফিরিয়ে তাদের যুগলবন্দি ভাঙেন হেনরি। দুই বল পর সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন এই পেসারই। 

টাফাডজোয়া সিগাকে নিয়ে দলের হাল ধরেন আরভাইন। জিম্বাবুয়ের ইনিংসে প্রথম কোনো জুটি স্পর্শ করে পঞ্চাশ। নিজের পরপর দুই ওভারে দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে ১৪০ বল স্থায়ি ৫৪ রানের জুটি ভাঙেন স্মিথ।

৬ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। যার দুটিই হেনরির শিকার। নিউম্যান নিয়ামহুরিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

জবাব দিতে নেমে নিউ জিল্যান্ডকে ভালো শুরু এনে দেন ইয়াং ও কনওয়ে। দলকে কোনো বিপদে পড়তে দেননি তারা। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮৩ বলে ৫০ স্পর্শ করেন কনওয়ে। ইয়াংও দাঁড়িয়ে ফিফটির দুয়ারে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৬০.৩ ওভারে ১৪৯ (বেনেট ৬, কারান ১৩, ওয়েলচ ২৭, উইলিয়ামস ২, আরভাইন ৩৯, রাজা ২, সিগা ৩০, নিয়ামহুরি ৯, মাসেকেসা ৭, মুজারাবানি ১, চিভাঙ্গা ০*; হেনরি ১৫.৩-৩-৩৯-৬, ও’রোক ১৩-৩-২৬-০, স্মিথ ১৪-৮-২০-৩, স্যান্টনার ১৬-৪-৪৬-০, ব্রেসওয়েল ২-০-১২-০)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৬ ওভারে ৯২ (ইয়াং ৪১, কনওয়ে ৫১, মুজারাবানি ৮-৩-২৫-০, চিগাঙ্গা ৪-০-২৩-০, নিয়ামহুরি ৬-২-১৮-০, রাজা ৫-১-১৩-০, উইলিয়ামস ২-০-১১-০, মাসেকেসা ১-০-২-০)