২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় বেলায় পেশাদারিত্বের আড়ালে কান্না লুকাতে চান অ্যান্ডারসন

প্রায় ২১ বছর ও ১৮৮ টেস্ট ম্যাচের যাত্রায় ইতি টানার আগে আবেগ নিয়ন্ত্রণে রাখার বার্তাই দিলেন জেমস অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 09:15 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

বয়স ২১ পূর্ণ হওয়ার আগেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। প্রায় ২১ বছর পর একই মাঠে থামছে জেমস অ্যান্ডারসনের পথচলা। মাঝের সময়ে স্মৃতির ভাণ্ডারে জমা হয়েছে কতশত মণিরত্ন। বিদায়বেলায় সব বারেবারে উঁকি দেওয়া স্বাভাবিক। তাতে আবেগের তারে ঝংকার ওঠারই কথা। তবে সেই বিদায়ের রাগিনীতে তিনি বুঁদ হতে চান না। বরং শেষ ম্যাচেও পেশাদারিত্বের বাঁধ দিয়ে আটকে রাখতে চান আবেগেরে স্রোত।  

গত কয়েক বছর ধরে নিয়মিতই অবসরের প্রশ্ন শুনতে হয়েছে অ্যান্ডারসনকে। জবাব দিয়েছেন তিনি পারফরম্যান্স দিয়েই। ৪০ পেরিয়েও খেলা চালিয়ে গেছেন দাপটে। তবে গত মে মাসে তিনি জানিয়ে দেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে বিদায় বলে দেবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। 

আগামী বুধবার শুরু হবে টেস্ট ইতিহাসের সফলতম পেসারের বিদায়ী ম্যাচ। ম্যাচের দুই দিন আগে সংবাদ সম্মেলনে নিজের মনের অবস্থা তুলে ধরেন ৪১ বছর বয়সী পেসার। 

“ম্যাচে আমি কেমন অনুভব করব বা ম্যাচটি নিয়ে খুব বেশি না ভাবার চেষ্টা করছি। যতটা সম্ভব মনোযোগ ধরে রাখার চেষ্টাই করছি। এই সপ্তাহে আমার জন্য বড় ব্যাপার হলো ভালো খেলতে চাওয়া, ভালো বোলিং করা ও জয় পাওয়া।”

“আমি নিশ্চিত, সপ্তাহের মাঝে আবেগের পালাবদল হবে। তবে আপাতত মনোযোগ দেওয়ার চেষ্টা করছি যেন কান্না আটকে রাখতে পারি।”

অ্যান্ডারসনের ২১ বছরের টেস্ট ক্যারিয়ার থামছে ১৮৮ টেস্টে। একজন পেস বোলারের জন্য এই সংখ্যাটি একসময় ছিল অভাবনীয়। তাকে বাদ দিলে অন্যদের জন্য এখনও এটা অকল্পনীয়। এই সংস্করণে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকার। তিন নম্বরে থাকা রিকি পন্টিং খেলেছেন অ্যান্ডারসনের ২০টি ম্যাচ কম।

৩৪৮ ইনিংসে বোলিং করে ৭০০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে অনেকদিন ধরেই এক নম্বরে অ্যান্ডারসন। দীর্ঘ দিনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড তার চেয়ে ৯৬ উইকেট পিছিয়ে। সব মিলিয়ে তার সামনে শুধু দুই স্পিনার মুত্তাইয়া মুরালিদারান (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)। 

মুরালিদারানকে সবার ধরাছোঁয়ার বাইরে। তবে শেষ ম্যাচে ওয়ার্নকে ছুঁতে কিংবা টপকেও যেতে পারেন অ্যান্ডারসন। সাম্প্রতিক পারফরম্যান্স থেকেই পেতে পারেন প্রেরণা। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে সবশেষ ম্যাচের প্রথম ইনিংসে তিনি নেন ৩৫ রানে ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞ পেসারের ইনিংসে ৫৫তম ৫ উইকেট ছিল সেটি।

ওই ম্যাচে এমন বোলিংয়ের পর সামনে আসছে ভিন্ন এক আলোচনা। এখনই বিদায় না বলে আগামী অ্যাশেজ পর্যন্ত চালিয়ে নেওয়া যেত কি না, সেই প্রশ্ন রাখা হয় অ্যান্ডারসনের কাছে। উত্তরে ভক্তদের জন্য কোনো আশার কথা শোনাননি তিনি।

“এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সবসময়ই কঠিন। কে জানে, সামনে কী হতে চলেছে। এটি (অ্যাশেজ) ১৮ মাস পরে। অনেক লম্বা সময়। পুরো ক্যারিয়ারে আমি কখনও এত দূরের কিছু চিন্তা করিনি। সবসময় প্রতিটি সিরিজ ধরে ছোট ছোট লক্ষ্য নিয়ে ভেবেছি। এভাবেই ক্যারিয়ার এগিয়েছে।”

“গত সপ্তাহে ৭ উইকেট পাওয়ার কথা বললে, অবশ্যই আমার মনে হচ্ছে, এখনও যে কোনো সময়ের মতোই ভালো বোলিং করছি। জানতাম, একটা জায়গায় থামতেই হবে, সেটা এখন হোক অথবা এক বা দুই বছর পর। এখন ব্যাপারটা হলো, এটি এমন কিছু, যা আমাকে সামলাতে ও মেনে নিতে হবে।”

কিছুটা আবেগঘন হয়ে ওঠা সংবাদ সম্মেলনে মজার খোড়াক হয়ে আসে স্টুয়ার্ট ব্রডের বিদায়ী ম্যাচের প্রসঙ্গ। গত বছরের অ্যাশেজের শেষ টেস্টে ব্যাটিংয়ে মুখোমুখি শেষ বলে ছক্কা মারেন ব্রড। পরে অস্ট্রেলিয়ার শেষ উইকেট নিয়ে জয়ও নিশ্চিত করেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার। 

ব্রডের ছক্কার কথা মনে করানো হলে হাসি দিয়ে তেমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দেন অ্যান্ডারসন।

“আমার মনে হয় না, ব্রডি (স্টুয়ার্ট ব্রড) যা করেছিল, তেমন কিছু আমি করব। আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি ৫টি (আসলে ৩টি) ছক্কা মেরেছি, পুরো ১৮৮ ম্যাচে। তো এই সপ্তাহে ছক্কা মারার ইতিবাচক সম্ভাবনা দেখছি না (হাসি)।”

“তবে আমার ভালো লাগবে যে কোনোভাবে অবদান রাখতে পারলে। সেটা ১ উইকেট নিয়ে হলেও। এই কারণেই আমি এত লম্বা সময় ধরে ক্রিকেট খেলেছি, ম্যাচ অথবা সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে সেই মুহূর্তগুলো উপভোগ করা, লক্ষ্য অর্জনে সবার কঠোর পরিশ্রমের পর বিয়ার ভাগাভাগি করা।”