২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের আঁধারে একটু আলোর খোঁজে বাংলাদেশ

টানা চারটি সিরিজ হেরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা বাংলাদেশ লড়বে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

আফগানিস্তানের কাছে যাচ্ছেতাই ভাবে পর্যদুস্ত হওয়ার ঘা এখনও দগদগে। দেশে ফেরার পর বিমানবন্দরে সমর্থকদের কাছে হেনস্তা হওয়ার আঘাত তো প্রকাশ্যই। তাতে ভেতরে-বাইরে রক্তক্ষরণ কতটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের, ভালো বলতে পারবেন তারাই। তবে তাদের অপেক্ষায় এখন বড় পরীক্ষা। পেশাদারিত্বের পরীক্ষা। স্কিলের পরীক্ষা। মানসিক শক্তির পরীক্ষা।

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশড হয়ে ফেরার পর নিজেদের সঙ্গে বোঝাপড়ার সময়ও খুব একটা ছিল না। আবার মাঠে নামতে হচ্ছে নতুন লড়াইয়ে। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু শনিবার দুপুর দেড়টায়। 

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নবম, বাংলাদেশের দশম। খুব উঁচু ক্রিকেটীয় মানের আশা এই সিরিজে নেই। বিশ্ব ক্রিকেটের খুব কৌতূহলও এই লড়াইয়ে থাকবে না। তবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট যে মোড়ে দাঁড়িয়ে আছে, সিরিজটি সেদিক থেকে দারুণ গুরুত্বপূর্ণ মেহেদী হাসান মিরাজের দলের জন্য। 

মাত্রই আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশড হয়েছে দল। চারপাশে সমালোচনার ঝড়। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কা। সব মিলিয়ে বাংলাদেশের একসময়ের গর্বের সংস্করণ এখন গ্লানিময়।  

বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য বললেন, ব্যাপারটি স্রেফ একটি সিরিজের। আফগানদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতাটুকু মেনে নিয়ে তিনি শোনালেন ঘুরে দাঁড়ানোর আশাবাদ।

“কোনো সংস্করণ খেলতে ভুলে যাওয়ার ব্যাপার এটি নয়। স্রেফ একটি বাজে সিরিজ গিয়েছে আমাদের, যেখানে আমরা ভালো জুটি গড়তে পারিনি, বিশেষ করে মাঝের ওভারগুলোয়। শুরুতে জুটি হয়েছে, মিডল অর্ডার ভেঙে পড়েছে। শ্রীলঙ্কাতেও (আগের সফরে) কিছুটা দেখেছি আমরা, সহজেই এগিয়ে যাচ্ছিলাম আমরা। এরপর একটি রান আউট এবং দ্রুতই আমরা ছয় উইকেট হারিয়ে ফেলি।”

“ব্যাপারটি তাই এটি উপলব্ধি করার যে, মাঝের সময়টায় আমাদের জুটি গড়তে হবে এবং ছেলেরা এখানেই কাজ করার চেষ্টা করছে যতটা সম্ভব। একটি বাজে সিরিজ আমাদের গিয়েছে এবং মানছি যে, ব্যাটাসম্যানরা খারাপ করেছে। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।”

কোচ যদিও বলছেন একটি বাজে সিরিজের কথা, বাস্তবতা বলছে ভিন্ন কথা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক সময়ে ছয় নম্বরে থাকা দল, দীর্ঘদিন সাত নম্বরে থাকা দল এখন দশে নেমে গেছে তো স্রেফ এক সিরিজেই নয়! এটি ছিল বাংলাদেশের টানা চতুর্থ সিরিজ হার। সবশেষ আট সিরিজে জয় আছে কেবল একটিতে।

আফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়া এবং শেষ দুই ম্যাচে এভাবে বিধ্বস্ত হওয়ার ধাক্কাটাই অবশ্য সবচেয়ে জোরাল। সে মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার সময় খুব একটা ছিল না, মানছেন সিমন্সও। তবে তিনি চেষ্টা করছেন ক্রিকেটীয় অনুশীলনেই সামনের পানে ছুটতে।

“এরকম একটি সিরিজের পর যেটা করা যায়, সেটা হলো এটাকে পেছনে ফেলার যতটা সম্ভব চেষ্টা করা। কারণ আমরা জানি, আমরা এর চেয়ে ভালো দল। আমরা জানি, আমরা এর চেয়ে ভালো খেলতে পারি। এভাবেই ভাবার চেষ্টা করছি আমরা। সময়টা যদিও ছিল খুব কম। আমরা এমনভাবে আজকে অনুশীলন করার চেষ্টা করেছি, যা কালকে আমাদেরকে ভালো অবস্থানে রাখবে।”

