ভারত-নিউ জিল্যান্ড
Published : 15 Jan 2026, 04:27 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণের শেষ সিরিজে ওয়াশিংটন সুন্দারকে পাচ্ছে না ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর এবার ২০ ওভারের লড়াই থেকেও ছিটকে গেছেন এই স্পিনিং অলরাউন্ডার।
কিউইদের বিপক্ষে গত রোববার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পাশের পাঁজরে চোট পান ওয়াশিংটন। ৪ উইকেটে জেতা ম্যাচে কেবল ৫ ওভার বোলিং করতে পারেন তিনি। কিউইদের ইনিংসের মাঝপথে মাঠ ছেড়ে যাওয়ার পর ফিল্ডিংয়ে আর নামেননি। পরে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের জয়ে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন এই ক্রিকেটার। ব্যাটিংয়ের সময়ও তার অস্বস্তি স্পষ্ট ছিল।
ওই চোটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান ওয়াশিংটন। এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতেও খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যে সিরিজটি শিরোপাধারী ভারতের জন্য প্রস্তুতির মঞ্চ।
আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ভারত ও নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টির লড়াই। এরপর আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত।
বিশ্বকাপের দলে আছেন ওয়াশিংটন। কিন্তু বৈশ্বিক আসরে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছে এই চোটের কারণে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে এনিয়ে এখনও কিছু বলা হয়নি।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়াশিংটনের বদলি হিসেবে আয়ুশ বাদোনিকে দলে যোগ করেছে ভারত। টি-টোয়েন্টি দলেও কি বাদোনিকে যোগ করা হবে, সেটা এখনও নিশ্চিত করেনি বিসিসিআই।
কুঁচকির চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করা হয়েছে তিলাক ভার্মার। আর তাই নিউ জিল্যান্ড সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে তাকে পাবে না ভারত।
ভারতের টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন (কিপার), তিলাক ভার্মা (শেষ দুই ম্যাচ), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, ইশান কিষান (কিপার)।