২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি সেঞ্চুরিতে রোহিত ও গাম্ভিরকে ছাড়িয়ে রাহুল

দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ঠিক ১০০ রানের ইনিংস।

আরেকটি সেঞ্চুরিতে রোহিত ও গাম্ভিরকে ছাড়িয়ে রাহুল
সেঞ্চুরির পর লোকেশ রাহুল। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

লাল বলের ক্রিকেটে ২২ গজে রানের স্রোত বইয়ে চলেছেন লোকেশ রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিংয়ে উপহার দিয়েছেন সেঞ্চুরি। তাতে কীর্তির একটি পাতায় টপকে গেছেন তিনি রোহিত শার্মা ও গৌতাম গাম্ভিরকে।

আহমেদাবাদ টেস্টে শুক্রবার ঠিক ১০০ রান করে আউট হন রাহুল। তার ১৯৭ বলের ইনিংসটি গড়া ১২ চারে।

টেস্ট ক্রিকেটে এটি রাহুলের একাদশ সেঞ্চুরি। এর ১০টিই করেছেন তিনি ইনিংস শুরু করতে নেমে। এতে ভারতীয় ওপেনারের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ছাড়িয়ে গেছেন রোহিত ও গাম্ভিরকে।

ভারতের সাবেক অধিনায়ক রোহিত ও বর্তমানে ভারত দলের কোচ গাম্ভির দুইজনই ইনিংস শুরু করতে নেমে নয়টি করে সেঞ্চুরি করেছেন।

ভারতীয় ওপেনারদের মধ্যে রাহুলের চেয়ে সেঞ্চুরি বেশি আছে কেবল তিনজনের। ৩৩ সেঞ্চুরি করে তালিকায় সবার ওপরে ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার। বিস্ফোরক ওপেনার ভিরেন্দার শেবাগের সেঞ্চুরি ২২টি। আর মুরালি ভিজায় করেছেন ১২টি শতক।

ম্যাচের প্রথম দিন বৃহস্পতিবার শেষ সেশন ব্যাটিং করে ৫৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। প্রথম ওভারে দুটি চার মেরে নতুন দিনের পথচলা শুরু করেন তিনি।

ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৯০ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন রাহুল। ঘরের মাঠে এনিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। শতক ছোঁয়ার পর এক হাতে ব্যাট উঁচিয়ে ও অন্য হাতের আঙুল মুখে নিয়ে অভিনব এক উদযাপন করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে আছেন রাহুল অনেক দিন থেকে। সবশেষ ইংল্যান্ড সফরেও আলো ছড়ায় তার ব্যাট। গত জুন-জুলাইয়ে পাঁচ টেস্টের ওই সিরিজে সেঞ্চুরি করেন দুটি, একটিতে আউট হন ৯০ রানে। পঞ্চাশ ছোঁয়া ইনিংস ছিল আরও একটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি উপহার দেন রাহুল। রান তাড়ায় ২১০ বলে খেলেন ১৭৬ রানের অপরাজিত ইনিংস। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৪১২ রানের লক্ষ্যে ৫ উইকেটে জিতে যায় ভারত।

সব মিলিয়ে, প্রথম শ্রেণির ক্রিকেটে এনিয়ে ২৩টি সেঞ্চুরি করলেন ৩৩ বছর বয়সী রাহুল।