“অতীতে যা হয়েছে, তা নির্মূলের অনুশীলন আমরা করছি না। অনুশীলন করছি সামনের জন্য অনুশীলন করতে, কালকের দিকে মনোযোগ দিতে, যেভাবে আমরা কালকে খেলতে চাই।”

মিডল অর্ডার ব্যাটিংয়ের সাম্প্রতিক ভয়াবহ অবস্থায় চোখ রেখেই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। সবশেষ বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করা এই কিপার-ব্যাটার ওয়ানডেতে ডাক পেলেন প্রথমবার। শনিবার তার অভিষেকের সম্ভাবনা আছে ভালোভাবেই। তবে টপ অর্ডারেও দুর্ভাবনা কম নয়!

তানজিদ হাসান বারবার সুযোগ পেলেও স্রেফ খানিকটা ঝলক দেখানো ছাড়া বড় কিছু করতে পারেননি। সাইফ হাসান টি-টোয়েন্টিতে আলো ছড়ার পর ওয়ানডেতে সম্ভাবনার ঝিলিক দেখিয়েছেন, তবে পরীক্ষার বাকি আছে অনেক। পারভেজ হোসেন ইমন আপাতত চোটের কারণে বাইরে। দুই বছর পর ফিরে এক ম্যাচে বাজে ব্যাটিংয়ের পরই জায়গা হারিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। 

গত কিছু সিরিজে ওপেনিংয়ে বদল এসেছে বারবার। তিন নম্বরেই নেই আশার আলো। অধিনায়কত্বের সময় দারুণ ব্যাটিং ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব হারানোর পর হয়ে গেছেন নিজের ছায়া। বাধ্য হয়ে আগের অনেকবারের মতো আবার ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। অভিজ্ঞ ওপেনারকে দেখা যেতে পারে প্রথম ম্যাচের একাদশে। 

ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ওয়ানডে সিরিজে গত অগাস্টে হারিয়েছে পাকিস্তানকে। তাদের সঙ্কট তাই হয়তো বাংলাদেশের মতো তীব্র নয়। তবে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ও রটিং পয়েন্ট বলছে, তাদের অবস্থাও সঙ্গীন। প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নরা গত বিশ্বকাপে বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হয়েছিল। এবারও তারা বাছাইয়ে খেলার শঙ্কায় আছে। বাংলাদেশের কাছে হেরে গেলে, তাদের বিপদ ঘনীভূত হবে আরও।

বিশ্বকাপের দিকে তাকিয়েই সিরিজ জয়ের তাড়নার কথা শোনালেন কোচ ড্যারেন স্যামি।

“দক্ষিণ আফ্রিকায় ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার অভিযানে আছি আমরা এবং দলের মনোযোগ এখন সেদিকেই। সরাসরি খেলার জন্য এই পয়েন্টগুলো পেতে চাই আমরা।”

“বাংলাদেশের বিপক্ষে সবশেষ যে ওয়ানডে সিরিজটি আমরা খেলেছি, তা ছিল আমাদের জন্য সফল। যদিও আমরা জানি, তারা এমন এক দল, যাদের বিপক্ষে তাদের মাঠে খেলা অনেক কঠিন। আমার দলের ছেলেরা এবং আমি নিশ্চিত, অধিনায়কও বলবে, জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।”

স্যামি অবশ্য চমকে গেছেন উইকেট দেখে। তার অকপট মন্তব্য, এমন উইকেট আগে কখনও দেখেনি তিনি। কালো চেহারার এই উইকেট নিয়ে কিছুদিন ধরেই চলছে তুমুল আলোচনা। মিরপুরে আবার সেই মন্থর ও টার্নিং উইকেট বানিয়ে ক্যারিবিয়ানদের হারানোর ছক কষা হয়েছে কি না, চলছে এমন আলোচনা। বাংলাদেশ কোচ সিমন্স বললেন, উইকেটে স্পিন ধরতে পারে বলে মনে করেন তিনি। 

তবে বাংলাদেশের উইকেট বদলে দিতে যাকে আনা হয়েছে, বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান ও মাঠ সংশ্লিষ্ট অন্যরা বলছেন, উইকেট দেখতে কালো হলেও আচরণ ভালো হবে। 

সেখানেই এখন আলো ছড়ানোর চেষ্টায় নামবেন মিরাজরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলেও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সাম্প্রতিক বাস্তবতা বদলাবে না, ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে বড় পদক্ষেপ হবে না। তবে সমর্থকদের তোপের মুখে থাকা দল, সমালোচনার ঝড়ের চক্রে থাকা দল, আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলের জন্য এই সিরিজে জয়টা বড্ড জরুরি।